ঘরের আগুনে পুড়ছে বান্দরবান আওয়ামী লীগ
ঘরের আগুনে পুড়ছে বান্দরবান জেলা আওয়ামী লীগ। সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বান্দরবানের সাবেক সাংসদ বীর বাহাদুর উশৈচিং ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা এখন মুখোমুখি।
বীর বাহাদুর দলের মনোনয়ন পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি। নির্বাচনে বিরোধী দল না থাকলেও আওয়ামী লীগের দুই প্রার্থীর লড়াই উত্তাপ ছড়াচ্ছে বান্দরবানে।
বান্দরবান সদর, লামা ও আলীকদমের নেতা-কর্মীরা বলেছেন, সংসদ নির্বাচনকে ঘিরে দ্বিধাবিভক্ত হয়ে পড়া দলের তৃণমূলের কর্মীদের মধ্যে এখন চাপা ক্ষোভ বিরাজ করছে। প্রকাশ্যে কিছু না বললেও নেতা-কর্মীরা এই দুই প্রার্থীর কারও না কারও পক্ষ নিয়ে কাজ করছেন। প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার পক্ষে কাজ করার অভিযোগে দলের সদস্যপদ স্থগিত হয়েছে সুয়ালক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল খান ও বান্দরবান সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুফল চাকমার। তাঁরা জানান, প্রসন্নর পক্ষে কাজ করার অভিযোগে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।
আাাওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, জেলার সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান ও বীর বাহাদুরের সঙ্গে প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার বেশ কয়েক বছর ধরে বিরোধ চলছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বান্দরবান জেলা পরিষদও পুনর্গঠিত হয়। জেলা পরিষদের পুনর্গঠনের পর দপ্তর ভাগাভাগি নিয়ে কাজী মুজিবর রহমান ও পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমার সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয় প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার। এই দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ করেন প্রসন্ন। এই বিরোধে কাজী মুজিবর ও ক্যশৈহ্লা মারমার পক্ষ নেন বান্দরবানের সাংসদ। এ কারণে বীর বাহাদুরের সঙ্গে বিরোধ তৈরি হয় প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার। এবারের সংসদ নির্বাচনকে ঘিরে এই বিরোধ আবারও প্রকাশ্যে চলে এল।
প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার ঘনিষ্ঠ জনদের দাবি, জেলা পরিষদে ক্যশৈহ্লা মারমা ও কাজী মুজিবর রহমান নানা অনিয়ম-দুর্নীতি করেছেন। এ কারণে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। প্রসন্ন কান্তি বীর বাহাদুরের সঙ্গে এসব ব্যাপারে আলাপের জন্য বিভিন্ন সময়ে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তবে নির্বাচন ঘনিয়ে এলে প্রসন্ন কান্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বীর বাহাদুর। কিন্তু এবার সাড়া দেননি প্রসন্ন কান্তি। এ অবস্থায় দলের সুবিধাবঞ্চিত ও তৃণমূলের নেতা-কর্মীরা প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার পক্ষ নিয়েছেন বলে তাঁরা দাবি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা বলেন, তিনি আওয়ামী লীগকে সুবিধাবাদী চক্রের হাত থেকে রক্ষার জন্য নির্বাচনে যেতে বাধ্য হচ্ছেন। জেলা সাধারণ সম্পাদকের দুর্নীতি ও সাম্প্রদায়িক কূটকৌশলকে প্রশ্রয় দিয়ে বীর বাহাদুর অসাম্প্রদায়িক আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করেছেন।
তবে কাজী মুজিবর রহমান বলেন, শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর পক্ষে যিনি কাজ করবেন, তাঁকেও বহিষ্কার করা হবে।