ঘরেও খেলা দেখি মাঠেও দেখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের খেলা চললে স্টেডিয়ামে দেখা যায় তারুণ্যের এমন চিত্র। ছবি: শামসুল হক
বাংলাদেশের খেলা চললে স্টেডিয়ামে দেখা যায় তারুণ্যের এমন চিত্র। ছবি: শামসুল হক

দেশের ক্রিকেট খেলা মানেই তরুণের বাড়তি উচ্ছ্বাস, উদ্দীপনা। দল নির্বাচন থেকে মাঠের ফিল্ডিং কৌশল কী হবে—সবকিছু নিয়েই তাঁদের মধ্যে চলে তর্ক-বিতর্ক। আর খেলা দেখা? বাংলাদেশে খেলা হলে দেশের স্টেডিয়ামে তারুণ্যের বাঁধভাঙা উপস্থিতি থাকে। কিন্তু দেশের বাইরে হলেও সেই আনন্দে ভাটা পড়ে না। দলবেঁধে বন্ধু বা নিজের বাসায় খেলা দেখা, মহল্লায় বড় পর্দার আয়োজন থাকেই। ‘তবে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের হলে থাকি, তারাই সম্ভবত বেশি মজা করি খেলা দেখা নিয়ে। তামিম-সাকিব চার-ছয় হাঁকালে আচমকা মনে হয় এ যেন মিনি স্টেডিয়াম।’ বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী আবুল বাশার।
তবে স্টেডিয়ামে যাওয়া নিয়ে তরুণদের নানা গল্প রয়েছে। যেমন একটি দলের সবাই রাজনকে ডাকেন ‘টিকিট বাবা’ বলে! তাঁর এই পদবিপ্রাপ্তির অবশ্য একটি বিশেষ কারণও রয়েছে। বন্ধুরা দলবেঁধে খেলা দেখতে স্টেডিয়ামে যাওয়া মানেই টিকিট সংগ্রহের দায়িত্ব বর্তায় রাজনের ওপর! ‘দেশে যখন টিকিটের আকাল, তখনো রাজন আমাদের নিরাশ করে না! ওর টিকিট সংগ্রহের দক্ষতা দেখে আমরা মজা করে এই নামে ডাকি!’ বলেন প্রিয়াঙ্কা গোমেজ। বিশ্ববিদ্যালয়পড়ুয়া প্রিয়াঙ্কা ও রাজনদের পাঁচজনের দলটি ক্লাস আর পরীক্ষার ফুরসত পেলেই ছুটে যায় স্টেডিয়ামে।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে ম্যাচের টিকিট সংগ্রহ থেকে শুরু করে জার্সি কেনা—সব প্রস্তুতি চলে কয়েক দিন ধরে। কে দল গোছাবেন, কে টাকা সংগ্রহ করবেন দায়িত্বও ভাগ করা থাকে আগে থেকে। তাঁরা শুধু খেলা দেখতেই যান এমন নয়। সময়টাকে উদ্যাপন করেন উৎসবের আমেজে। গায়ে বাংলাদেশ দলের জার্সি, মাথায় লাল-সবুজ পতাকা, অনেকে আবার মাথায় পরেন বাহারি রঙের পরচুলা। কী থাকে না সে উদ্যাপন আয়োজনে! অনেকে তো নিজের শরীরের এঁকে নেন ডোরাকাটা বাঘ।
ঢাকায় খেলা হলে ক্রিকেটপ্রেমী অনেক তরুণ খেলা দেখতে ছুটে আসেন ঢাকার বাইরে থেকে। গত এশিয়া কাপেই এসেছিলেন রিয়াদ মাহমুদ, বাপ্পি রহমান আর ত্বাসীন মীম। তিনজনই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র। ত্বাসীন মীম বলেন, ‘ক্লাস আর পরীক্ষার হাত থেকে নিস্তার পেলেই ছুটে যাই খেলা দেখতে। সত্যি বলতে দলবেঁধে খেলা দেখার মজাই আলাদা।’ ক্রিকেটের অন্ধপ্রেমী আরেক তরুণ রুদ্র তো ভাবছেন কলকাতায় চলে যাবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে।
কথা হয় তিতুমীর কলেজে স্নাতকোত্তর শ্রেণির ফাহমিদা তিন্নি, মহাদেব সাহা ও শাহরিয়ার রহমানের সঙ্গে। বাংলাদেশের খেলা থাকলেই তাঁদের একসঙ্গে পাওয়া যায়। অধিকাংশ দিনই দাওয়াত পান ফাহমিদার বাসা থেকে। জিজ্ঞেস করেছিলাম কেন এই আয়োজন করে খেলা দেখা? ফাহমিদা বলেন, ‘পরিবারের সঙ্গে থাকলে তেমন করে মজা করা যায় না। বন্ধুদের সঙ্গে থাকলে শুধু খেলা দেখাই নয়, প্রতিটি মুহূর্ত উল্লাস করা যায়।’ শুধু কি উল্লাস? ফাহমিদার কথায় সুর মেলান মহাদেব, ‘দলবেঁধে খেলা দেখার মধ্যে অন্য রকম এক প্রশান্তি। খেলার প্রতিটা মুহূর্ত থাকে উত্তেজনায় ভরপুর, যেটা টিভির সামনে বসে অনুভব করা যায় না। আর খেলা যদি হয় বাংলাদেশের, তাহলে তো কথাই নেই!’