ঘরেই মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জটিল রোগে আক্রান্ত হলে বান্দরবানের রোগীদের আর ছুটতে হবে না ঢাকা বা চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে। টেলি প্রেসক্রিপশন বা দূর ব্যবস্থাপত্রের মাধ্যমে রোগীরা ঘরে বসেই পাবেন চিকিৎসকের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা। এর ফলে এই পার্বত্য জেলার দরিদ্র রোগীরাও উন্নত চিকিৎসাসেবার আওতায় আসবেন।
বান্দরবান সদর হাসপাতালে আগামী আগস্ট মাস থেকে চালু হচ্ছে অনলাইন চিকিৎসা সেবাকেন্দ্র। সারা দেশে প্রাথমিক পর্যায়ে ২৯টি অনলাইন চিকিৎসা সেবাকেন্দ্র গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে শুধু বান্দরবানে একটি কেন্দ্র চালু হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
দূর ব্যবস্থাপত্র পদ্ধতির এ সেবাকেন্দ্র চালু হলে সব রোগের চিকিৎসাসেবা মিলবে। সময় ও টাকা খরচ করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য লাইনে দাঁড়িয়ে ঝামেলা পোহাতে হবে না। বান্দরবান সদর হাসপাতালের অনলাইন সেবাকেন্দ্র দেশের সেরা চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে রোগীদের ব্যবস্থাপত্র দেবে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, সদর হাসপাতালে অনলাইন চিকিৎসা সেবাকেন্দ্রের যন্ত্রপাতি স্থাপনের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। জনবল নিয়োগ এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এ মাসের মধ্যে সব প্রস্ত্ততি শেষ হলে আগামী মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রটি চালু করা সম্ভব হবে। এটি চালু হলে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামের দরিদ্র মানুষ ঘরে বসেও চিকিৎসাসেবা নিতে পারবেন। বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অংসুই প্রু মারমা বলেন, অনলাইন চিকিৎসা সেবাকেন্দ্র সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার একটি যুগান্তকারী পদক্ষেপ। বান্দরবান সদর হাসপাতালে এ সেবাকেন্দ্র চালু হলে অস্ত্রোপচারের রোগীদের যার যেখানে অস্ত্রোপচার হবে সেখানে পাঠানো হবে। বর্তমানে জটিল রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর রোগ নির্ণয় করে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি করা হয়। অনলাইন কেন্দ্র চালু হলে বিশেষজ্ঞ চিকিৎসেকরা নির্ধারণ করে দেবেন কোন রোগী কোন হাসপাতাল বা হাসপাতালের কোন বিভাগে যাবেন।
বান্দরবানের সিভিল সার্জন মংতেঝ রাখাইন বলেন, এই সেবা চালু হলে বান্দরবানের রোগীরা সহজে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। এমনকি লামা ও থানচির মতো দুর্গম এলাকার রোগীরা এ সেবার আওতায় আসবেন। এ জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের আইপ্যাড দেওয়া হচ্ছে। তাঁদের মাধ্যমে গ্রামে বসেও রোগীরা অনলাইন চিকিৎসা সেবাকেন্দ্রে সরাসরি যোগাযোগ করে রোগের ব্যবস্থাপত্র নিতে পারবেন।