অনেকেই প্রকাশ্যে মুঠোফোনে চেঁচিয়ে ব্যক্তিগত কথাবার্তা অবলীলায় বলে থাকেন। এটি আশপাশে উপস্থিত লোকজনের বিরক্তির উদ্রেক করে। প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত গবেষণায় বলা হয়, ঘরভর্তি মানুষের কথাবার্তার আওয়াজের তুলনায় অন্যের ফোনালাপ বেশি বিরক্তিকর। রেলস্টেশন বা বাসস্ট্যান্ডের মতো স্থানে কোনো ব্যক্তি তাঁর পাশে উপস্থিত দুই ব্যক্তির সরাসরি আলাপের চেয়ে ফোনালাপেই বেশি আকৃষ্ট হন।যুক্তরাজ্যের সান দিয়াগো বিশ্ববিদ্যালয়ের গবেষক ভিক্টোরিয়া গ্যালভান বলেন, তাঁরা প্রকাশ্য স্থানে পরস্পর অচেনা স্বেচ্ছাসেবীদের ওপর জরিপ চালিয়েছেন। সেখানে বিভিন্ন ধরনের আলাপ শোনার ব্যবস্থা রাখা হয়। এতে দেখা যায়, একপেশে ফোনালাপ মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিরক্তির উদ্রেক করে এবং তাদের মনোযোগ ব্যাহত করে। তবে সেই বিরক্তিকর আলাপের বেশির ভাগ অংশই মানুষের স্মৃতিতে থেকে যায়। সংশ্লিষ্ট অপর গবেষক রোসা ভেসাল বলেন, মানুষ সাধারণত দুজনের আলাপ শুনতে পছন্দ করে। কিন্তু একপেশে আলাপ শুনতে গেলে শ্রোতার মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে চায় না। ফলে তখন বিরক্তির উদ্রেক ঘটে। কারণ, এতে তাঁদের কোনো পরিকল্পনা বা জরুরি ভাবনায় বিঘ্ন ঘটে। তাই এসব স্থানে ফোনালাপ বন্ধ রাখাই ভালো।গবেষকেরা জানান, প্রকাশ্য স্থানে ফোনে আলাপ একজন মানুষের ব্যক্তিত্বকে নেতিবাচকভাবে উপস্থাপন করে। পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ না থাকার কারণে অন্যের ফোনালাপ শুনে মানুষ বিরক্ত হয়। ইচ্ছা হলেও তাঁরা ওই স্থানটি ছেড়ে যেতে পারেন না। ইনডিপেনডেন্ট।