টেকনাফের সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) গত দুটি নির্বাচনে জয় পেয়েছেন বিএনপি–সমর্থিত প্রার্থী। এবারও বিএনপির একক প্রার্থী রয়েছেন। অন্যদিকে ঘরের আগুন নেভাতে পারেনি আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত না মেনে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন দুজন। তৃণমূলের নেতা-কর্মীদের আশঙ্কা, শেষ পর্যন্ত দুই বিদ্রোহীকে বশে আনতে না পারলে দলীয় প্রার্থীর ভরাডুবির আশঙ্কা রয়েছে।
সেন্ট মার্টিনে বিএনপির প্রার্থী মৌলভি আবদুর রহমান। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন কমিটির সভাপতি মুজিবুর রহমান। ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি নুর আহমদ (মোটরসাইকেল) ও সদস্য আবদুর রহমান (আনারস)।
গণসংযোগে ‘বিদ্রোহী’ প্রার্থীরাও নিজেদের পরিচয় দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে। এ নিয়ে ভোটাররা বিভ্রান্ত।
মাঝরপাড়ার এলাকার ভোটার কেফায়েত উল্লাহ বলেন, ‘এবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দাঁড়িয়েছেন তিনজন। সবাই শেখ হাসিনার কথা বলছেন। এখন আমরা কাকে ভোট দেব?’
এ ছাড়া আওয়ামী লীগ ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে ভোটারদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ করছেন। ভোটের কেন্দ্র দখলের আশঙ্কা করছেন তাঁরা।
আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান বলেন, ‘দলের দুই বিদ্রোহী শেখ হাসিনা ও দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন। ভোটারদের কেন্দ্রে না যেতে ভয়ভীতি প্রদর্শন করছেন।’ তিনি বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপ চেয়েছেন বলে জানান।
‘বিদ্রোহী’ প্রার্থী নুর আহমদ বলেন, ‘দলের একজন প্রার্থী সকাল ১০টার আগে ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাইসহ ভোটারদের নানা ভয়ভীতি প্রদর্শন করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট মহলকে অবগত করা হয়েছে।’
নুর আহমদ আরও বলেন, ‘১৯ বছর আমি সেন্ট মার্টিন আওয়ামী লীগের সভাপতি ছিলাম। তিনবার ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি। অথচ দলের মনোনয়ন পেলাম না। এখন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে নেমেছি। জয়লাভ করে শেখ হাসিনার মুখ উজ্জ্বল করব।’
দলের অপর ‘বিদ্রোহী’ আবদুর রহমান বলেন, ‘কালোটাকার ছড়াছড়ি ও ক্ষমতার প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের একজন প্রার্থী ভোটারদের শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। সুষ্ঠু নির্বাচনে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে নৌবাহিনী ও কোস্টগার্ড মোতায়েনের দাবি জানাব।’
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর জানান, ‘দলের তিন প্রার্থীকে এক জায়গায় আনার চেষ্টা চলছে। আমরা চাই সেন্ট মার্টিনে নৌকার জয় হোক।’
দুই ‘বিদ্রোহী’ নিয়ে আওয়ামী লীগ হিমশিম খেলেও অনেকটাই নির্ভার বিএনপির প্রার্থী মৌলভি আবদুর রহমান। তিনি বলেন, ‘সেন্ট মার্টিন হচ্ছে বিএনপির ঘাঁটি। বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন বিএনপির প্রার্থী ছিলেন। তার আগের চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমদও ছিলেন বিএনপি–সমর্থিত। এবার বিএনপির প্রার্থী হিসেবে আমিও ভোটারের বেশ সাড়া পাচ্ছি। কিন্তু ভয়ের কারণ হলো আওয়ামী লীগের তিনজন চেয়ারম্যান পদপ্রার্থীর দলাদলি। সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরাও উদ্বিগ্ন।’
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, সেন্ট মার্টিনের নয়টি ভোটকেন্দ্রকে ঝঁুকিমুক্ত করার পরিকল্পনা আছে। তার আগে সেন্ট মার্টিনের আইনশৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘন নিয়ে সব প্রার্থীর সঙ্গে মতবিনিময় করা হবে।
প্রসঙ্গত, প্রায় ১৩ বর্গকিলোমিটার আয়তনের এই ইউপিতে নির্বাচন হবে ২২ মার্চ। ভোটার সংখ্যা ৩ হাজার ৯৪। এর মধ্যে নারী ১ হাজার ৫৫৬ ও পুরুষ ১ হাজার ৫৩৮ জন।
সাবেক চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমদ বলেন, এখানে কম ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। জেতার জন্য প্রয়োজন হয় হাজার খানেক ভোট। বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন নির্বা হন ৯০৭ ভোটে। এর আগে ৮৮৫ ভোটে চেয়ারম্যান হন তিনি।