
অফিস কিংবা ক্লাসে যাওয়ার তাড়ায় দিনের শুরুটা হয় সময় দেখে। প্রযুক্তির এই যুগে হয়তো সময় দেখা সহজ করেছে মুঠোফোন। তবে দেয়ালে ঝুলিয়ে রাখা ঘড়ির আবেদন এখনো কমেনি। নাশতার টেবিলে বসে এখনো চোখটা কিন্তু দেয়ালে টাঙানো ঘড়ির দিকেই যায়। ঘুম থেকে জেগে বালিশের পাশে মুঠোফোন চেপে সময় দেখার আগে চোখ যায় টেবিলে থাকা ঘড়িতেই। নিউমার্কেটের ঘড়ির দোকানি পিয়াল মাহমুদ বলেন, ‘ঘরের সৌন্দর্যে দেয়ালঘড়ি দারুণ এক উপকরণ। বেডরুমের টেবিলেও ঘড়ি রাখেন অনেকে। অন্দরসজ্জাকারী প্রতিষ্ঠানের চাহিদামতো এখন নানা ধরনের অ্যান্টিক ঘড়িও রাখা হয় দোকানে। ব্যাটারিচালিত ঘড়ির বাইরে এখন রিচার্জেবল ঘড়িও পাওয়া যায়। দোকান কিংবা অফিসে ব্যবহারের জন্য ডিজিটাল ঘড়ির চাহিদা বেড়েছে।’

দেয়ালঘড়ি কিংবা টেবিলঘড়ি যেটাই হোক, কোন ঘরে টাঙানো হচ্ছে তার ওপর নির্ভর করেই কেনা উচিত। দেয়ালঘড়িকে যদি একটু ভিন্নভাবে উপস্থাপন করা যায় তাহলে খুব সহজেই ঘরে দৃষ্টিনন্দন আবহ তৈরি হবে। তবে এ ক্ষেত্রে ঘরের পরিবেশকে প্রাধান্য দেওয়াটা বেশ জরুরি। ঘড়িটা দেয়ালে ঝোলানোর আগে মনে রাখতে হবে, এটি কোন ঘরের জন্য লাগানো হচ্ছে। ঘরের ঘড়ির সঙ্গে সেই ঘরে থাকা মানুষের বয়সের সূক্ষ্ম একটি সম্পর্ক থাকে বলে মনে করেন অন্দরসজ্জাবিদেরা। শোয়ার ঘরে বেশি দামি ঘড়ি রাখার বদলে একটু সাদামাটা ঘড়ি বেছে নিতে পারেন। ঘরের গুরুত্ব বিবেচনা করলে বসার ঘরটি বিশেষভাবে মাথায় রাখা দরকার। অতিথির সামনে আপনার রুচি আর পছন্দের জানান দিতে এখানে ঘরের পরিবেশের সঙ্গে মানানসই একটি ঘড়ি ঝুলিয়ে দিন।
সাদামাটা দেয়ালঘড়ি, প্রজাপতি নকশার, অ্যাথলেট ঘড়ি, বোতল থেকে বেরিয়ে আসা দৈত্য বা ফ্ল্যামেঙ্কো ড্যান্সার আপনার দেয়ালে ঝুলে থাকে ঘরের শোভা বাড়াবে। অ্যান্টিক ফিনিশ স্টেশন দেয়ালঘড়ি ভালো মানাবে বসার ঘরে। বাচ্চাদের ঘরকেও বিবেচনায় নিন ঘড়ি ঝোলানোর আগে। শিশুর পছন্দমতো ঘড়িই এই ঘরে রাখা উচিত। ছোট ছোট স্মাইলি ফেস বা পড়ার টেবিলের ডেস্কে রাখতে পারেন ওয়েট-লিফটার টেবিলঘড়ি। বসার ঘরের জন্য ঘণ্টা ঝোলানো পেন্ডুলাম ঘড়ি বেছে নিতে পারেন। তবে শোয়ার ঘরের জন্য ট্রান্সপারেন্ট প্লাস্টিক কিংবা বিভিন্ন কাঠের ফ্রেমে খোদাই করা ঘড়ি বেশি মানানসই।

গোলাকার, চারকোনা, ত্রিভুজ, সূর্যাকৃতি, ঢেউয়ের বাঁকানো নানা আকারের ঘড়ি পাওয়া যাবে বাজারে। বিভিন্ন ঘড়ির দোকান ঘুরে দেখা গেল, ঘরের দেয়ালের জন্য মেটালের ঘড়ি বেশি বিক্রি হয়। তা ছাড়া এই সময়ে ডিজিটাল দেয়ালঘড়ির বিক্রিও লক্ষণীয়। তবে মোগল আমলের ডিজাইন, জাহাজের নোঙর-শিকল, ত্রিভুজ, খাঁজকাটা নকশার ঘড়ির চাহিদাও ভালো।
অন্দরসজ্জা প্রতিষ্ঠান অ্যাসথেটিকস ইন্টেরিয়রের স্বত্বাধিকারী সাবিহা কুমু জানালেন, অনেকে বংশপরম্পরায় পাওয়া দেয়ালঘড়ি সংগ্রহ করে রাখেন৷ কেউ আবার অ্যান্টিক ঘড়ি কিনে নিয়ে আসেন৷ এই ধরনের ঘড়িগুলো বসার ঘরের একটি দেয়ালে বা একটি কোনায় রেখে দিতে পারেন৷ শো পিস হিসেবেও ঘড়ি রাখা যায় তাকের মধ্যে বা দেয়ালে। যাঁরা লোকজ জিনিস দিয়ে ঘর সাজাতে চান তাঁদের ঘরে বাঁশ, বেত বা টেরাকোটায় তৈরি ঘড়ি ঘরের শোভা বাড়াতে সাহায্য করবে৷ ঘরের দরজায়ও ঘড়ি লাগানো যেতে পারে৷
বায়তুল মোকাররম মার্কেটের একটি ঘড়ির দোকানের স্বত্বাধিকারী আরিফুর রহমান বলেন, ‘বর্তমানে অ্যান্টিক ফিনিশ স্টেশন ওয়াল ক্লক যেমন চলছে। ঠিক একইভাবে ফ্ল্যামেঙ্কো ড্যান্সার এর চাহিদাও খুব একটা খারাপ না। অ্যাথলেট ঘড়ির চল একটু কম হলেও কিছুসংখ্যক নিয়মিত ক্রেতার জন্য সেটা রাখা লাগে।’
ক্রেতার চাহিদা, রুচি এবং দামের ওপর নির্ভর করে প্রায় সব রকম ঘড়ি তিনি রেখেছেন তাঁর এই ঘড়ির দোকানে।
দরদাম
ঘড়ির নকশা, উপাদান ও আকারের ওপর নির্ভর করে এর দাম। সাধারণ দেয়াল বা টেবিলঘড়ি তো ১৫০ থেকে ৪০০ টাকার মধ্যেই কিনতে পারেন। তবে স্মাইলি নকশা বা ওয়েট-লিফটার টেবিলঘড়ির দাম পড়বে ৫০০ থেকে ৮০০ টাকা। ভালো মানের দেয়ালঘড়ি কিনতে চাইলে আপনাকে ২ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত গুনতে হবে। তবে ব্র্যান্ডের ঘড়ি হলে দামটা আরও বাড়বে। সাধারণত ৪ থেকে শুরু করে ১৫ হাজার টাকায় কেনা যাবে ব্র্যান্ডের ঘড়ি। কাঠ বা দেশীয় উপাদানে তৈরি দেয়ালঘড়ির দাম পড়বে ৩০০ থেকে ১৫০০ টাকা।
যেখানে কিনতে পাবেন
দেয়াল বা টেবিলের ঘড়ি কিনতে যেতে পারেন পুরান ঢাকার পাটুয়াটুলী, নিউ মার্কেট, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, এলিফ্যান্ট রোড, গুলশান ডিসিসি মার্কেট, পল্টন, মতিঝিল, স্টেডিয়াম মার্কেট, গুলিস্তান, মিরপুর ১০ নম্বর গোলচত্বরের আশপাশের দোকানে। বসুন্ধরা সিটি, সীমান্ত স্কয়ার কিংবা উত্তরার নর্থ টাওয়ারের ঘড়ির শোরুমে পাবেন নানা ধরনের ঘড়ি।