ঘরে লক্ষ্মীপেঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ একদিন বাসার স্নানঘরের ভেন্টিলেটরের ফোকরে হিস হিস শব্দ। সেই শব্দে বাসার সবাই ভয়ে জড়োসড়ো। সবার ধারণা, সাপ বাসা বেঁধেছে ওখানটায়। লোক ডেকে আনা হলো। দূর থেকে সবার সতর্ক দৃষ্টি। কিন্তু কোথায় সাপ? তার বদলে বেরিয়ে এল আটটি লক্ষ্মীপেঁচার ছানা! ছোট ছানাগুলো তখন ভালোভাবে চোখই মেলতে পারে না! দিনমান চিৎকার-চেঁচামেচি শুনতে কারই বা ভালো লাগে! সবার দাবি—আজই আপদ বিদায় করো। ঘটনাটা ঢাকার রামপুরার।শ্বশুরবাড়িতে ওই লক্ষ্মীপেঁচার ছানাগুলোকে দেখে মায়া হয় তাসনুভা জেসমিনের। কিন্তু কী করবেন তিনি? ঠিক তখনই বড় ভাই শেখ তানভীর হাসানের কথা মনে পড়ে। ছেলেবেলা থেকেই পশুপাখির প্রতি বেশ টান আছে প্রকৌশলী ভাইটির। খবর পেয়ে ছুটেও আসেন তানভীর। ছানাগুলোকে দেখে সেগুলোর দেখভাল করার সিদ্ধান্ত নেন। ওগুলোকে নিয়ে সরাসরি চলে আসেন নিজের মেসে। ইন্টারনেট ও বইপত্র ঘেঁটে পেঁচা সম্পর্কে সংগ্রহ করতে থাকেন নানা তথ্য ও ছবি। সেই অনুযায়ী ছানাগুলোকে খাবারদাবার দেওয়া, যত্ন-আত্তি, প্রচণ্ড চেঁচামেচি ও মলের দুর্গন্ধ—সব ঝামেলাই মাথা পেতে নিয়েছেন তানভীর। ছানাগুলোর বয়স তিন সপ্তাহ হতে চলল। গায়ে ঘিয়ে-সাদা রঙের পশমগুলো বড় হচ্ছে দিনে দিনে। ছানাগুলোর খাবার ছোট মাছ। বিড়ালের হাত থেকে বাঁচাতে একটা বড় খাঁচাও কিনে এনেছেন। তানভীরের মেসের অন্যরাও ছানাগুলো দেখাশোনা করছেন। তানভীরের ইচ্ছা, ছানাগুলো ঠিকমতো উড়তে শিখলেই কোনো এক দূর গ্রামে ছেড়ে দিয়ে আসবেন।