ঘরে-বাইরে কোথাও নিরাপত্তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম আলোতে প্রকাশিত এই চারটি ঘটনা নমুনামাত্র। প্রতিদিনই পত্রিকার পাতায় প্রকাশিত হচ্ছে ধর্ষণের খবর। নারী ও মানবাধিকার নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, ঘরে-বাইরে সব জায়গাতেই নারী ও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে।

২৬৭টি এনজিওর মোর্চা বাংলাদেশ শিশু অধিকার ফোরামের এক প্রতিবেদন বলছে, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে শিশু ধর্ষণের সংখ্যা বেড়েছে ১৬১ দশমিক ৮১ শতাংশ। গণধর্ষণ বেড়েছে ৩৫০ শতাংশ, ধর্ষণের পর হত্যা বেড়েছে ৪৩ শতাংশ। যৌন নিপীড়নের ঘটনা বেড়েছে ২৩ দশমিক ৩৩ শতাংশ। আর গত বছরের চেয়ে চলতি বছরে (প্রথম চার মাসের হিসাব) শিশু ধর্ষণের ঘটনা বেড়েছে ১৪ শতাংশ।

১০টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। পত্রিকা থেকে সংগৃহীত তথ্য দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ মাসিক যে প্রতিবেদন তৈরি করে, তাতে দেখা যাচ্ছে, শুধু গত মে মাসে মোট ৯১টি ধর্ষণের ঘটনা ঘটেছে।

বর্তমানে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মনো ও যৌনবিকৃতির বহিঃপ্রকাশ হচ্ছে ধর্ষণ। এতে বয়স বা স্থান-কালের কোনো বাছবিচার থাকে না। ধর্ষণের পেছনে অন্যান্য কারণের পাশাপাশি ‘ক্ষমতা’ দেখানোর একটি বিষয় থাকে। অধ্যাপক তাজুল ইসলামের মতে, তথ্যপ্রযুক্তির অপব্যবহার, সামাজিক ও আইনগত বিচারহীনতার সংস্কৃতি, সন্তানের ওপর নিয়ন্ত্রণ না থাকা এবং সার্বিকভাবে মূল্যবোধের অবক্ষয়ের কারণেই ধর্ষণের ঘটনা বাড়ছে। গত বছর রাজধানীর খিলগাঁওয়ে এক নারী পুলিশ কনস্টেবলকে ধর্ষণ করেন তাঁর সাবেক স্বামী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)।

একই বছরে খুলনায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানা (২৬) ও তাঁর বাবা ইলিয়াস চৌধুরীকে (৬০) হত্যা করেন লিটনসহ চারজন (লিটন আদালতে জবানবন্দি দেন)। হত্যার আগে পারভীনকে ধর্ষণ করেন তাঁরা। এরপর তাঁদের লাশ গুম করতে সেপটিক ট্যাংকে ঢুকিয়ে রাখা হয়। অর্থাৎ যেকোনো নারী ও শিশুই বর্তমানে ধর্ষণের ঝুঁকিতে রয়েছে।

ধর্ষণ প্রতিরোধে অন্যান্য দেশের উদ্যোগ

চলতি বছরের মার্চ মাসে ভারতের পার্লামেন্টে বিবাহিত জীবনে ধর্ষণ সম্পর্কে এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশটির জাতীয় নারী কমিশনের (এনসিডব্লিউ) সদস্য রেখা শর্মা দাবি তুলেছেন, স্বামী বা অন্য কেউ—যে-ই করুক না কেন, ধর্ষণকে একটি অপরাধ হিসেবে গণ্য করতে হবে। ফ্রান্সে একটি বেতার অনুষ্ঠানে নারীর প্রতি সহিংস আচরণের অভিজ্ঞতাগুলো তুলে ধরা হচ্ছে। বেতার অনুষ্ঠানটির আয়োজক ফেমিনিস্ট কালেকটিভ অ্যাগেইনস্ট রেপ নামের একটি সংগঠনের দাবি, যাঁরা লজ্জায় নিজের জীবনে ঘটা সহিংসতার কথা বলতে পারেন না, তাঁদের তা প্রকাশে উৎসাহ দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত মে মাসের খবর অনুযায়ী, ভারতে ধর্ষণ ঠেকাতে সব বাসে বসানো হচ্ছে ‘প্যানিক বাটন’। এ ছাড়া বাসে থাকবে সিসিটিভি ক্যামেরা ও জিপিএস প্রযুক্তি। প্যানিক বাটনগুলো বসানো হবে বাসের সামনের দরজার ওপর। এই প্যানিক বাটনে চাপ দিলে নিকটস্থ পুলিশ স্টেশনে অ্যালার্ম বেজে উঠবে। আর সিসিটিভি ও জিপিএস ব্যবস্থার মাধ্যমে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনা দেখতে ও কার্যকর ব্যবস্থা নিতে পারবে। এ ছাড়া ২০১৭ সালের মধ্যে সব মুঠোফোন প্রস্তুতকারকদের তাঁদের ফোনে অবশ্যই বিল্ট–ইন প্যানিক বাটন স্থাপন করতে হবে।

বাংলাদেশের অবস্থান

দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর বিভিন্ন ধারায় ধর্ষণের শাস্তির কথা বলা আছে।

একই সঙ্গে ধর্ষণ মামলায় নারীদের চরিত্র হননের সুযোগ করে দেওয়া ১৮৭২ সালের সাক্ষ্য আইনের ১৫৫(৪) ধারাও বহাল আছে। এ ধারা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা সুলতানা ঘটনার শিকার ১৫ জন নারী, ৫ জন চিকিৎসক, ৫ জন আইনজীবী ও ৩ জন অবসরপ্রাপ্ত বিচারপতির সাক্ষাৎকারের ভিত্তিতে এক গবেষণা করেন। গবেষণায় তিনি দেখিয়েছেন, ঘটনার শিকার নারীকে কোনোভাবে ‘দুশ্চরিত্রা’ প্রমাণ করতে পারলেই অভিযুক্ত ব্যক্তি বেঁচে যান। আর এ জন্য আদালতে তাঁকে ‘দুশ্চরিত্রা’ প্রমাণ করতে উঠেপড়ে লেগে যান আসামীপক্ষের আইনজীবী।

৫ জুন রাজধানীতে ফাতেমা সুলতানার গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’-এর চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ধর্ষণের শিকার নারী বিচার চাইতে গেলে পরবর্তী সময়ে আরও অন্তত দুবার ধর্ষণের শিকার হন। একবার ডাক্তারি পরীক্ষা করাতে গিয়ে, আরেকবার আদালতে তাঁর ধর্ষণের ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে হয়। 

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান আইনি পরিবর্তন আনার বিষয়ে গুরুত্ব দিলেন। তিনি  বলেন, ধর্ষণের শিকার ব্যক্তি নয় বরং ধর্ষককেই প্রমাণ করতে হবে সে ধর্ষণ করেনি। কেননা, ধর্ষণ কেউ প্রমাণ রেখে করে না। ধর্ষণের শিকার ব্যক্তি ও তার পরিবার যাতে বিষয়টি চেপে না যায়, সেই আহ্বান জানান মিজানুর রহমান।