ঘর সাজানোর আয়োজন
জানি, ঘর সাজাতে পছন্দ করেন আপনি। তাই আসবাব বিপণিতে গেলেই কিছু না কিছু কিনে ফেলেন। কিন্তু ঘরে ফিরে দেখেন পর্যাপ্ত জায়গার অভাব! এত আসবাব রাখবেন কোথায়? এ সমস্যা এখন আর আপনার একার নয়, শহরে বসবাসকারী কমবেশি সবার। আর এর কারণ বোধকরি সবারই জানা। দিন দিন শহরে মানুষ বাড়ছে; তাদের জায়গা দিতেই অ্যাপার্টমেন্টগুলো হয়ে আসছে ছোট। এ সমস্যায় পড়ে যাঁরা হরহামেশা নিজের শখ জলাঞ্জলি দিয়েছেন, তাঁদের জন্য এবার সুখবর এনেছে অটবি। ‘নতুন বছরে অটবি বাজারে এনেছে চার বিভাগের ১১০ রকমের নতুন আসবাব। জায়গা যতই ছোট হোক, হেরিটেজ, রয়াল, কনটেমপোরারি এবং এক্সোটিক—এ চার ধরনের আসবাব দিয়ে আপনার ঘর সুন্দরভাবে সাজানোর দায়িত্ব আমাদের। অটবির নতুন আসবাবগুলো সেভাবেই ডিজাইন করা।’ বলছিলেন অটবির পরিচালক সোহানা নূর। তাঁর কাছ থেকে আরও জানা গেল, ক্রেতাদের পছন্দের ভিন্নতার প্রতি লক্ষ রেখেই তাঁরা এ চার ধরনের আসবাব বাজারে এনেছেন। যে ক্রেতা আসবাবে ঐতিহ্যের ছোঁয়া রাখতে চান, তাঁর জন্য হেরিটেজ প্যাকেজ। এ আসবাবগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে জামদানি, নকশিকাঁথাসহ দেশীয় ঐতিহ্যের নানা অনুষঙ্গ। যাঁরা আসবাবে আভিজাত্য পেতে চান, তাঁদের জন্য রয়াল প্যাকেজ। যাঁরা এক আসবাবকে বহুমাত্রিক কাজে ব্যবহার করতে চান, তাঁদের জন্য কনটেমপোরারি। আর যাঁরা গতানুগতিকতার বাইরে একবারেই আনকোরা ডিজাইন পছন্দ করেন, তাঁদের জন্য এক্সোটিক প্যাকেজ। সোহানা নূর আরও জানালেন, অটবি শুধু ডিজাইনের ক্ষেত্রেই ভিন্নতা আনেনি, রঙের ক্ষেত্রেও এনেছে বৈচিত্র্য। চিরাচরিত কালো আর সেগুন রঙের বাইরেও ভিন্নধর্মী রঙের ব্যবহার করা হয়েছে। আর দুশ্চিন্তা কেন, এবার প্রাণভরে আসবাব কেনায় মন দিন।