ঘর সাজাতে পটারি
দেশীয় আমেজে নান্দনিকভাবে সাজাতে কিংবা ঈদের দিন ঘরকে একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে চাইলে পটারি ব্যবহার করতে পারেন। নানা আকৃতির নানা মাধ্যমের পটারির ব্যবহার আজকাল দেখা যায়। ঘরের একটি নির্দিষ্ট কোণে, সিঁড়ির কোণ, বারান্দা বা টেরাস পটারি দিয়ে সাজানো যেতে পারে। তবে বসার ঘরে সহজেই চোখে পড়ে, এমন জায়গা বেছে নিতে হবে পটারি দিয়ে সাজাতে—বলেন অন্দরসজ্জার প্রধান নির্বাহী কর্মকর্তা রুমানা আফজাল খান। তিনি বলেন, ঘরের আকার বিবেচনা করে পটারির আকার বেছে নিতে হবে। ছোট ঘরে ছোট আকারের, আবার বড় আকারের ঘরে মাঝারি আকারের পটারি রাখতে পারেন। তবে অসামঞ্জস্য যেন না লাগে, সেদিকে নজর দিতে হবে। এর সঙ্গে আনুষঙ্গিক অন্য জিনিসও লাগবে। তাহলে ঘরের কোণ দেখতে আকর্ষণীয় হবে।পটারি ও আলোকসজ্জা একে অপরের সঙ্গে জড়িত। বৈচিত্র্যময় আলোকসজ্জা করলে ঘরে পটারির ব্যবহার অন্য মাত্রা পায়, স্নিগ্ধ ও মনোরম পরিবেশ তৈরি করা যায়। নিচ থেকে বা ওপর থেকে ছোট আলোকসজ্জার ব্যবস্থা করতে পারেন। পাশে ল্যাম্পশেড রাখা যেতে পারে। ছোট ও মাঝারি দু-তিনটি পটারি রাখা যায়। ঘরে সবুজাভ আনতে পটারির পাশে ছোট স্ট্যান্ডে গাছ রাখা যেতে পারে।বসার ঘরটা একটু বড় হলে দুই পাশে নানা উপাদানের পটারি রাখা যেতে পারে। ঘরের জন্য টেরাকোটা, সিরামিকস ও হ্যান্ডপেইন্ট করা পটারি উপযোগী। তবে ঘরের রং হালকা হলে গাঢ় রঙের পটারি ব্যবহার করলে সুন্দর লাগবে। বারান্দায় বা টেরাসে আপনি চাইলে মাটির পটারিতে ছোট ছোট গাছও লাগাতে পারেন। তাহলে পানি দিতে কোনো অসুবিধা হবে না; বাসায় সবুজেরও ছোঁয়া থাকল। বসার ঘরে বড় আকারের পটারিতে ছোট গাছের শাখা, অন্দরসাজের জন্য ব্যবহূত বেত বা রডের লম্বা আকারের স্টিক রাখতে পারেন। পাশে রাখুন আরেকটি ডিম্বাকার পটারি। কোনার একটি টেবিলে নানা ধরনের সুভ্যেনির, শোপিস দিয়ে সাজিয়ে পাশে পটারি রাখলে বাড়তি আর কোনো জিনিস রাখার প্রয়োজন নেই। শোবার ঘরও পটারি দিয়ে সাজাতে পারেন। ছোট আকারের চিত্রকর্ম করা বা এক রঙের পটারি ছোট টেবিল বা কাঠের তাকে শোবার ঘরে রাখা যেতে পারে।এ ছাড়া বাড়িতে ঢোকার প্রবেশমুখেও পটারির ব্যবহার বেশ চলছে। কয়েকটি পটারি প্রবেশমুখের কোনায় কিংবা দুই পাশে রাখলে ভালো দেখাবে। মুখোশ, প্রবেশমুখ সাজানোর সামগ্রী দিয়ে সাজালে অন্য রকম লাগবে। তবে বেশি জিনিস না রাখার চেষ্টা করবেন। অনেকে সিঁড়িতেও পটারি রাখতে চান। প্রতিটি সিঁড়িতে না রেখে দুটি অন্তর রাখা যেতে পারে। টেরাকোটার পটারি রাখলে অন্য আর কিছু রাখার দরকার হয় না।পটারি দীর্ঘদিন টিকিয়ে রাখতে চাইলে এর যত্ন নিতে হবে। ধুলা-ময়লা পড়লে এর সৌন্দর্যহানি হবে। সম্ভব হলে প্রতিদিন একবার করে মুছতে হবে। বেশি ময়লা হলে সেটি স্থায়ী দাগ হয়ে যেতে পারে। ১৫ দিন অন্তর নরম কাপড় হালকা ভিজিয়ে মুছে নিন। টেরাকোটাগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। আসল কথা হলো রুচিসম্মত ও সুন্দরভাবে উপস্থাপন। মাঝেমধ্যে অন্দরসজ্জাটা পরিবর্তন করুন, তাহলে একঘেয়েমি কাটবে।