ইলিশের বাজারে আগুন; সবার পাতে কি গোটা এক টুকরা ইলিশ তুলে দেওয়া যাবে? না হলেই ক্ষতি কী? পান্তা তো ভর্তা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। সবাই মিলে পাটি পেতে বসে পান্তা খাওয়াটা হলেই হলো। ইলিশ নিয়ে মন খারাপের অবকাশ এই পরিবারে নেই। কাঁচা আমের শরবত হলে তো দারুণ। না হলে তরমুজ বা লেবুর শরবতেও চলবে। পয়লা বৈশাখের দিন ঘটা করে চারুকলা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয় না তাঁদের। কিন্তু বাড়িতে সকালের খাবারটা একসঙ্গে খাওয়া চাই। শুধু নিজেদের ছেলেমেয়েরাই নয়, বোন, তাঁদের পরিবারের সবাই মিলেই চলে বর্ষবরণের আয়োজন। কোনো বোন পান্তা, কোনো বোন ভর্তার দায়িত্ব তুলে নেন। ছেলেমেয়েরা বানায় শরবত। এভাবেই নতুন বছরকে স্বাগত জানানো। এ বছরও ইলিশের দাম চড়া। যদিও অন্তত একটা হলেও ইলিশ কেনার ইচ্ছা আছে, তবু বাড়ির কর্ত্রী বলে দিয়েছেন বড় রুই মাছ কেনার কথা। সবাই যাতে বড় এক টুকরা রুই মাছ-ই পায় পান্তার সঙ্গে। আর কয়েক দিন পরেই তো সস্তায় পাওয়া যাবে ইলিশ। তখন যত ইচ্ছা খাওয়া হোক না। ইলিশ না খেলে কি নববর্ষ আসবে না? নববর্ষের আনন্দ তো সবার এক হওয়াতেই। একসঙ্গে বাইরে বেড়ানোও না হলেই বা কি। এই গরমে বের না হয়ে বাড়িতেই হোক না আনন্দ উৎসব।নতুন পোশাক না-ই বা হলো। ‘নতুন বছরের আনন্দ তো মনে, বসনে তার ছোঁয়া থাকা তো খুব জরুরি নয়।’ এমনই জানালেন এই পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য। এ তো গেল একরকম। কোনো কোনো পরিবারে আবার প্রথা অনুযায়ী নতুন বছরকে বরণ করে নেওয়াই রীতি। নানা আচার-আনুষ্ঠানিকতারও তো একটা মজা আছে। পয়লা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রায় অংশ না নিলে কী যেন হয়নি বলেই মনে হয়। সকালে বা বিকেলে একটু বের হওয়া চাই-ই। ছেলেমেয়ে সবাইকে নিয়ে ভোর থেকেই শুরু হয় তোড়জোড়। বাড়িতে হয়তো আয়োজন করা সম্ভব হয় না। তাতে কী, রাস্তায় মোড়ে মোড়েই তো পান্তার আয়োজন। বসে খেয়ে নিলেই হলো। ক্যামেরা হাতে স্ত্রী, ছেলেমেয়েকে নিয়ে বেরিয়ে পড়েন রাশাদ রহমান। বৃষ্টি-রোদ যা-ই হোক, এদিন তাঁদের বের হওয়া চাই-ই। প্রতিবারই ভাবেন ভোরে যাবেন। উঠে তৈরি হতে হতে আটটা বেজে যায়। তবু বাদ যায় না কোনো বছর। বৈশাখে পরিবারের সবার জন্য নতুন কাপড় কেনাই হয়। নতুন কাপড় পরে সেজেগুজে বের হওয়া চাই-ই। ‘অনেক ভিড়, অনেক ঝামেলা। একবার তো মোবাইল ফোনও হারালাম। তবু পয়লা বৈশাখের দিন শোভাযাত্রায় অংশ নিতে না পারলে নিজেকে এই উৎসব থেকে বিচ্ছিন্ন মনে হয়।’ বলেন তিনি। বাচ্চারা ছোট থাকতেও তাদের কোলে নিয়ে যেতেন। এখন বাচ্চারা নিজেরাও অনেক মজা পায়। তারাও আগ্রহ নিয়ে অপেক্ষা করে এই অনুষ্ঠানের। এভাবেই তো দৃঢ় হয় পরিবারের বন্ধন।