ঘরে বসেই ছক্কা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়িতেও আয়োজন করা যায় নানা রকম খেলার। মডেল: সুমেহরা ও আদিব, ছবি: নকশা
বাড়িতেও আয়োজন করা যায় নানা রকম খেলার। মডেল: সুমেহরা ও আদিব, ছবি: নকশা

‘ছক্কাআআআ!’

ভরদুপুরে অপূর্বদের বাসার দরজায় কান পাতলে আপনি হয়তো শুনতে পাবেন এমন চিৎকার। ভাবতে পারেন, বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ তো কিছুদিন আগে শেষ হলো। এই ‘অসময়ে’ ছক্কা পেটাচ্ছে কে! না, ক্রিকেট নয়। দুপুরবেলা দাদির সঙ্গে লুডু খেলে অপূর্ব। লুডুর বোর্ডে ছক্কা পড়লে তার সেকি আনন্দ! আর অপূর্বর দাদি? তিনি নাকি ইচ্ছে করে খেলায় নাতির কাছে হেরে যান। খেলতে বসে দুজনে বেশ খুনসুটিও হয়।

দাদি-নাতির সম্পর্কটা যেমন বন্ধুর মতো, তেমনি বন্ধু হতে পারেন পরিবারের সবাই। মা-বাবা-ভাই-বোন। ঘরোয়া খেলার মধ্য দিয়ে এই বন্ধুত্বটা আরও প্রাণ পায়। বাসায় বসে কত কী খেলা যায়—লুডু, দাবা, ক্যারম, মনোপলি, উনো...। একসময় কাজিনরা এক জোট হলে ছোট ছোট কাগজ কেটে দল বেঁধে চোর-ডাকাত-বাবু-পুলিশ খেলার চল ছিল। ক্যান্ডি ক্রাশ আর ক্লাশ অব ক্লান্সের জমানায় এই চল কি অচল হয়ে যাবে? এখন তো দেখা যায় ঘরের একেক কোণে একেকজন ঘাড় গুঁজে বসে থাকেন। কারও হাতে স্মার্টফোন, তো কারও হাতে ট্যাব। যন্ত্রের নেশায় বুড়ো থেকে গুঁড়ো—সবাই আসক্ত। কিন্তু মাঝেমধ্যে বাসার সবাই মিলে একটা ঘরোয়া খেলা খেলেই দেখুন না! মন ভালো হয়ে যাবে নিশ্চিত।

দাবা খেললে যে মন ভালো হয়, সে তো বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত। এমনকি দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে, বৃদ্ধ বয়সে দাবা খেলা আলঝেইমার হওয়ার আশঙ্কা কমিয়ে দেয়। ছোট বাচ্চাদের জন্যও দাবা খেলা খুব উপকারী। মগজের ব্যায়াম হয়, বুদ্ধি বাড়ে। দাবার বোর্ডের দাম খুব বেশি নয়। ১০০-২০০ টাকায় পাওয়া যায়। আবার একটু ভালো দাম দিয়ে একটা দৃষ্টিনন্দন দাবার বোর্ড কিনে বসার ঘরে রাখতে পারেন। ঘরের সৌন্দর্যবর্ধন হবে, অতিথি হলে দু-এক দান খেলেও নিতে পারবেন।

দাবা যেমন চুপচাপ বসে খেলতে হয়, ওদিকে ক্যারম আবার হইচই ছাড়া জমে না। বাসায় চারজন খেলোয়াড় থাকলে ভালো হয়, দুজন মিলেও খেলা যায়। ক্যারমের দাম পড়বে ৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। আর মনোপলির দাম ৫০০ থেকে দেড় হাজার টাকা। আমাদের দেশে মনোপলি ‘ধনী হওয়ার মজার খেলা’ নামেও পাওয়া যায়।

ঘরোয়া খেলাগুলোর মধ্যে সবচেয়ে সহজলভ্য সম্ভবত লুডু। বাড়ির কাছের দোকানেও পেয়ে যেতে পারেন। দামে সস্তা। ৫০-১০০ টাকার মধ্যে পাওয়া যায়। আবার ভালো দাম দিয়ে একটু বড় আকৃতির লুডুর বোর্ড কিনতে পারেন। সে ক্ষেত্রে খরচ পড়বে ৫০০-১০০০ টাকা।

লুডু, মনোপলি, দাবা, ক্যারম, উনো—সবই বেশ সহজলভ্য। পাড়ার খেলনার দোকানগুলোতে ঢুঁ মারলেই পেয়ে যেতে পারেন। তা না হলে নিউমার্কেট, বসুন্ধরা সিটি, এলিফ্যান্ট রোড কিংবা চকবাজারের খেলনার দোকানগুলো ঘুরে দেখুন। পছন্দসই জিনিসটা নিশ্চয়ই পাওয়া যাবে।