ঘরেই বাবুর্চির রান্নার স্বাদ
ঈদের দিন আত্মীয়-বন্ধুদের নিয়ে বিশেষ কিছু রান্না খেতে চান সবাই। এ জন্য ঘরের খাবারেই আনতে পারেন বাইরের খাবারের স্বাদ। দেখে নিন শওকত তেহারি ও ক্যাটারিং সার্ভিসের দেওয়া কয়েকটি রান্না।তেহারিউপকরণ: পোলাওর চাল (কালিজিরা), মাংস (গরু বা খাসি) ছোট টুকরা করা, ছোট আলু, তেল, ঘি, পেঁয়াজ, আদা, রসুন, ছোট এলাচ, দারচিনি, জয়ত্রি, জায়ফল, লবঙ্গ, শাহি জিরা, টক দই, দুধ, কাঁচামরিচ, সাদা গোলমরিচ, লবণ পরিমাণমতো। প্রণালি: কাঁচা পেঁয়াজ, আদা, রসুন, টক দই মাংসের সঙ্গে ভালো করে মেখে চুলায় বসাতে হবে। মাংসের পরিমাণ অনুযায়ী গরম মসলা গুঁড়া করে মাংসের ওপর দিতে হবে। ছোট আলু সেদ্ধ করে নিতে হবে। মাংস ৮০ শতাংশ রান্না হলে আগে থেকে সেদ্ধ করা আলু মাংসের ওপর ঢেলে দিতে হবে। আলাদা চুলায় নিয়মমতো পোলাও রান্না করে নিতে হবে। আলাদা রান্না করা পোলাও চুলার ওপর রাখা মাংসের ওপর ঢেলে দিতে হবে। এ ক্ষেত্রে বলা যায়, পাঁচ কেজি চালের সঙ্গে আট কেজি মাংস দিলে ভালো হয়। এরপর ঘি আর ভাজা পেঁয়াজ রান্না করা তেহারির ওপর দিয়ে দিতে হবে। মোরগ পোলাওউপকরণ: চাল, একটি মুরগি (চার টুকরা করে কেটে নিতে হবে), পেস্তা বাদাম গুঁড়া, আলুবোখারা, তেল, ঘি, পেঁয়াজ, আদা, রসুন, ছোট এলাচ, দারচিনি, জয়ত্রি, জায়ফল, লবঙ্গ, শাহি জিরা, টক দই, দুধ, কাঁচামরিচ, সাদা গোলমরিচ, লবণ পরিমাণমতো। শুকনা মরিচ, কাঁচামরিচ, আদা, রসুন, ভাজা পেঁয়াজ। প্রণালি: ভালোভাবে পরিষ্কার করে টুকরো করা মুরগি ৩০ মিনিট লবণপানিতে ভিজিয়ে রাখতে হবে। লবণপানি থেকে তুলে ভালোভাবে ছেঁকে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন বাটা, গরম মসলা গুঁড়া, দুধ দিয়ে মুরগির মাংস মেখে কিছু সময় রাখতে হবে। পাত্রে মালাই, জায়ফলসহ বিভিন্ন মসলা দিয়ে আগুনের ওপর কিছু সময় রাখতে হবে। এতে মুরগির মাংস সেদ্ধ করে নিতে হবে। চাল আলাদাভাবে আধা সেদ্ধ করে দিতে হবে। মুরগি সেদ্ধ হয়ে গেলে মাংস রেখে দিতে হবে। আধা সেদ্ধ চাল মুরগি সেদ্ধ করা পানি ও তেলে রান্না করতে হবে। হয়ে এলে এর মধ্যে মুরগির মাংস ছেড়ে দিন। হয়ে গেল মোরগ পোলাও।বোরহানিউপকরণ: টক দই, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, পোস্তা দানা বাটা, ধনে ও পুদিনাপাতা বাটা, বিট লবণ, সামান্য আদা, রসুন বাটা, কাঁচামরিচ, চিনি, লবণ ও টমেটো সস্। প্রণালি: টক দই মার্কিন কাপড়ে বিছিয়ে রাখতে হবে। এর নিচে কোনো পাত্র রাখুন। এরপর সব মসলা পানি দিয়ে গুলে টকদইয়ের ওপর দিয়ে দিতে হবে। লবণ ও চিনি দিয়ে পরিমাণ অনুযায়ী ভালোমতো মিশিয়ে নিন। নিচের পাত্রে বোরহানি জমা হবে।জালি কাবাবউপকরণ: গরু বা খাসির মাংসের কিমা। বুটের ডালের ছাতু, গরম মসলা, টক দই, রুটি, টোস্ট বিস্কুট, ডিম, পুদিনা ও ধনেপাতা। প্রণালি: বুটের ডালের ছাতু, গরম মসলা, টক দই, রুটি, টোস্ট বিস্কুট একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর পুদিনা ও ধনেপাতা বেটে পেস্ট করে সব একসঙ্গে মেশাতে হবে। মেশানোর পরে সবকিছু এক করে খামিরের মতো করতে হবে। মেশানোর পর গোল গোল করে রাখতে হবে। ডিম ভেঙে তার মধ্যে গোল উপকরণটি ডুবিয়ে নিয়ে ডুবাতেলে ভাজতে হবে। তৈরি হয়ে যাবে জালি কাবাব।