ঘরে ঘরে ঠান্ডাজনিত রোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তবে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতাল ছাড়াও বিভিন্ন চিকিৎসকের চেম্বারে রোগীরা ভিড় করছেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে ২৫০ শয্যা রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকই হচ্ছে শ্বাসকষ্টজনিত রোগ, নিউমোনিয়া, ব্রঙ্কিউলাইটিস, ভাইরাসজনিত জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী। প্রতিদিন যেসব রোগী ভর্তি হয়, তার বেশির ভাগই ঠান্ডাজনিত রোগের বলে জানা গেছে। এ প্রসঙ্গে হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম খান বলেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার। চেম্বারেও এই ধরনের রোগী এখন বেশি। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশুস্বাস্থ্য ওয়ার্ডে নিউমোনিয়া কিংবা শ্বাসকষ্টজনিত রোগী তেমন বেশি নেই। এখানে প্রতিদিন ভর্তি হওয়া রোগীর মধ্যে ৩০ শতাংশ এসব রোগের। গত শুক্রবার এখানে মোট ১৮ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে মাত্র ছয়জন নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের।হাসপাতালের শিশুস্বাস্থ্য ওয়ার্ডের সহকারী অধ্যাপক বাসনা মুহুরী বলেন, ‘আমাদের এখানে তেমন নিউমোনিয়া কিংবা শ্বাসকষ্টের রোগী নেই। তবে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ঘরে বসে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনেকে চিকিৎসা নিচ্ছে। বেশি সিরিয়াস না হলে হাসপাতালে আসে না।’ হাসপাতাল ছাড়াও বিভিন্ন ক্লিনিক ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর ভিড় রয়েছে বলে জানা গেছে।এদিকে, গত এক সপ্তাহের তীব্র শীতের পর এখন তাপমাত্রা বাড়লেও জানুয়ারিতে প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারিতে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।