ঘরে তৈরি নাড়ু-মোয়া
সংগীতশিল্পী চন্দনা মজুমদারের রান্নার খ্যাতি আছে বেশ। রান্না করাটা দারুন উপভোগ করেন। ‘পুজায় মিষ্টিজাতীয় খাবার বেশি রান্না করে থাকি। বিশেষ করে পায়েস, ঘরে বানানো মিষ্টি, নারকেলের নাড়ু, চিঁড়ার নাড়ু, মুড়ি, চিড়া, মোয়া ইত্যাদি তৈরি করি। অন্য সময়ের চেয়ে পুজোর সময় এই রান্নাগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। পুজোর সময় সব কাজের আগে পুজোর এই উপকরণগুলো তৈরি করে থাকি।’ জানালেন তিনি। নকশার পাঠকদের জন্য দিয়েছেন নাড়ু, মোয়া, মুড়কিসহ কয়েকটি খাবার তৈরির প্রণালি। এবার লক্ষ্মী পূজাতেও তাঁর হাতে এসব তৈরি হবে।পূজার স্মৃতি নিয়ে তিনি বলেন, ‘বিয়ের আগে আমার বাবার বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে পুজো করতাম। বিয়ের পরও কুষ্টিয়ায় পুজা করা হতো। কিন্তু দুই বছর আগে মা মারা যাওয়ার পর থেকে এখন আর গ্রামে গিয়ে পুজো করা হয় না। ফরিদপুরের মধুখালীতে আমার এক কাকা থাকেন। আগে ওই কাকার কাছে পুজার সময় সবাই মিলে চলে যেতাম। এখন পুজার সময় বিভিন্ন মণ্ডপে গানের অনুষ্ঠান থাকে। আমার স্বামী কিরণ চন্দ্র রায় আর আমি একসঙ্গে বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠানও করে থাকি। তখন একসঙ্গে পূজাও দেখে থাকি। আমার বাসার পাশেই ঢাকেশ্বরী মন্দির। সেখানেও যাওয়া হয়।’নারকেলের নশকরা উপকরণ: নারকেল কোরানো ৩/৪ কাপ, চিনি দেড় কাপ, এলাচ গুঁড়া, সামান্য কর্পূর, দুধ ১ কাপ।প্রণালি: কোরানো নারকেল চিনি ও দুধ দিয়ে ভালভাবে মেখে চুলায় জ্বাল দিতে হবে। খুব ভালোভাবে কষাতে হবে। আঠালো হয়ে যাওয়া পর্যন্ত জ্বাল দিতে হবে। লক্ষ করতে হবে নারকেলে আঁশ ধরেছে কি না। আঁশ ধরলে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া, কর্পূর দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এরপর নামিয়ে মুঠো করে পরিবেশন।সুজির সন্দেশ উপকরণ: সুজি এক কাপ, এক কাপ নারকেল কোরানো, চিনি এক কাপ, ৩/৪ কাপ দুধ, কিশমিশ, লবণ পরিমাণমতো।প্রণালি: সুজি ভেজে নিতে হবে। নারকেল কোরা মিহি করে বেটে নিতে হবে। নারকেল বাটার সঙ্গে সুজি, চিনি ও দুধ একসঙ্গে মিশিয়ে কড়াইয়ে ভালোভাবে নাড়তে হবে। এরপর ২/৩ কাপ ঘি এর মধ্যে ঢেলে দিতে হবে। সবকিছু ভালোভাবে মিশে গেলে আঁশ হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। বিভিন্ন আকারে সুজির সন্দেশ বানাতে হবে।খইয়ের মুড়কিউপকরণ: খই ৫০০ গ্রাম, গুড় ৩০০ গ্রাম।প্রণালি: গুড় কড়াইয়ের মধ্যে জ্বাল দিতে হবে। গুড়ে আঁশ হয়ে গেলে খইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। আঠালো হয়ে এলে নামিয়ে পরিবেশন। খই নির্দিষ্ট একটি বড় পাত্রে রাখলে খইয়ের মুড়কি বানাতে অনেক সুবিধা হয়।চিঁড়ার মোয়াউপকরণ: ৫০০ গ্রাম চিঁড়া, ২০০ গ্রাম গুড়, গোলমরিচের গুঁড়া পরিমাণমতো। প্রণালি: চিঁড়া ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর কাঠের খোলায় চিঁড়া ভেজে নিতে হবে। চিঁড়া লাল লাল হয়ে গেলে এতে গুড় ঢেলে দিতে হবে। একসঙ্গে গুড় ও চিঁড়া কষাতে হবে। কষানোর সময় কাঠি বা কোনো কিছু দিয়ে সারাক্ষণ নাড়তে হবে। যেন গুড় ও চিঁড়া লেগে না যায়। আঠালো হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে গোলমরিচের গুঁড়া দিতে হবে। গরম থাকতে থাকতে মোয়া বানিয়ে ফেলতে হবে। চিঁড়া ঠান্ডা হয়ে গেলে মোয়া তৈরি করা যায় না। তাই গরম থাকা অবস্থায়ই তৈরি করে ফেলতে হবে।নারকেলের নাড়ুউপকরণ: নারকেল কোরানো ৪/৫ কাপ, ২৫০ গ্রাম গুড়। প্রণালি: গুড় ও কোরানো নারকেল একসঙ্গে করে জ্বাল দিতে হবে। জ্বাল দেওয়ার সময় লক্ষ রাখতে হবে যখন আঁশ হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে। এরপর নাড়ু বানাতে হবে।মুড়ির মোয়াউপকরণ: মুড়ি ৫০০ গ্রাম, গুড় ২৫০ গ্রাম, লবণ পরিমাণমতো। প্রণালি: গুড় কড়াইয়ে জ্বাল দিতে হবে। গুড়ে আঁশ হয়ে গেলে মুড়ির মধ্যে ঢেলে দিতে হবে। তারপর বিভিন্ন আকার অনুযায়ী মোয়া তৈরি করতে হবে। গুড় আঠালো থাকা অবস্থায় মোয়া বানিয়ে ফেলতে হবে।