ঘরটাই গ্যালারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একেক দিন একেক বন্ধুর বাড়িই হয়ে যাচ্ছে গ্যালারি। মডেল: আব্রাহাম, মামুন, আলিশা ও অবনী। ছবি: অধুনা
একেক দিন একেক বন্ধুর বাড়িই হয়ে যাচ্ছে গ্যালারি। মডেল: আব্রাহাম, মামুন, আলিশা ও অবনী। ছবি: অধুনা

আবারও পাল্টে গেছে প্রতিবেশীর ফ্ল্যাটের চেহারা। ভোরবেলা থেকে বিকেল। ক্ষণে ক্ষণেই চিৎকার ভেসে আসছে পাশের ফ্ল্যাট থেকে। একটি বা দুটি নয়, সেখানে কোরাসে গলা মেলাচ্ছে আরও বেশি ছেলেমেয়ে। এই বলছে ‘আউট’ তো এই ‘ছক্কা’। ক্রিকেটাররা ঘুরছেন ক্যানবেরা, মেলবোর্ন বা সিডনিতে। আর দেশে টিভি ঘরে বসে সেই উত্তেজনার পারদ নিজেদের গায়ে লাগাচ্ছেন ভক্তরা। ক্রিকেট বিশ্বকাপ ঘিরেই যে কথা হচ্ছে, সেটা আবার বোঝাতে যাওয়াটা হবে বোকামি। তার চেয়ে উত্তেজনাটা কোথায়, কেমন সেদিকে দৃষ্টি দেওয়াই তো ভালো, তাই না? বিশ্বকাপে নিজের দেশ খেলে বলেই মিরপুরের যমজ সহোদর আসাদুল্লাহ ও কিবরিয়ার প্রিয় খেলা ক্রিকেট। আর তাই বিশ্বকাপ এলেই বাড়ি থেকে নড়তে চান না এক পা। নিজের দেশের খেলা তো আছেই, অন্যদের খেলা দেখেও হিসাব কষতে থাকেন পরের রাউন্ডের। আসাদুল্লাহ বলেন, ‘আমাদের বাড়িতে অন্য বন্ধুদেরও দাওয়াত দিই। বাংলাদেশের খেলা সবাই মিলে দেখি। ২০১১ সালে তো ঘরের মাঠে খেলা হলো, তখন মাঠে গিয়ে দেখেছি। এবার দেখছি টেলিভিশনে। তবে মাঠের চেয়ে উত্তেজনা কোনো অংশে কম হচ্ছে না।’
এদিকে আরেক তরুণ শাহাদাত রানা বলেন, ‘শুরুতেই আফগান বধ, এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি। শ্রীলঙ্কার সঙ্গে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও বিশ্বাস হারাইনি দলের ওপর। সামনে আরও ম্যাচ আছে, তাই আমার প্রত্যাশা ভালো কিছুই হবে। বন্ধুদের নিয়ে বাসায় খেলা দেখব। যেদিন বাংলাদেশের খেলা থাকে, সেদিন দুপুরে খিচুড়ি আর মুরগি রান্না করি বন্ধুরা মিলে।’ এদিকে হরতাল-অবরোধে অনেকে বাড়ির বাইরে যেতে না পারলেও বন্ধুর বাড়িতে খেলা দেখায় মানা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থী মালিহা মনজুর বলেন, বন্ধুরা একসঙ্গে বসে খেলা দেখার মজাই আলাদা। হলে তো একটা রুমে অনেকে বসে খেলা দেখি। খেলার সময় স্টেডিয়ামের চেয়ে আনন্দ কোনো অংশে কম হয় না। ভোরবেলা থেকে টিভি রুমের চিৎকারে ঘুম ভাঙলেও কারও কোনো অভিযোগ নেই। সময়টা দারুণ কাটছে।’
হইহুল্লোড় আর চেঁচামেচিতে কোনো কোনো বাড়ির মালিক আবার বেজায় কড়া। তাই তেজতুরীপাড়ার সারোয়ার, পাভেল ও স্বাধীনরা খেলার কারণে ঠিকানা বদলাচ্ছেন নিয়মিত। আজ এই বন্ধুর বাড়িতে, তো কাল সেই বন্ধুর বাড়ি। তবে খেলা দেখা চাই দল ধরেই। পাভেল জানালেন, একেক দিন একেক বন্ধুর বাড়িকেই আমরা গ্যালারি বানিয়ে নিচ্ছি। মজা করে খেলা দেখতে না পারলে কি চলে? খেলা দেখা ছাড়াও খুনসুটি আর প্রিয় খেলোয়াড়ের স্টাইল নিয়েও চর্চা চলছে। স্বাধীন যেমন চুলের ছাদ বদলে ফেলেছেন সাকিব আল হাসানের স্টাইল ফলো করে। পাভেল আবার চুপচাপ হয়ে পড়েছেন খেলার মোড় কোনদিকে ঘুরবে সেই টেনশনে। হিসাব কষে তাই মেলানোর চেষ্টা করছেন বাংলাদেশের পরের রাউন্ডে ওঠার বিষয়টি। দেশের খেলা তো আছেই, ভক্তরা মেতেছেন ডি ভিলিয়ার্স, মালিঙ্গা, ক্রিস গেইল বা কোহলির খেলা দেখেও।