ঘরের কাজও হোক পেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহস্থালির কাজকে সম্মান জানাতে চলছে আলোচনা
গৃহস্থালির কাজকে সম্মান জানাতে চলছে আলোচনা

ঘুম থেকে উঠেই রান্না করতে শুরু করেন গৃহিণী। একই সঙ্গে সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া, স্বামীর নাশতা তৈরি করাও চলে পুরোদমে। এভাবে দিনের অধিকাংশ সময়ই নারী গৃহস্থালির কাজে নিজেকে ব্যস্ত রাখেন। আবার সেই নারী যদি কোনো পেশায় নিযুক্ত থাকেন, তবে তো কথাই নেই। তাঁকে অফিসের কাজের পাশাপাশি সংসারের সব দায়িত্বও সামলে নিতে হয়।

সামগ্রিকভাবে গৃহস্থালির কাজে নারীর কাজের মূল্যমান নির্ধারণ করলে দেখা যায় তা জিডিপির চেয়েও বেশি। নারীর এ অবদানকে জিডিপিতে অন্তর্ভুক্ত করে গৃহস্থালির কাজকে সম্মান জানাতে হবে। একই সঙ্গে পরিবার সমাজের সব স্তরে গৃহস্থালির কাজের সঙ্গে যুক্ত নারীদের গৃহব্যবস্থাপক হিসেবে পরিচয় তুলে ধরতে হবে। নারীর গৃহস্থালির কাজকে মূল্যায়ন করা হলে নারীর প্রতি বৈষম্য, সহিংসতা অনেকাংশে কমে আসবে।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের উদ্যোগে ‘গৃহস্থালির কাজের মূল্যায়নের ভিত্তিতে জাতীয় অর্থনীতিতে নারীর অবদান’ শীর্ষক আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। ৯ মার্চ সকাল এই সংস্থার সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন কানাডাভিত্তিক আন্তর্জাতিক সংগঠন হেলথ ব্রিজের আঞ্চলিক পরিচালক দেবরা ইফরমসন। তিনি গবেষণার তথ্য তুলে ধরে বলেন, নারীরা গৃহে প্রতিদিন ৪৫ রকমের এবং গড়ে ১৬ ঘণ্টা কাজ করেন। ২০১২ সালের আদমশুমারি অনুযায়ী, ১৫ থেকে ৬৪ বছর বয়সী নারীরা গৃহস্থালির কাজে যে অবদান রাখছেন, তার আর্থিক মূল্য দাঁড়ায় ২২৭ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২৫৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের জিডিপির দ্বিগুণেরও বেশি।

সেমিনারে সংস্থার পরিচালক সৈয়দ মাহবুবুল আলমের সভাপতিত্বে ও আমিনুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন নারীপক্ষের প্রকল্প ব্যবস্থাপক সামিয়া আফরীন। এ ছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা।