ঘরের উঠান থেকে বের হলেই সাঁকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ মে ঘূর্ণিঝড় রোয়ানু ও বর্ষা মৌসুমে একাধিকবার বৃষ্টির কারণে রায়পুর ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট ভেঙে গেছে। ফলে সাঁকো হয়ে দাঁড়িয়েছে এখানকার মানুষজনের চলাচলের ভরসা। পূর্ব গহিরার হাড়িয়াপাড়া এলাকার চিত্র l প্রথম আলো
২১ মে ঘূর্ণিঝড় রোয়ানু ও বর্ষা মৌসুমে একাধিকবার বৃষ্টির কারণে রায়পুর ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট ভেঙে গেছে। ফলে সাঁকো হয়ে দাঁড়িয়েছে এখানকার মানুষজনের চলাচলের ভরসা। পূর্ব গহিরার হাড়িয়াপাড়া এলাকার চিত্র l প্রথম আলো

বেহাল রাস্তার কারণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চারটি গ্রামের মানুষের কষ্টের শেষ নেই। এ বছরের ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানু ও বর্ষা মৌসুমে একাধিকবার বৃষ্টির কারণে উপকূলীয় এই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। যে কারণে এই ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট ভেঙে গেছে। ফলে সাঁকো হয়ে দাঁড়িয়েছে এখানকার মানুষজনের চলাচলের ভরসা।
সরেজমিনে দেখা গেছে, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা, ধলঘাট, বার আউলিয়া ও দক্ষিণ সরেঙ্গায় রাস্তাঘাট বেহাল হয়ে পড়েছে। অনেক স্থানে রাস্তার মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই সব স্থানে সাঁকো বসিয়ে পারাপার হচ্ছে লোকজন। কিছু কিছু এলাকার বাসিন্দারা ঘরের উঠান থেকেই সাঁকোতে ওঠেন। একাধিক সাঁকো পার হয়ে গন্তব্যে যেতে হয় তাঁদের। এতে নারী, শিশু, বৃদ্ধ, বিদ্যালয়গামী শিক্ষার্থীসহ সবাইকে কষ্ট পেতে হচ্ছে। পূর্ব গহিরার হাড়িয়াপাড়া এলাকায় গিয়েও একই চিত্র দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর সময় ও এরপর বর্ষা মৌসুমে এলাকায় পানি ওঠানামা করায় রাস্তাগুলোর মাটি সরে গিয়ে খালে পরিণত হয়েছে।
ধলঘাট এলাকার মোহাম্মদ মোকতার বলেন, ‘আমরা এখন অনেকটাই সাঁকোনির্ভর হয়ে পড়েছি। ঘর থেকে বের হলেই ছোট-বড় পাঁচটি সাঁকো পার হতে হয়।’ এ ব্যাপারে রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানে আলম প্রথম আলোকে বলেন, ‘এই ইউনিয়নের জন্য এলজিএসপি-২, টিআরসহ বিভিন্ন খাতে ২৪ লাখ টাকার উন্নয়নকাজ শিগগিরই শুরু হবে। এই বরাদ্দ দিয়ে আশা করি এলাকার ছোটখাটো রাস্তাগুলো সংস্কার করা যাবে। ইতিমধ্যে আড়াই লক্ষাধিক টাকার কাজও শেষ হয়েছে।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ বলেন, আনোয়ারা উপজেলার রায়পুরের বিভিন্ন গ্রামের অভ্যন্তরীণ সড়ক সংস্কারের বিষয়টি বিবেচনায় আছে। এ জন্য বরাদ্দ দেওয়া হবে।