
শীতের হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ধুলোও কিন্তু জায়গা করে নিচ্ছে আপনার চারপাশে। হাত-পা কিংবা চুলের ধুলো তো পরিষ্কার করে নিচ্ছেন নিজের যত্নের কথা চিন্তা করে। কিন্তু যে ঘরে বাস, তার যত্নের কথা খেয়াল আছে কি? ধুলো কিন্তু তার আধিপত্য সেখানেও বিরাজ করছে। কী করবেন যদি ভেবেই না পেয়ে থাকেন তবে এ বেলা জেনে নিন ঘর আর তার আসবাবকে কী করে রাখবেন ধুলোমুক্ত, ঝকঝকে। আর তা নকশার পাঠককে জানিয়েছেন ইন্টেরিয়র প্রতিষ্ঠান রেডিয়েন্ট ইন্সটিটিউট অব ডিজাইনিংয়ের স্বত্বাধিকারী গুলসান নাসরীন চৌধুরী।
‘শীতকালে আসবাবে ধুলো জমবেই। আমি ব্যক্তিগতভাবে আসবাবে কালো বা ল্যাকার রং পছন্দ করি না। একে তো ধুলো এমনিতেই ঘর অপরিষ্কার করে। তার ওপর কালো আসবাবে তা আরও বেশি চোখে পড়ে। আসবাবে ল্যাকার পলিশ তাই এড়িয়ে যাওয়াই ভালো। একান্তই না এড়ানো গেলে বা কারও পছন্দ থেকে থাকলে তার জন্য বাড়তি যত্ন প্রয়োজন।’ ঘর ধুলোবালিমুক্ত করে রাখতে হলে কী করণীয় সে সম্পর্কে বলছিলেন গুলসান।
সকালে আলো-বাতাসের জন্য জানালা খুলে দিলে খেয়াল করে দুপুরের পরই লাগিয়ে নিন। জানালায় ভারী পর্দা ব্যবহার করতে পারেন। খুব গাঢ় রং ব্যবহার না করে একটু হালকা রঙের পর্দা বেছে নিন। তবে একদম সাদা রং বেছে না নেওয়াই শ্রেয়। অনেকে শীতের সময় ঘরের মেঝেতে কার্পেট ব্যবহার করেন। কার্পেটের রং বাছাই করতেও হালকা রং বেছে নিতে পারেন। তবে পরিবারে কারও শ্বাসকষ্ট থাকলে কার্পেট পরিহার করুন। কার্পেটে ধুলো জমে আটকে থাকে। তাতে অ্যালার্জির সংক্রমণ হতে পারে।
এই ঋতুতে দিনে অন্তত দুবার ঘরের আসবাব ঝাড়-পোঁছ করা উচিত।

এমন অনেক পরিবার আছে যাদের সবাই কর্মজীবী। তাঁদের জন্য দিনে দুবার আসবাব পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তাঁরা বাইরে বের হওয়ার আগে আসবাবের ওপর, বিশেষ করে বৈঠকঘরের আসবাব কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। বাড়ি ফিরে কাপড় সরিয়ে নিলে আসবাব বেশ খানিকটা রক্ষা পাবে ধুলোর হাত থেকে।
আর তা ছাড়া কিছু টিপস তো আছেই যা আপনার আসবাবকে রাখতে পারে ধুলোমুক্ত। জেনে নিন সেগুলো।
জানালা ও দরজায় ভারী পর্দা ব্যবহার করতে হবে, যাতে ঘরে ধুলোবালি সহজে ঢুকতে না পারে। সম্ভব হলে রোজ একবার ঘর মুছে নিতে হবে। পরিষ্কার কাপড় দিয়ে ঘরের প্রতিটি কোনা মুছে ফেলতে হবে। যাতে ধুলো জমে পুরু না হয়ে থাকে।
ঘর রোগজীবাণুমুক্ত রাখতে হলে সপ্তাহে অন্তত দুই-তিন দিন ডেটল বা স্যাভলন-জাতীয় জীবাণুনাশক পানির সঙ্গে মিশিয়ে ঘর মুছতে পারেন।
কাচের আসবাব ও শোপিস মোছার জন্য বিশেষ তরল বাজারে কিনতে পাওয়া যায়। সপ্তাহে অন্তত একবার এগুলো পরিষ্কার করতে পারেন। মাটির তৈজস বা শোপিস পরিষ্কারের জন্য নরম ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। তবে মাটির তৈরি সামগ্রীতে রঙিন নকশা করা হলে সেগুলো পরিষ্কার করতে শুকনো কাপড় ব্যবহার করুন।
কাঠের তৈরি আসবাব পানি দিয়ে পরিষ্কার করা যাবে না। অবশ্যই শুকনো ঝাড়ন দিয়ে পরিষ্কার করতে হবে।
গদিওয়ালা আসবাব ধুলোমুক্ত রাখতে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন।
টেলিভিশন বা কম্পিউটার স্ক্রিন, বইয়ের আলমারি শুকনো কাপড় দিয়ে মুছতে হবে। রেফ্রিজারেটর পরিষ্কারের জন্য ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে মুছতে হবে।
ঘরকে ধুলোবালিমুক্ত করতে বিভিন্ন মার্কেটে পাওয়া যায় ঝাড়ন। কাপড়ের ঝাড়ন, ব্রাশের ঝাড়ন, বেতের তৈরি মুরগির পালকের ঝাড়ন যেকোনো কিছুই পেয়ে যাবেন বাড়ির পাশের যেকোনো বাজারে।