ঘর হতে শুধু দুই পা ফেলিয়া...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগের সঙ্গে তাল মিলিয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছেন। শুধু নিজ জেলাতেই নয়, পরিচিত গণ্ডি পেরিয়ে কাজের প্রয়োজনে মেয়েরা ভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করছেন। কেননা কর্মস্থলে তিনি একজন নারী নন, বরং একজন দায়িত্বশীল ও একনিষ্ঠ কর্মী।দুই বছর ধরে রংপুরের একটি উপজেলার হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করছেন নাদিয়া। তিনি বলেন, ‘বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম কর্মস্থল হলো এখানে। ঢাকা থেকে সঙ্গে চলে এল মা। আমার জন্য মায়ের অনেক কষ্ট হচ্ছে। কিন্তু একা কীভাবে থাকব। যেকোনো মেয়ের জন্য বিশেষ করে অবিবাহিত মেয়েদের এভাবে কাজ করতে গেলে সবার আগে প্রয়োজন পরিবারের সমর্থন ও নিরাপত্তার নিশ্চয়তা। এ ছাড়া পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি।’সাইকা শারকিয়া ৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন সওজে (সড়ক ও জনপথ অধিদপ্তর)। কর্মস্থল ঢাকায় হলেও চাকরির প্রয়োজনে তাঁকে প্রায়ই ঢাকার বাইরে কাজ তদারকি করতে যেতে হয়। প্রকল্প স্থানটির দূরত্ব বেশি হলে টানা কয়েক দিন ঢাকার বাইরে অবস্থান করতে হয়। সাইকা শারকিয়া বলেন, ‘একটি মেয়ে যে প্রতিষ্ঠানে চাকরি করে সে প্রতিষ্ঠানটিকে মেয়েদের বিষয়ে দায়িত্বশীল ও সচেতন হতে হবে। পাশাপাশি সহকর্মীদের আচরণটি যদি সুবিবেচক ও সৌহার্দ্যপূর্ণ হয় তাহলে একটি অবিবাহিত মেয়ের পক্ষে চাকরির প্রয়োজনে বাড়ির বাইরে অবস্থান করাটা আর কঠিন হয়ে দাঁড়ায় না।’নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় কাজ করতে গেলে কী কী বিষয় খেয়াল রাখতে হবে, তা নিয়ে পরামর্শ দিয়েছেন নাদিয়া ও সাইকা শারকিয়া।  চাকরির প্রয়োজনে বাইরে কাজ করতে যাওয়ার আগে পরিবারের মা-বাবা বা ভাইবোনকে কাজের ধরন, কাজের ক্ষেত্র সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে। প্রয়োজনে অফিসের সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বাবা-মাকে এ বিষয়ে কথা বলিয়ে দেওয়া যেতে পারে। এতে পরিবার মেয়েটির নিরাপত্তা নিয়ে স্বস্তি বোধ করে। এ ক্ষেত্রে পরিবারের যেমন মেয়েটিকে বুঝতে হবে, তেমনটি মেয়েটিকেও সে বিশ্বাস অর্জন করতে হবে।  কর্মস্থলে মেয়েটির জন্য থাকার বন্দোবস্তটি প্রতিষ্ঠান কর্তৃক ঠিক করে দেওয়া হলে ভালো হয়। যদি সেরূপ ব্যবস্থা না থাকে তবে বলে করিয়ে নেওয়া যেতে পারে।  যে স্থানে যাওয়া হবে আগে থেকে সে জায়গাটি সম্পর্কে খোঁজখবর নিয়ে নিতে পারেন। বিশেষ করে সেখানকার সংস্কৃতি-ভাষাসম্পর্কিত জ্ঞান থাকলে সেখানে গিয়ে সহজে খাপ খাওয়ানো যায়। যেখানে থাকবেন তার আশপাশের মানুষজনের সঙ্গে নিজেই গিয়ে একদিন পরিচিত হয়ে আসুন। এতে অবসরে আপনার গল্প করার সঙ্গী যেমন মিলবে, তেমনি হঠাৎ কোনো সমস্যায় সহায়তাও পাবেন।  কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হলো সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখা। পরিবারের বাইরে কর্মক্ষেত্রে তাঁরাই আপনার পরিবার ও বিপদের বন্ধু। তবে বিশ্বস্ত সহকর্মী নির্বাচনের দায়িত্বটিও আপনার। আমাদের সমাজ কর্মক্ষেত্রে একটি একা মেয়ের জন্য এখনো পুরোপুরি অনুকূলে নয়, তাই সব সময় একলা পথচলায় নিজের চোখ-কান খোলা রাখা ভালো। অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত কোনো সমস্যায় পড়লে শান্তভাবে, ধৈর্য ধরে, বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টি মোকাবিলা করুন এবং পরবর্তী সময়ের জন্য আরও সতর্ক হতে হবে।সর্বোপরি একা পথ চলতে আপনাকে একদিকে যেমন আত্মনির্ভরশীল হতে হবে, তেমনি আত্মবিশ্বাসীও থাকতে হবে।