ঘরে-বাইরে প্রথম পড়ি গ্রিক ভাষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুন নবী, চিত্রশিল্পী
রফিকুন নবী, চিত্রশিল্পী

পাঁচ-ছয় বছর বয়স থেকেই উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, অবনীন্দ্রনাথ ঠাকুর—তাঁদের বই পড়া শুরু করেছি। আমাদের বাড়িতে বইয়ের যে সংগ্রহ ছিল, সেটা মুগ্ধ করার মতো। স্কুলের পাঠাগারটিও ছিল বেশ সমৃদ্ধ। পাঠাগারের সদস্য হওয়ার পর সেখান থেকে বই এনে পড়তাম। আরেকটা জায়গা ছিল এলাকার অভিযাত্রিক পাঠাগার। এই পাঠাগারের কত বই যে আমার জ্ঞানের চোখ খুলে দিয়েছে, তার ইয়ত্তা নেই। তখন বয়স কত হবে—এই আট কি নয়! সে সময় রোমাঞ্চ, রূপকথার বই ভীষণ টানত।
বয়স যখন আরেকটু বাড়ল, তখন পড়তে শুরু করলাম শশধর দত্ত, দস্যু মোহন, নীহাররঞ্জন গুপ্তের বই। আবার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখারও দারুণ ভক্ত আমি। সে সময় প্রিয় বইয়ের মধ্যে ছিল ট্রেজার আইল্যান্ড, টেইলস অব টু সিটিজ, ডেভিড কপার ফিল্ড, রবিনসন ক্রুসো। ভালো লেগেছিল কিংস সলোমনস মাইন বইটি। তখন আরেকটা বই হাতে এসেছিল—কালো ভ্রমর। এই বইটার ভালো লাগার রেশ আজও আছে। এখনো সুযোগ পেলেই বইটা পড়ি। আরও ভালো লেগেছিল সত্যজিৎ রায়ের লেখা শিশুতোষ রচনা।
আমার প্রিয় লেখক শিবরাম চক্রবর্তী। তাঁর চমৎকার সব লেখা মুগ্ধ পাঠকের মতো পড়েছি। শিবরাম চক্রবর্তীর বই ঢাকায় আসামাত্রই জোগাড় করে ফেলতাম। তাঁর লেখনী সে বয়সে এমন একটা নির্মল আনন্দ দিত, যা অন্য কোথাও পেতাম না। আরও পরে, ধীরে ধীরে সিরিয়াস ধরনের বই পড়তে শুরু করেছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী খুব ভালো লেগেছিল তখন। ভালো লেগেছিল প্রবোধ স্যানাল, মনোজ বসু ও তারাশংকরের লেখা।
প্রিয় লেখকের মধ্যে এরই মধ্যে যুক্ত হয়েছেন সরদার জয়েন উদ্দীন, শওকত ওসমান ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এর কিছুদিন পর একটা বই মনে ভীষণ দাগ কেটেছিল—তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের কবি। যখন পড়েছি, তখন আমি সবে আর্ট কলেজ থেকে পাস করে শিক্ষকতা শুরু করেছি। উপন্যাসে একটা গানের দলকে কেন্দ্র করে নানা দুঃখ, কষ্ট, পাত্রপাত্রীদের আনন্দ-বেদনা এত চমৎকারভাবে উঠে এসেছে, পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। তারপর এই বইটিও অসংখ্যবার পড়েছি। এ ছাড়া কলেজজীবনে কবিতা খুব পড়তাম। সুকান্ত ভট্টাচার্যের কবিতা অনর্গল বলতে পারতাম। জীবনানন্দ দাশ, প্রেমেন মিত্রও দারুণ প্রিয় ছিলেন।
এত এত পড়ার মাঝে দুজনের কথা আলাদা করেই বলতে হয়—রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে উপন্যাসটা নিয়ে একটা দারুণ স্মৃতি আছে। এটা প্রথম পড়ি ভিনদেশি ভাষায়। তখন গ্রিসে পড়ালেখা করতে গিয়েছি। হাতে এল ঘরে-বাইরে উপন্যাসের গ্রিক অনুবাদ। রীতিমতো গ্রিক অভিধান হাতে সিরিয়াস পাঠকের মতো পড়তে বসলাম! গ্রিক ভাষায় উপন্যাসটার নাম ছিল স্পিটিকে ও কসমস। বইটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। পরে বাংলায়ও উপন্যাসটা পড়েছি।
এখন গল্পের বই পড়া হয় না। শিল্পকলার বই খুব পড়ি। প্রবন্ধের বই, আত্মজীবনী পড়ি। ভালো লেগেছিল ভ্যান গঘের জীবন নিয়ে লেখা লাস্ট ফর লাইফ। ইদানীং পড়েছি ফ্রিদা কাহ্লোর আত্মজীবনী নিয়ে লেখা একটি বই।
এখন পত্রিকায় প্রকাশিত লেখাগুলো খুব বেশি পড়া হয়। আর বিভিন্ন লেখকের বইয়ের প্রচ্ছদ আর অলংকরণ করতে গিয়ে তো পড়া হয়ই। এর মধ্যে সেলিনা হোসেন, হুমায়ূন আহমেদ ও ইমদাদুল হক মিলনের বই প্রায়ই পড়ি।
আমার আরেকটি বাতিক হলো বই সংগ্রহ করা। এটা করতে গিয়ে আগে যে বইটা পড়েছিলাম, সেটা আবার নতুন করে পড়া হয়ে যায়। প্রায়ই আশ্চর্য হয়ে দেখি, সেই পুরোনো বইটাকে আবার নতুন করে আবিষ্কার করেছি।
অবসর পেলেই বই পড়ি। আর আমার চোখের সামনে যদি কোনো বই পড়ে যায়, সেটা হাতে নিয়ে উল্টেপাল্টে না দেখলে শান্তি নেই! আর বইটা যদি আমার ভেতরের পাঠকসত্তাকে আকৃষ্ট করতে পারে, তাহলে বইটার আদ্যোপান্ত পড়তেই হয়!
অনুলিখন: সুচিত্রা সরকার