ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের নির্বাচন নিয়ে আচরণবিধি লঙ্ঘন, টাকা দিয়ে ভোট কেনা, ভোটকেন্দ্র দখল ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠলেও প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ব্যতিক্রম। এখানে নেই কোনো সংঘাত, হানাহানি। নেই পথসভা-সমাবেশ। প্রার্থীরা দুই হাজার ৪২৩ জন ভোটারের ঘরে ঘরে পায়ে হেঁটে যাচ্ছেন। আগামী ২ এপ্রিল এ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন। এঁরা হলেন—বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমদ খান (দেয়ালঘড়ি), সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা নুরুল আমিন (জাহাজ), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর আহমদ (তালা), সাধারণ সম্পাদক মুজিবুর রহমান (চশমা) ও রিকশাভ্যানচালক সমিতির সভাপতি নজির আহমদ (আনারস)। দ্বীপের দক্ষিণপাড়ার ভোটার সৈয়দ আমিন ও এনাম উল্লাহ জানান, ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে এ দ্বীপে কোনো চেয়ারম্যানের দ্বিতীয়বার জয়লাভের নজির নেই। দ্বীপের উন্নয়নে ভোটাররা বারবার চেয়ারম্যান বদল করলেও ভোটারদের ভাগ্যের কোনো বদল হয় না। সূত্র জানায়, সেন্ট মার্টিন দ্বীপটি ছিল টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ড। এরশাদের শাসনামলে দ্বীপটিকে ইউনিয়নে উন্নীত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দ্বীপের কয়েকজন ভোটার জানান, এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুর আহমদের সঙ্গে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল আমিনের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এ দুই প্রার্থীর যেকোনো একজন চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন। আওয়ামী লীগ সমর্থিত আরেক প্রার্থী মুজিবুর রহমান মাঠে না থাকলে এ ক্ষেত্রে নুর আহমদের জয়লাভের সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি। অবশ্য এ তিন চেয়ারম্যান প্রার্থী জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী। চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন জানান, ‘১৯৯১ থেকে ৯৭ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে আমি সেন্ট মার্টিন দ্বীপের যা উন্নয়ন করেছি, এখন পর্যন্ত অন্য কারও পক্ষে তা সম্ভব হয়নি। তাই ভোটাররা পুনরায় আমার পক্ষে রায় দেবেন।’ চেয়ারম্যান প্রার্থী নুর আহমদ জানান, ‘এ ইউনিয়ন পরিষদে টানা ১৩ বছর সদস্য (মেম্বার) নির্বাচিত হয়ে জনগণের সেবা করে আসছি। বিশেষ করে দ্বীপের মৌলিক অধিকার নিয়ে আমি সর্বদা সোচ্চার ছিলাম। এসব কথা মনে করে এবার ভোটাররা আমার পক্ষে রায় দেবেন।’ চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান জানান, সাধারণ ভোটাররা তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিয়ে নিরাপদে থাকতে চান। সাগরের করালগ্রাস থেকে দ্বীপটিকে রক্ষা, সাগরে নিরাপদে মাছ আহরণ, পরিবেশবান্ধব ঘরবাড়ি তৈরির সুযোগ ও ইকোট্যুরিজমভিত্তিক সেন্ট মার্টিনকে পর্যটনের রম্যভূমি হিসেবে দেখতে চান। বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানান, তাঁর আট বছরের শাসনামলে দ্বীপের যথেষ্ট উন্নয়ন হয়েছে। যোগাযোগব্যবস্থার উন্নয়ন হওয়ায় এখন দৈনিক সর্বোচ্চ ১৫ হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করছেন। এতে দ্বীপের শতশত মানুষ আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন। এক প্রশ্নের জবাবে ফিরোজ আহমদ খান জানান, নির্বাচন থেকে সরে দাঁড়ালে অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেব না। ভোটাররা নিজেদের মতো করে চেয়ারম্যান নির্বাচিত করতে পারবেন। সরেজমিনে দেখা গেছে, এ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছাড়াও তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে নয়জন ও নয়টি সাধারণ ওয়ার্ডে ৩৬ পুরুষ প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যা অতীতের কোনো নির্বাচনে দেখা যায়নি। গত নির্বাচনেও প্রার্থীসংকটের কারণে একাধিক সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে কয়েকজন নারী ও পুরুষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন। এবার প্রতিটি ওয়ার্ডে একাধিক প্রার্থী মাঠে নেমেছেন।