ঘরেই পরিপূর্ণ যত্ন
সব সময় পারলারে গিয়ে নিজের যত্ন করিয়ে আনাটা পছন্দের নয় অনেকেরই। সে জন্যই মন চায় এমন কিছু পেতে, যেটা দিয়ে অনায়াসে ঘরে বসেই নিজের যত্ন করা যাবে। রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন জানালেন তেমনই কিছু ঘরোয়া প্যাকের হদিস। ত্বকের যত্ন: এ সময় ত্বকের চাই ময়েশ্চারাইজার। কলা ও পেঁপে ত্বকে ব্যবহার করলে মেলে ময়েশ্চারাইজার। আমাদের দেশে বিভিন্ন ঋতুতে যেসব ফল বা সবজি পাওয়া যায়, এর বেশির ভাগই আমাদের ত্বকের জন্য উপকারী। ফল বাহ্যিকভাবে ব্যবহারের চেয়ে যদি খাবার হিসেবে গ্রহণ করা যায়, তাহলেই সুফলটা বেশি মেলে। কিছু খাবারে অনেকের অ্যালার্জি হয়। সেসব এড়িয়ে চলাই ভালো। এ ছাড়া কমলার রস, সফেদা, কলার মিশ্রণ করে পাঁচ বা সাত মিনিট ত্বকে লাগিয়ে রেখে স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেললে উপকার হবে। এটা সপ্তাহে দু-তিন দিন ব্যবহার করলেই হবে। বাইরে থেকে এসে ত্বক পরিষ্কার করতে হবে। সে ক্ষেত্রে চন্দনের পাউডারের সঙ্গে চালের গুঁড়া বা চিনি এবং যদি মুখে কালো দাগ থাকে, তাহলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে পেস্ট বানিয়ে সেটা দিয়ে নিয়মিত মুখ ধুলে ত্বক থাকবে আকর্ষণীয়।চুলের যত্ন: শীতের এই শুষ্কতায় আমাদের চুলও হয়ে পড়ে বেশ শুষ্ক। ধুলোবালি বেশি জমে আমাদের চুলে। সেই সঙ্গে যোগ হয় খুশকি। খুশকি থেকে মুক্তি পেতে মেথিবাটা, টকদই, মেহেদিপাতা বাটা, লেবুর রস, ডিমের সাদা অংশ এবং সমস্যা না হলে পেঁয়াজের রস মিশিয়ে মাথার ত্বকে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে শ্যাম্পু করতে হবে। এ ছাড়া নারকেল তেল চুলে দিয়ে ঘণ্টা খানেক বা সারা রাত রেখে সকালে শ্যাম্পু করলে, সেটি কাজ করবে কন্ডিশনারের। চুলে বেশি গরম বা বেশি ঠান্ডা পানি না দেওয়াই ভালো। তিলের তেল ব্যবহারও চুলের জন্য বেশ উপকারী।ঠোঁটের যত্ন: সঙ্গে সব সময়ই ভ্যাসলিন বা লিপবাম রাখুন। ঠোঁট শুকিয়ে গেলে জিভ দিয়ে না ভিজিয়ে বাম লাগান। গোলাপের পাপড়ি, কমলার রস এবং দুধের সর বা মাখন মিশিয়ে ঠোঁটে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ঠোঁটের কালচে ভাবটা দূর হবে। রাতে ঠোঁটে মাখন দিয়ে রাখলেও ঠোঁটের শুষ্কতা কম হবে।এ ছাড়া হাত-পায়ের যত্নে ব্যবহার করা যেতে পারে কিছু ঘরোয়া প্যাক। সেসব নিয়ে কথা বলেন হারমনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা।হাতের যত্ন: প্রথমে চালের গুঁড়া, শসার রস, গাজরের রস, মধু—এসব দিয়ে একটা প্যাক বানিয়ে সেটা দিয়ে হাত ঘষে মরা কোষ তুলে ফেলতে হবে। তারপর কুসুম গরম পানিতে একটু শ্যাম্পু মিশিয়ে হাত ধুতে হবে। তারপর লেবু দিয়ে নখগুলো ঘষতে হবে। এরপর মসুর ডালের বেসন, কাঁচা হলুদের রস, শসার রস, গাজরের রস, দুধ এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে পাতলা করে লাগিয়ে ২০ মিনিট রাখতে হবে এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। তারপর ময়েশ্চারাইজার লাগাতে হবে। পায়ের যত্ন: এ সময় পায়ের গোড়ালি ফাটে বেশি। সে জন্য ঝামা দিয়ে ঘষে ফাটা চামড়া তুলে ফেলতে হবে। তারপর গাঢ় করে ভ্যাসলিন লাগাতে হবে। গোলাপ জল, গ্লিসারিন ও অলিভ অয়েল মিশিয়ে সেটা রাতে হাত-পায়ে মেখে রাখলে তা ময়েশ্চারাইজারের কাজ করবে। এই প্যাক বানিয়ে রেখেও দিতে পারেন বয়ামে। কেবল ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিতে হবে ভালোভাবে। বুটের ডাল বাটা, লেবুর রস, দুধ, টমেটোর রস, মধু—এই মিশ্রণটি হাত-পা পরিষ্কার করার কাজে বেশ সহায়ক।