ঘরহারা মানুষ খোলা আকাশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালীর দক্ষিণ মগডেইল এলাকার বাসিন্দা দিনমুজুর শের উল্লা​হর মাটির ঘরটি ধসে পড়েছে। পরিবার নিয়ে খোলা আকাশের নিচেই এখন দিন কাটছে তঁার। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম ​আলো
মহেশখালীর দক্ষিণ মগডেইল এলাকার বাসিন্দা দিনমুজুর শের উল্লা​হর মাটির ঘরটি ধসে পড়েছে। পরিবার নিয়ে খোলা আকাশের নিচেই এখন দিন কাটছে তঁার। ছবিটি গত সোমবার দুপুরে তোলা l প্রথম ​আলো

দিনমজুর শের উল্লাহ। মহেশখালীর মাতারবাড়ীর দক্ষিণ মগডেইল এলাকায় তাঁর বাড়ি। বছর খানেক আগে অনেক কষ্টে মাটির একটি ঘর তৈরি করেন। ছয় সদস্যের পরিবার নিয়ে কোনো রকম কেটে যাচ্ছিল দিন। কিন্তু বন্যা তাঁকে পথে বসিয়ে দিল। মাটির সঙ্গে মিশে গেছে কষ্টের টাকায় বানানো ঘর। এখন আছে শুধু চালা। তাঁর দিন কাটছে খোলা আকাশের নিচে। খাবার জুটছে মাত্র একবেলা। তা–ও আত্মীয়স্বজনদের দেওয়া।
গত সোমবার দুপুরে দক্ষিণ মগডেইল এলাকায় গেলে কথা হয় শের উল্লাহের সঙ্গে। ক্ষোভের সঙ্গে বলেন, প্রাশসনের পক্ষ থেকে এক কেজি চালও দেওয়া হয়নি। তাঁর পাশে থাকা স্ত্রী আনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা এখন কোথায় থাকব। ঘর করার মতো সামর্থ্য নেই।’
শের উল্লাহের পাশের ঘর আরেক দিনমজুর আবু বক্করের। তাঁরও একই অবস্থা। তিনি বলেন, ‘আমরা সরকার থেকে কোনো ত্রাণ চাই না। চাই বে‌েঁচ থাকার জন্য টেকসই বেড়িবাঁধ। আর জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ নির্মাণ না করলে এখানকার অন্তত দুই হাজার পরিবার পানিতে ভাসবে।’
সাইরার ডেইল এলাকায় গেলে কথা হয় গৃহবধূ সাহিদা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘নতুন করে ঘর তৈরি করার সামর্থ্য নেই। বেড়িবাঁধের ওপরে পলিথিন দিয়ে কোনো রকমে থাকছি।’
ফুলজানমোরা, পূর্ব মাইজপাড়া ও দক্ষিণ রাজঘাটেও গৃহহারা লোকজনকে খোলা আকাশের নিচে বসবাস করতে দেখা গেছে।
স্থানীয় মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনকে পুনর্বাসন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদন করা হয়েছে। জলোচ্ছ্বাসে প্রায় এক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ৩০০ ঘর একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, মাতারবাড়ীতে ১৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, আপাতত তিন হাজার টাকা করে ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৬০ হাজার টাকা বিতরণ করা হবে। গৃহহারা অন্য পরিবারগুলোকে পুনর্বাসন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ইউএনও জানান, জোয়ারের কবলে পড়ে অন্তত এক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই জরুরি ভিত্তিতে ভাঙা বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বরাদ্দ চাওয়া হয়েছে।
এদিকে লোকালয় থেকে পানি কমতে শুরু করেছে। এতে পানি কমলেও গ্রামীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনগণের ভোগান্তি বাড়ছে। আর এলাকায় বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ডায়রিয়া, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে দুর্গত এলাকার মানুষ। ফলে গত মঙ্গলবার থেকে গণস্বাস্থ্যকেন্দ্রের ছয় সদস্যের একটি চিকিৎসক দল দুর্গত এলাকার মানুষকে চিকিৎসাসেবাসহ বিনা মূল্যে ওষুধপত্র বিতরণ করছে।
চিকিৎসক দলের সদস্য শরীফ মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া বলেন, গত মঙ্গলবার দুর্গত এলাকার ১৩৮ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।