ঘরে ঘরে দোয়া প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো প্রতীক বরাদ্দ হয়নি। নির্বাচনী আচরণবিধির কারণে সতর্ক প্রার্থীরা। তবু থেমে নেই প্রচার-প্রচারণা। ২৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধতা পেয়ে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাইছেন। বিভিন্ন স্থানে চলছে দলীয় সভা ও ভোটারদের সঙ্গে মতবিনিময়। পরশুরাম পৌরসভার দ্বিতীয় নির্বাচন এটি। ভোটারদের মধ্যেও তাই বিপুল উৎসাহ-উদ্দীপনা। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা নিজেদের যোগ্যতা তুলে ধরতে ব্যস্ত।মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন মাত্র দুজন। বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সাজেল চৌধুরীর মধ্যে হবে নির্বাচনী লড়াই। দুই মেয়র পদপ্রার্থী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।পৌরসভার মেয়র পদে দুজন, কাউন্সিলর পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়ন বাছাইয়ে বৈধতা পেয়েছেন।বিএনপির মনোনয়ন পাওয়া মেয়র পদপ্রার্থী আবু তালেব জানান, নির্বাচিত হলে পৌরসভার অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করবেন তিনি।পরশুরাম নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জানান, ‘পৌরসভার দীর্ঘ নয় বছর অতিবাহিত হয়েছে। এখনো দুই-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎসংযোগ নেই। বাস টার্মিনাল, ড্রেনেজ ব্যবস্থা, বিনোদন পার্ক ও গণশৌচাগার ছাড়াই চলছে এই পৌরসভা। নির্বাচিত মেয়রকে এসব নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।’ আওয়ামী লীগের একক প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সাজেল চৌধুরী বলেন, ‘পৌরসভায় উন্নয়ন কর্মকাণ্ড থেমে আছে। নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন ও পৌর এলাকায় বিদ্যুৎসংযোগ বাড়ানো হবে। এ ছাড়া পৌরসভাকে মাদকমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।’এদিকে দলের একক প্রার্থী সাজেল চৌধুরীকে বিজয়ী করতে ২৫ ডিসেম্বর শনিবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। সভায় সাজেল চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর পদপ্রার্থীরাও। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জান্নাতুল ফেরদাউস জানান, তিনি প্রতিদিন গড়ে ১৫-২০টি বাড়িতে গিয়ে ভোটাদের সঙ্গে কুশল বিনিময় করছেন, ভোট চাইছেন।