ঘরে-বাইরে বিপদে সারকোজি
প্রেসিডেন্ট নিকোলা সারকোজির জন্য সুখকর সময়ই হওয়ার কথা ছিল। প্রতিবেশী দেশগুলোর চেয়ে তাঁর দেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে। ২০০৯ সালের শেষাংশে মোট দেশজ উত্পাদন (জিডিপি) শূন্য দশমিক ছয় শতাংশ বেড়েছে। অথচ জার্মানিতে এই সময়ে জিডিপিতে কোনো পরিবর্তন আসেনি। বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দার মধ্যে বড় কোনো ব্যাংকে ধসও নামেনি। গত বছর পশ্চিমা দেশগুলোতে যখন একের পর এক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, সেখানে ফ্রান্সের ৪০টি প্রতিষ্ঠান আয় করেছে ছয় হাজার ৪০০ কোটি ডলার। রাজনৈতিকভাবেও বড় ধরনের কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি সারকোজিকে। পার্লামেন্টে সংখ্যাধিক্য রয়েছে; শক্ত প্রতিপক্ষ হিসেবে যোগ্য কোনো বিরোধী নেতারও আবির্ভাব হয়নি। উপরন্তু ফ্রান্সিস ফিলনের মতো একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী রয়েছেন তাঁর।কিন্তু এত সবকিছুর পরও সারকোজি বড় একটা ধাক্কা খেলেন। ফ্রান্সের স্থানীয় নির্বাচনে ভরাডুবি হয়েছে তাঁর দলের। ভোটাররা প্রত্যাখ্যান করেছেন তাঁকে। ১৪ ও ২১ মার্চের দুই দফা স্থানীয় নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে বিরোধী শিবির। বামপন্থীদের নেতৃত্বাধীন জোট ফ্রান্সের মূল ভূখণ্ডের ২২টি অঞ্চলের ২১টিতেই জয়ী হয়েছে। ২০১২ সালের সাধারণ নির্বাচনের আগে ফ্রান্সের রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাইয়ের এটাই ছিল শেষ সুযোগ। কিন্তু এ যাত্রায় পুরোপুরিই ব্যর্থ হলেন সারকোজি। বামপন্থী সোসালিস্ট পার্টি ও চরম ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের জয়জয়কার হয়েছে নির্বাচনে। সারকোজির মধ্য ডানপন্থী দল ‘ইউএমপি’ হেরেছে বিশাল ব্যবধানে। স্থানীয় এ নির্বাচন নিয়ে অবশ্য ফরাসিদের মধ্যে তেমন আগ্রহ ছিল না। মাত্র ৫২ শতাংশ লোক ভোট দিয়েছেন। সারকোজির দল তাদের পরাজয়ের জন্য ভোটারদের কম উপস্থিতিকেই দায়ী করেছে। কিন্তু কথা হলো, সারকোজির নেতৃত্বের প্রতি যদি আস্থা থাকত, তাহলে ভোটাররা ঠিকই ঘর থেকে বের হতেন এবং তাঁর দলের পক্ষে রায় দিতেন।নিকোলা সারকোজির জনপ্রিয়তা হ্রাসের পেছনে অনেক কারণই খোঁজা হচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ফ্রান্সকে হয়তো অক্টোপাসের মতো ঘিরে ধরতে পারেনি বটে, কিন্তু এর হাওয়া যে মোটেই প্যারিসে লাগেনি তা নয়। ফ্রান্সের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বেকারত্ব। বর্তমানে ১০ শতাংশের ওপরে বেকার রয়েছে ফ্রান্সে, যা বিগত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি এবং যা কিনা আশঙ্কাজনকভাবে অর্থনৈতিক মন্দার কবলে পড়া প্রতিবেশী রাষ্ট্র জার্মানি ও ব্রিটেনের চেয়েও বেশি। জার্মানিতে বর্তমানে বেকারত্বের হার সাত দশমিক পাঁচ এবং ব্রিটেনে আট শতাংশ। ফ্রান্সে এখন ৩০ লাখ লোক বেকার। দেশটির টেলিভিশন চ্যানেলগুলো প্রতি রাতে কোনো না কোনো প্রতিষ্ঠান বন্ধের খবর প্রচার করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিকভাবে সবচেয়ে খারাপ সময় এখন অতিবাহিত করছে ফ্রান্স।অর্থনৈতিক দুরবস্থা মোকাবিলায় সারকোজি যে একদম হাত গুটিয়ে বসে আছেন, তা নয়। পরিস্থিতি সামাল দিতে তিনি বেশ কিছু সংস্কারের উদ্যোগ নেন। এর মধ্যে অবসর-ভাতা পদ্ধতিতে পরিবর্তন অন্যতম। কিন্তু এটিই কাল হয়ে দাঁড়িয়েছে সারকোজির জন্য। ফরাসি শ্রমিকেরা বলছেন, এ সংস্কারের ফলে বয়স্কদের অতিরিক্ত আয়ের সুবিধা কমে যাবে। তাছাড়া আয়-ব্যয়ে ভারসাম্য আনতে কর্মী ছাঁটাইয়ের নীতি নিয়েছেন সারকোজি। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিক্ষকদের মধ্যে। সরকারের এ নীতি ফ্রান্সজুড়ে শিক্ষকদের ক্ষুব্ধ করে তুলেছে। বলা হচ্ছে, শ্রমিক ও শিক্ষকদের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভেরই প্রতিফলন ঘটেছে স্থানীয় নির্বাচনে। ক্ষুব্ধ ভোটাররা ব্যালটের মাধ্যমে সারকোজির নেতৃত্ব ও সংস্কারনীতির জবাব দিয়েছেন।স্থানীয় নির্বাচনে সোসালিস্ট পার্টি নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৫৪ শতাংশ ভোট। সারকোজি নেতৃত্বাধীন ইউএমপি পেয়েছে মাত্র ৩৬ শতাংশ। চরম দক্ষিণপন্থী ন্যাশনাল ফ্রন্ট পেয়েছে নয় শতাংশ ভোট। নির্বাচনে সরকারি দলকে ধরাশয়ী করে প্রধান বিরোধী নেতা মার্টিন আব্রি বলেছেন, জনগণ প্রেসিডেন্ট ও তাঁর সরকারকে প্রত্যাখ্যান করেছে।সরকারের ভেতরে অনেকেই ইতিমধ্যে বলাবলি শুরু করেছেন, স্থানীয় নির্বাচনে সরকারি দলের ভরাডুবির পর মন্ত্রিসভায় পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। তবে স্থানীয় নির্বাচনের আগেই প্রেসিডেন্ট সারকোজি বলেছিলেন, নির্বাচনের ফল যা-ই হোক, মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আনা হবে না। কিন্তু নিজের কথা রাখতে পারেননি সারকোজি। নির্বাচনে ভরাডুবির পর এক মন্ত্রীকে বরখাস্ত করেছেন। রদবদল করেছেন মন্ত্রিসভায়। একটি জনমত জরিপ দেখা গেছে, ফরাসিরা এখন শুধু মন্ত্রিসভায় রদবদল নয়, সরকারেই পরিবর্তন চায়। জরিপে অংশ নেওয়া ৫৭ শতাংশ লোক মনে করেন, দেশের এ অবস্থায় সারকোজি সরকারের সরে যাওয়া উচিত। আরও সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ফ্রান্সের ৫৮ শতাংশ মানুষ চায় না ২০১২ সালের নির্বাচনে সারকোজি আবার জয়ী হোন।দলের ভরাডুবির পর প্রধানমন্ত্রী ফিলনের পদত্যাগের গুঞ্জন উঠেছে। কিন্তু ফিলন এ গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, তাঁর পদত্যাগের প্রশ্নই আসে না। তবে তিনি স্বীকার করেন, দলের ভরাডুবির দায় তিনি এড়াতে পারেন না। নির্বাচনে দলের পরাজয়ের জন্য তিনি অর্থনৈতিক মন্দাকেই দায়ী করেছেন।তবে যে যা-ই বলুক, সারকোজির ব্যক্তিগত জীবনও যে নির্বাচনে প্রভাব ফেলেনি, তা নয়। ফার্স্ট লেডি কার্লা ব্রুনির সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে ইতিমধ্যে তাঁর টানাপোড়েন শুরু হয়েছে। বিয়ের দুই বছর যেতে না যেতেই শোনা যাচ্ছে ভাঙনের গুঞ্জন। সারকোজি ও ব্রুনি দুজনেই নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন! ফরাসি গণমাধ্যমগুলো তো বলেই দিয়েছে, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে সারকোজি দম্পতি পরস্পরের সঙ্গে প্রতারণা করেছেন। কারলা ব্রুনি নাকি এখন চুটিয়ে প্রেম করছেন ফ্রান্সের সুদর্শন পপতারকা বেঞ্জামিন বিওলের সঙ্গে। বেঞ্জামিন সম্প্রতি দেশের একটি বড় সংগীত পুরস্কার জিতেছেন। আর সারকোজি প্রেম করছেন জুনিয়র প্রতিবেশমন্ত্রী চেন্টেল জুয়ান্নুর সঙ্গে। আর যায় কোথায়? বিরোধীরা এ খবর ছড়িয়ে দিয়েছেন চারদিকে। স্থানীয় নির্বাচনে প্রচারের ময়দানে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন সারকোজি দম্পতির বিবাহবহির্ভূত এ সম্পর্ককে। তবে এ প্রচারই হোক, আর অন্য যে কারণই হোক, বিরোধী শিবির স্থানীয় নির্বাচনে সারকোজির বিরুদ্ধে শতভাগ ফায়দাই লুটে নিয়েছে।একদিকে ঘরে অশান্তি। অন্যদিকে অর্থনৈতিক মন্দা। তার ওপর জনপ্রিয়তার হ্রাস। নানামুখী চাপে পিষ্ট সারকোজির জন্য ২০১২ সালের নির্বাচন এখন একটি বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনের আগে সব সমস্যা উতরে সারকোজি পুনর্নির্বাচিত হতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।তবে সারকোজির সামনে একটা পথ খোলা আছে। প্রধানমন্ত্রী ফ্রান্সিস ফিলনের জনপ্রিয়তা। ফরাসিদের কাছে প্রেসিডেন্ট সারকোজির চেয়ে প্রধানমন্ত্রী ফিলন ঢের জনপ্রিয়। ফিলনের এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সারকোজি তাঁর সংস্কারনীতি বাস্তবায়ন করতে পারেন। আর এতে যদি তিনি ব্যর্থ হন, তাহলে তিনি পূর্বসূরি জ্যাক শিরাকের নীতি অনুসরণ করতে পারেন। তা হলো ব্যর্থতার সব দোষ প্রধানমন্ত্রীর ঘাড়ে চেপে তাঁকে বরখাস্ত করা।