ঘর সাজাই আপন ঢঙে
রোজার শুরু থেকেই ঘরে ঘরে দেখা দেয় ঈদের আমেজ। চারদিকে উৎসব। নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ততার পাশাপাশি সবার মনে ঘুরপাক খায় ঘর সাজানোর বিষয়টিও। কারণ সবকিছু যে হতে হবে পরিপাটি, সুন্দর। তাই নিজেকে সাজানোর সঙ্গে সঙ্গে চলে ঘরদোর সুন্দর করে সাজানোর পরিকল্পনা। কথায় বলে ‘ঘর দেখে বোঝা যায় মানুষের রুচি’ আর তাই এ সাজগোছের মোক্ষম হাতিয়ার হচ্ছে বিভিন্ন ডিজাইনের বাহারি উপকরণ। কৃত্রিম ফুল-পাতা, কাঠ-মাটি-প্লাস্টিকের পশু-পাখি কী নেই এ উপকরণের মধ্যে। রিয়াজউদ্দিন বাজারের খান শো-পিস বাজারে পাওয়া যাবে না এমন কোনো উপকরণ নেই! যেমন—বিভিন্ন ধরনের ক্রিস্টালের শো-পিস, রেডিয়াম, টেবিলবাতি, টেডি বিয়ার আরও কত কী! দামটাও কিন্তু নাগালের মধ্যে। ক্রিস্টালের শো-পিস ১২০ থেকে পাঁচ হাজার টাকা, রেডিয়াম ৯০০ থেকে তিন হাজার টাকা, ফুলের টব ৯০ থেকে পাঁচ হাজার টাকা, টেবিলবাতি ৩৫০ থেকে সাড়ে চার হাজার টাকা, ছবির ফ্রেম ৬০ থেকে ৭৫০ টাকা, পুতুল ১৬০ থেকে তিন হাজার ৯০ টাকা, দরজার ঘণ্টি ৬০ থেকে ৫৫০ টাকা, প্লাস্টিক বনসাই ৫০ থেকে ৩৫০ টাকা, ফুলের কাঠি ৪৫ থেকে ৩৫০ টাকা। বর্তমানে মানুষের মধ্যে ঘর সাজানোর প্রবণতা বাড়ছে। এ সম্পর্কে আপনার অভিমত কী? জবাবে খান শো-পিচ বাজারের পরিচালক মিসবাহু উদ্দিন খান বলেন, ‘এখন মানুষ আগের চেয়ে অনেক বেশি শৌখিন। আর আমরাও তাঁদের শৌখিনতার ষোলো আনাই পূরণ করার চেষ্টা করি। শো-পিস দেখতে সুন্দর হওয়ায় তা ঘরকে আরও আকর্ষণীয় করে তোলে।’ ক্রেতারা কোন ধরনের শো-পিস কেনার প্রতি আগ্রহী জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণভাবে বেশির ভাগ ক্রেতা ফুলের স্টিক, ক্রিস্টাল শো-পিস, সিনারি টব, টেডি বিয়ার এসব কিনে থাকেন।’সানমার ওশান সিটির আজাদ প্রোডাক্টসের ডেরেন রোডরিগাস বলেন, ‘আমাদের শো-পিসসহ ঘর সাজানোর পণ্যগুলো চীন থেকে আমদানি করে থাকি। ক্রেতারা তাঁদের পছন্দমতো জিনিসটা এখানে খুঁজে পান।’ডিজাইন সম্পর্কে তিনি বলেন, ‘শো-পিসের ডিজাইন বিশেষ করে ফুলের টব, ছবি, বিভিন্ন ধরনের মগ ইত্যাদি ডিজাইন প্রায় প্রতিবছর পরিবর্তন হয়।’ কথা হয় হোসাইন লাইটিংয়ের মো. শাহজাহান সিরাজের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের বিশেষ করে ওয়াল ব্রাকেট বেশি চলে। ওয়াল ব্রাকেট ৩৭৫ থেকে সাড়ে আট হাজার টাকা, ঝাড়বাতি সাড়ে চার হাজার থেকে দুই লাখ ৫৮ হাজার টাকায় বিক্রি হয়।’ যাঁদের নিজস্ব বাড়ি অথবা ফ্ল্যাট আছে তাঁরাই মূলত ঘর সাজানোর দিকে বেশি মনোযোগী হন। স্বাভাবিকভাবে উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্তরাই এসব বেশি কেনেন। তাই মানুষের শৌখিনতা সাবলীলভাবে প্রকাশ করার জন্য বিভিন্ন জায়গায় রয়েছে এ ধরনের শো-পিসের দোকান। যেমন জিইসির মোড়ের হলমার্ক, কেয়ারি ইলিশিয়ামের অর্চিস, ভিআইপি টাওয়ারের ডিসেন্ট লাইটিং অ্যান্ড ফার্নিচার ইত্যাদি।শিল্পী আহমদ নেওয়াজ তাঁর ঘর সাজাবেন ফুল দিয়ে। তাঁর কাছে প্রশ্ন ছিল—‘আপনি একজন শিল্পী। ঘর সাজানোর মধ্য দিয়ে আপনি শিল্পীসত্তার প্রকাশ ঘটাবেন কীভাবে?’ বলেন, ‘আমার ঘর মোটামুটি সাজানো আছে। তবে কিছু জিনিসের জায়গা পরিবর্তন করে নতুন আদলে নিয়ে আসব। আমি এবার ঘর সাজানোর উপকরণ হিসেবে ফুলকে বেছে নিয়েছি।’