ঘরে ফেরায়ও ঝামেলা
প্রাণের টানে যাঁরা ঈদে বাড়ি ফিরবেন তাঁদের বিড়ম্বনা এখন চরমে। রংপুর, ঠাকুরগাঁওসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসের টিকিট বিক্রি শেষ হয়েছে ঈদের দুসপ্তাহ আগে। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীমুখী রুটের বাসের টিকিট বিক্রি হচ্ছে চড়াদামে। এ অবস্থায় চাপ পড়ছে ট্রেনের ওপর। অগ্রিম টিকিট কিনতে গিয়ে সেখানেও নানা বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা। গত মঙ্গলবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সেখানে টিকিটের জন্য চলছে যাত্রীদের প্রাণান্তকর চেষ্টা।গত সোমবার বিআরটিসি বাসস্ট্যান্ডে দেখা যায়, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া, নওগাঁ, ঝিনাইদহসহ উত্তরবঙ্গের বিভিন্ন কাউন্টারে লোকজন নেই বললেই চলে। যে কয়েকজনকে পাওয়া গেছে তাঁরা টিকিট না পাওয়ার হতাশা ব্যক্ত করেছেন। আসাদ আহমেদ নামে এক যাত্রীর অভিযোগ, ‘এমনিতেই টিকিটের দাম ১০০-১৫০ টাকা বেশি আদায় করা হয়েছে। তারপরও ৫ সেপ্টেম্বর ঝিনাইদহ যাওয়ার টিকিট চেয়ে পেলাম না।’ হানিফ কাউন্টারের ব্যবস্থাপক এম এ রানা বলেন, ‘গত শুক্র-শনিবারের মধ্যে সব অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। এখন নিয়মিত চলাচল করা বাসে এসব যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করা ছাড়া উপায় নেই। কারণ আমাদের বাসের সংখ্যাও কম।’ কদমতলী বাসস্ট্যান্ডে টিকিট নিয়ে যাত্রী ও বাসের লোকজনের মধ্যে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার চিত্র দেখা গেছে। এ স্ট্যান্ড থেকে কুমিল্লা, চৌদ্দগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, মাইজদি, ফেনী, সোনাপুরগামী বাস ছাড়ে। চৌদ্দগ্রামের যাত্রী আতিকুল্লাহর অভিযোগ, ‘এখনো ঈদের অনেক বাকি। এখন থেকেই বাড়তি ভাড়া আদায় করছে এঁরা।’ বাঁধন কাউন্টারের কর্মকর্তা মো. শফি বলেন, ‘আমরা কোনো অগ্রিম টিকিট বিক্রি করি না। ঈদের তিন-চার দিন আগে থেকেই চাপ বাড়বে।’ ভাড়া বেশি আদায় করা প্রসঙ্গে বলেন, ‘ঈদের পর পুরো গাড়িই প্রায় খালি আসে। কাজেই ঈদের সময় ভাড়া কিছুটা বাড়তি রাখতে হয়।’ রায়পুর, লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ সরাসরি চলাচলকারী শাহি ও জোনাকি বাস সার্ভিসেও ১৫০-২০০ টাকা করে বেশি ভাড়া আদায় করা হয় বলে জানান আহমদ উল্লাহ নামের এক যাত্রী। শাহি কাউন্টারের টিকিট বিক্রেতা মো. সুমন জানান, ‘৩ সেপ্টেম্বর থেকে অগ্রিম টিকিট ছাড়া হবে।’নগরের সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়, ঈদের আগাম টিকিট কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন লোক। টিকিট পেতে তেমন বেগ পেতে হচ্ছে না বলে জানিয়েছেন তাঁরা। সন্দ্বীপের যাত্রী মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, ‘টিকিট তো পেয়েছি। এখন যাওয়ার দিন নিরাপদে পৌঁছাতে পারলেই হয়।’ বরিশালের যাত্রী হানিফ হাওলাদার বলেন, ‘যাওয়ার সময়ে অতিরিক্ত যাত্রী বোঝাই আমাদের শঙ্কা বাড়িয়ে দেয়।’ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ) পরিচালিত এ টার্মিনাল থেকে সন্দ্বীপ, হাতিয়া ও বরিশালের উদ্দেশে লঞ্চ ছেড়ে যায়। এমভি বার আওলিয়া ও আবদুল মতিন-মনিরুল হক নামে লঞ্চে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী এবং ভিআইপি, ফ্যামিলি স্যুট আসন রয়েছে। ঈদ উপলক্ষে আজ ২ সেপ্টেম্বর দুটি ও কাল শুক্রবার একটি ট্রিপ রয়েছে।বিআইডব্লিওটিসি সূত্র জানিয়েছে, শনিবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত নিয়মিত লঞ্চ সার্ভিস চালু থাকবে। যাত্রীদের চাপ থাকলে ঈদের দিনও চালু রাখার পরিকল্পনা রয়েছে। ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত মঙ্গলবার। ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। রেলওয়ের কর্মকর্তারা জানান, একজন যাত্রী চারটি আসনের বেশি টিকিট কিনতে পারবেন না। গত মঙ্গলবার রেল স্টেশনে দেখা যায়, যাত্রীদের দীর্ঘ লাইন। ঢাকার যাত্রী শফিক হোসেন জানালেন, ‘সকালে এসেছি। দুপুর গড়িয়ে যাচ্ছে। এখনো কাউন্টারের কাছে যেতে পারিনি। জানি না শেষপর্যন্ত টিকিট পাব কি না!’ স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অস্থায়ী ক্যাম্প, আর্মড পুলিশ এবং র্যাব ৭-এর বিশেষ অস্থায়ী ক্যাম্প বসেছে। টিকিট কালোবাজারি ও বিভিন্ন বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমাডেন্ট মো. অমিনুর রশীদ বলেন, ‘ঈদ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা দুদৃঢ় করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপির পাশাপাশি পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। নজরদারি রয়েছে র্যাব ও জিআরপি গোয়েন্দা শাখার।’