ঘরে নতুন ধান, চলছে খানাপিনা ও নাচ-গানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজেক ইউনিয়নের ঢেবাছড়ি এলাকায় পাহাড়ি নারী–পুরুষ জুমের পাকা ধান কাটতে ব্যস্ত। ফলন ভালো হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো
সাজেক ইউনিয়নের ঢেবাছড়ি এলাকায় পাহাড়ি নারী–পুরুষ জুমের পাকা ধান কাটতে ব্যস্ত। ফলন ভালো হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে জুমের ধান পাকতে শুরু হয়েছে। পাকা ধান কাটতেও শুরু করেছেন জুমচাষিরা। নতুন ধান ঘরে ওঠায় উৎসবের আমেজ চারদিকে। জুমচাষিদের ঘরে ঘরে চলছে খানাপিনার আয়োজন ও নাচ-গানের আসর। সম্প্রতি উপজেলার পাহাড়ি এলাকায় ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে।

বাঘাইছড়ির সাজেক এলাকার জুমচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে জুমের জঙ্গল কাটা হয়। মে-জুন মাসে সেগুলো পুড়িয়ে ছাই বানানো হয়। এরপর সামান্য বৃষ্টি হলে ধানের পাশাপাশি বিভিন্ন ধরনের শস্য ও সবজির বীজ বপন করা হয়। দুই থেকে তিন মাস পর আগাছা পরিষ্কার করা হয়। আগস্ট মাসের শেষে ও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জুমের ধান কাটা শুরু হয়। নভেম্বর মাস পর্যন্ত চলে ধান কাটার উৎসব। এরপর তিল, তুলা, নানা ধরনের আলু, কচু, হলুদ, মারফা, বেগুন, সুগন্ধি সাবারাং পাতা ও ইয়রেং শাক ঘরে তোলেন।

বাঘাইছড়ি কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে এখন জুমখেত থেকে ধান তোলার মৌসুম। এরপর শুরু হবে তিল, আদা, হলুদ, কচু, তুলাসহ নানা শাকসবজি তোলার কাজ। অবশ্য এক মাস আগে থেকে মরিচ, বেগুন, মারফা (এক ধরনের শসা), চিনালসহ জুমের নানা ধরনের শাকসবজি তোলা শুরু হয়েছে। এ বছর উপজেলায় ১ হাজার ৬০৫ একর জমিতে জুমচাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ হাজার ৩০৮ মেট্রিক টন।

সাজেক ইউনিয়নের ঢেবাছড়ি গ্রামের খগেন্দ্র ত্রিপুরা, অরুণ লাল ত্রিপুরা ও বাঘাইছড়ি ইউনিয়নের নবছড়া গ্রামের বিনয় চন্দ্র চাকমা (৭৫) বলেন, আশির দশকের চেয়ে জুমে এখন ফসলের উৎপাদন অনেক কমে গেছে। নানা প্রতিকূলতার মধ্যে পাহাড়িদের ঐতিহ্যবাহী জুমচাষ কোনো রকমে টিকে আছে। আশির দশকে তিন একর পাহাড়ে জুমচাষ করলে সারা বছরের খাদ্য জুটত। এখন পাঁচ একর পাহাড়ে জুমচাষ করলেও ছয় মাসের খাদ্য পাওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে হাজার হাজার জুমচাষি খাদ্য সংকটে পড়বে।

সাজেকের ঢেবাছড়ি গ্রামের কুঞ্জবালা ত্রিপুরা ও আপে কুমার ত্রিপুরা বলেন, ‘আমাদের গ্রামের ৩০ পরিবার জুমচাষ করেছে। প্রতিটি পরিবার পাঁচ একর থেকে সাত একর জমিতে জুমচাষ করেছে। এর মধ্যে ১২ পরিবারে জুমখেতের ধান পেকেছে। ওই সব পরিবার জুমের ধান কাটাও শুরু করেছে। মুরগি বা ছাগল বলি দিয়ে জুমে ধান কাটা শুরু করা হয়। যে কয়েক দিন ধান কাটা হবে, সে কয়েক দিন চলবে খানাপিনা ও নাচ-গানের আয়োজন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরা বলেন, ‘পাহাড়ের জুমে ধান কাটা শুরু হয়েছে। আগস্ট মাসের শেষের দিকে জুমের ধান কাটা শুরু হয়। এ বছর জুমের ধান ভালো হয়েছে। আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, তা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।’