স্বাগতম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঘরে বসে রম্যলেখক হওয়ার আয়োজন ‘কে হতে চায় রম্যলেখক’-এ। আপনারা অর্থা ৎ পাঠকেরাই রস+আলোর প্রাণ। তাই আপনাদের জন্যই রস+আলোর এ আয়োজন। প্রথমেই আপনাদের জন্য একটি প্রশ্ন—রস+আলোর পাঠকসংখ্যায় কাদের লেখা ছাপা হয়? ক. ক্রিকেটারদের খ. কুস্তিগিরদের গ. পাঠকদের ঘ. নভোচারীদের।...অভিনন্দন! আপনার উত্তর সঠিক হয়েছে। রস+আলোর পাঠকসংখ্যায় ছাপা হয় পাঠকদের লেখা। আপনি জিতে নিলেন কোটি কোটি ধন্যবাদ! যাহোক, ওপরের কথাগুলো ভুলে আসল কথা শুনুন। কথাটা হলো, এবারের পাঠকসংখ্যার বিষয় ছিল রম্যগল্প। ও, আসল কথায় যাওয়ার আগে ভূমিকা দেওয়া হয়নি। ভূমিকার নিয়ম প্রাচীনকাল থেকেই চলে আসছে। একটা গল্প দিয়েই শুরু করি। এক দেশে ছিল এক রাজা। কিন্তু এ রাজা অন্য দেশের রাজাদের মতো নিষ্ঠুর আর রাগী নয়; এ রাজা ছিল খুবই দয়ালু, কারও দুঃখ-কষ্ট সে সহ্য করতে পারত না, এমনকি কেউ অন্যায় করলেও তাকে হাসিমুখে ক্ষমা করে দিত। একদিন হয়েছে কি...আরে! আমি গল্প বলছি কেন? এটা তো পাঠকসংখ্যা। গল্প যা বলার পাঠকেরাই বলবে। আমি অন্য কিছু বলি। কথা হলো, এবারের পাঠকসংখ্যার বিষয় ছিল ‘রম্যগল্প’। আর মজার ব্যাপার হলো প্রত্যেকেই রম্যগল্প পাঠিয়েছেন! আর সেগুলো যেনতেন রম্যগল্প নয়, দারুণ দারুণ সব রম্যগল্প। পাঠকদের পাঠানো গল্প পড়ে আমরা মুগ্ধ। একটি বিশেষ মহল বাঙালিদের মধ্যে ঐক্য নেই বলে দাবি করে। তাদের জন্য এটা একটা মোক্ষম জবাব। ঐক্যের দেখেছেন কী? সবাই রম্যগল্প লিখেছে, সবাই কাগজে লিখে খামে ভরে নির্দিষ্ট সময় লেখা পাঠিয়েছে। এগুলো কি ঐক্যের উদাহরণ নয়? যাহোক, সমালোচকদের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে রাজনীতিবিদদের দেখেও শিখতে পারেন। তাঁদের নিয়ে কত মিথ্যা সমালোচনা হয়, তাঁরা পাত্তাই দেন না, নীরবে দেশের জন্য কাজ করে যান। প্রিয় পাঠক, আপনাদের সব সমালোচনা অগ্রাহ্য করে লিখে যেতে হবে। থেমে থাকলে চলবে না। কারণ, আপনাদের লেখা অসাধারণ। মাঝেমধ্যে মনে হয়, প্রতি সপ্তাহেই পাঠকসংখ্যা বের করি। কিন্তু রস+আলোর খেটে খাওয়া কর্মীদের কথা চিন্তা করে বের করা হয় না। তবে এই পাস (পাঠকসংখ্যা) শেষ পাস নয়, সামনে আরও পাস আছে। যেমন আপনার জীবনে আছে ভুল। মধুর ভুল, তিতকুটে ভুল, চাইলে নোনতা ভুল নিয়েও লিখতে পারেন। তবে ভুল করেও পানসে ভুল নিয়ে লিখবেন না! লেখা পাঠানোর শেষ সময়—২০ আগস্ট। লেখা পাঠানোর ঠিকানা: পাঠকসংখ্যা—ভুল, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।