ঘরমুখো লাখো মানুষ
কাউন্টারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাঙ্ক্ষিত টিকিট পাননি কুমিল্লার আবুল হাসনাত। ২৭ আগস্ট মহানগর প্রভাতীতে পরিবার-পরিজন নিয়ে বাড়ি যেতে চেয়েছিলেন। সোমবার টিকিট কাটতে গিয়ে দেখেন বেলা ১১টার আগেই কাউন্টারে আটটি আন্তনগর ও এক্সপ্রেস ট্রেনের প্রায় তিন হাজার ৮০০ টিকিট বিক্রি শেষ। তাই হতাশ হয়ে স্টেশন ত্যাগ করেন তিনি। হাসনাতের মতো আরও ঘরমুখো হাজারো মানুষের এমনই হতাশা। টিকিট না পেয়ে খালি হাতে ফিরছেন। দেশের দক্ষিণ ও উত্তরবঙ্গের বাসের টিকিটও দুই সপ্তাহ আগে আগাম বিক্রি হয়ে গেছে। কিছু টিকিট পাওয়া যাচ্ছে। তবে সেসব দূরপাল্লার বাসের টিকিটের জন্য নির্দিষ্ট ভাড়ার চেয়ে ৭০ থেকে ১০০ শতাংশ বেশি আদায় করা হচ্ছে।পরিবহন মালিক সমিতি ও রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে কদমতলী বাস টার্মিনাল ও অলংকার মোড় থেকে বৃহত্তর নোয়াখালী এবং বৃহত্তর কুমিল্লাসহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উদ্দেশ্যে প্রায় আট লাখ মানুষ শহর ছাড়বে। আরও এক লাখের মতো মানুষ যাবে ট্রেনে। এ ছাড়া কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, দক্ষিণ চট্টগ্রাম, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ বিভিন্ন উপজেলাতেও গ্রামে ঈদ করতে যাবে আরও কয়েক লাখ মানুষ। রেলের কর্মকর্তারা জানান, মহাসড়কের বেহাল অবস্থার কারণে ট্রেনের ওপর চাপ বেড়েছে। বাড়তি এই চাপ সামলাতে প্রতিবছরের মতো এবারও রেল কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা নিয়েছে। ঈদের পাঁচ দিন আগে থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থার পাশাপাশি প্রতিটি ট্রেনে বাড়তি বগি সংযোজন করা হচ্ছে। ঢাকায় যেতে ইচ্ছুক ইলিয়াছ হোসেন নামের এক যাত্রী গত সোমবার চট্টগ্রাম স্টেশনে প্রথম আলোকে বলেন, ‘২৬ আগস্টের টিকিটের জন্য এসে খালি হাতে ফিরতে হয়েছে। তাই আজ (গত সোমবার) আবার এসে টিকিট পেয়েছি। তবে ২৭ আগস্ট ঢাকা যাচ্ছি। এক দিন দেরি হলেও যেতে পারছি, এইটাই সান্ত্বনা।’চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক এ এ সামসুল আলম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, যাত্রার আগমুহূর্তে আন্তনগর ও এক্সপ্রেস ট্রেনের স্ট্যান্ডিং (আসনবিহীন, অর্থা ৎ দাঁড়িয়ে যাওয়া) টিকিট ছাড়া হবে। নির্দিষ্ট কাউন্টার থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে সুবর্ণতে আসনের বাইরে কোনো টিকিট ছাড়া হবে না। রেলওয়ে সূত্র জানায়, বগিসংকটের কারণে রেলের ধারণক্ষমতা বাড়ানো যাচ্ছে না। বিশেষ করে সিলেটগামী পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেসের টিকিটের চাহিদা বেশি। কিন্তু প্রতিদিন গড়ে ওই ট্রেনে মাত্র ১২টি করে বগি লাগানো হয়। যদিও ঈদ উপলক্ষে রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে বগির সংখ্যা বাড়ানো হচ্ছে। রেলের চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘যাত্রার দিন আমরা আসনের বাইরে আরও ৩০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে ছাড়ব। এতে ঘুরমুখো মানুষ কষ্ট করে হলেও বাড়ি যেতে পারবে। আর একই সময়ে ট্রেনগুলোতে অতিরিক্ত বগিও সংযোজন করা হবে। রেল সূত্র জানায়, কাউন্টারগুলো থেকে মাত্র ৬৫ শতাংশ টিকিট যাত্রীদের কাছে বিক্রি করা হয়। ২৫ শতাংশ টিকিট মোবাইল ফোন কোম্পানিগুলোর মাধ্যমে ছাড়া হয়েছে। বাকি ১০ শতাংশের মধ্যে পাঁচ শতাংশ ভিআইপি ও পাঁচ শতাংশ রেলের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে প্রতিদিন সুবর্ণ, মহানগর প্রভাতি, পাহাড়িকা, মহানগর গোধূলি, মেঘনা, উদয়ন, চট্টলা এক্সপ্রেস ও তূর্ণা গন্তব্যের দিকে যায়। ট্রেনগুলোর গন্তব্য হচ্ছে—ঢাকা, সিলেট ও চাঁদপুর। তবে কিছু ট্রেন ফেনী, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব এবং সিলেট রুটের জেলা শহরগুলোতে যাত্রাবিরতি করে। বৃহত্তর বরিশাল ও আশপাশের জেলার মানুষ চাঁদপুর হয়ে লঞ্চযোগে গন্তব্যে পৌঁছায়। এ কারণে ঈদের চার-পাঁচ দিন আগে মেঘনা এক্সপ্রেসে যাত্রী পরিবহন অস্বাভাবিক বেড়ে যায়। ঈদে ওই ট্রেনে বগির সংখ্যাও বাড়ানো হয়। এদিকে দূরপাল্লার বাসগুলোর বেশির ভাগ টিকিট সপ্তাহ দুয়েক আগে বিক্রি শেষ হয়েছে। তবে বাড়তি টাকা দিলে বিশেষ ব্যবস্থায় টিকিট সংগ্রহ করে দেন পরিবহন কাউন্টারের কর্মীরা। কদমতলি টার্মিনাল থেকে বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লাগামী যাত্রীরা বাসে ওঠে। চট্টগ্রাম শহরের বেশির ভাগ যাত্রী এই টার্মিনাল দিয়ে গন্তব্যে যাত্রা করে বলে জানা গেছে। কারণ নগরের একটি বৃহ ৎ জনগোষ্ঠী বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লার বাসিন্দা। এদের বেশির ভাগ মধ্যবিত্ত ও স্বল্প আয়ের। এই টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর ভাড়া সহনীয় পর্যায়ে আছে। তবে ঈদে বাসগুলো একমুখী থেকে যাত্রী পরিবহন করে। ফেরার সময় কোনো যাত্রী পাওয়া যায় না। তাই ভাড়া দুই থেকে আড়াই গুণ বাড়িয়ে দেন পরিবহন শ্রমিকেরা।