ঘরে বসে যক্ষ্মার পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যক্ষ্মা রোগ (টিবি) শনাক্ত করার জন্য আর রোগনির্ণয়কেন্দ্রে যেতে হবে না। এখন থেকে ঘরে বসেই যক্ষ্মার জীবাণু শনাক্ত করা যাবে। উচ্চ সংবেদনশীল এক ধরনের অণু ব্যবহার করে দ্রুততার সঙ্গে যক্ষ্মার জন্য দায়ী ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত করা যাবে। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচারে এ তথ্য জানানো হয়। যক্ষ্মার জীবাণু (মাইকোব্যাকটোরিয়াম টিউবারকিউলিসিস) শনাক্তের নতুন উপায়টি বের করেছেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ জিয়াংহোং রাও। নতুন পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, টিবি আমিষ ব্লা সিকে কাজে লাগিয়ে যক্ষ্মা শনাক্ত করার কার্যকর এই পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। এখানে অতি সাধারণ এক ফ্লুরেসেন্ট অণু ব্যবহার করা হবে। এই অণু বিকিরণ গ্রহণ করে তা আলো হিসেবে ফিরিয়ে দেয়। এটি প্রতিপ্রভ নামেও পরিচিত। ব্লা সি হলো মানবদেহে নিঃসৃত বিটা-লেকটামেজ উৎসেচক। এটি বিটা লেকটামজ নামের এক ধরনের রাসায়নিক পদার্থকে ভেঙে ফেলে। এই বিটা লেকটামজে পেনিসিলিনের মতো এক ধরনের অ্যান্টিবায়োটিক পদার্থ থাকে। বিজ্ঞানীদের ব্যবহার করা ফ্লুরেসেন্ট অণুটি দেখতে অনেকটা বিটা লেকটামজের মতো, যাকে ভেঙে অর্ধেক করে ফেলে ব্লা সি এনজাইম। এমনিতে পরীক্ষাটি বর্ণহীন থাকে। তবে নতুন পদ্ধতিতে তা নীল রঙের প্রতিপ্রভ বস্তু ছড়ায়। যক্ষ্মা শনাক্তের জন্য যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় ঘরে তৈরি একটি বিশেষ বাক্স। সেখানে থেকে আলো নিঃসরণ করে এমন ইলেকট্রনিক যন্ত্র ও কয়েক জোড়া ফিল্টার। মুঠোফোনের ক্যামেরায়ও অনুজ্জ্বল এই রং ধরা পড়ে। ফলে সহজেই রোগনির্ণয়কেন্দ্রের কর্মকর্তাদের ওই রঙের ছবি দেখিয়ে যক্ষ্মা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। যক্ষ্মা শনাক্তের জন্য আগের পরীক্ষা পদ্ধতিতে, যক্ষ্মার ব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য ব্যাকটেরিয়া থেকেও বিটা লেকটামেজ উৎপন্ন হতো। ফলে যক্ষ্মা শনাক্ত করা কঠিন হতো। রাও এবং তাঁর দল তাঁদের পরীক্ষা পদ্ধতিতে টিবি ব্যাকটেরিয়ার ব্লা সি এনজাইম ছাড়া অন্য কোনো কিছু যাতে প্রভাব ফেলতে না পারে, সেটা নিশ্চিত করেছেন। এই পরীক্ষণ পদ্ধতিটি অত্যন্ত সংবেদনশীল এবং মানুষের কফে টিবি ব্যাকটেরিয়ার সংখ্যা ১০টির কম থাকলেও তা শনাক্ত করতে সক্ষম।