ঘরের কাজের স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুমেলায় নৃত্য পরিবেশন করেন ‘নৃত্যরঙ’-এর শিল্পীরা
বন্ধুমেলায় নৃত্য পরিবেশন করেন ‘নৃত্যরঙ’-এর শিল্পীরা

ঘরের কাজের স্বীকৃতি ও এর আর্থিক মূল্য নিরূপণের মধ্য দিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও নারী-পুরুষের মধ্যে সমতা বিধান করা সম্ভব। এ জন্য নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সঙ্গে প্রয়োজন সচেতনতা ও পুরুষের দায়িত্বশীল আচরণ।
১০ মার্চ রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত বন্ধুমেলায় অংশ নেওয়া বক্তারা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন, বিজ্ঞাপনী সংস্থা মাত্রা ও প্রথম আলো বন্ধুসভার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার সদস্যদের পাশাপাশি সমাজে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সফল নারী ব্যক্তিত্বরা অংশ নেন। বন্ধুমেলার আনুষ্ঠানিকতা শুরু হয় মর্যাদায় গড়ি সমতা শীর্ষক দুটি তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে। এরপরই ‘আগুনের পরশমণি’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন ‘নৃত্যরঙ’-এর শিল্পীরা। এর সঙ্গে অনুষ্ঠানের পুরো সময়ে ছিল কবিতা আবৃত্তি, গান, আলোচনা, প্রশ্নোত্তর পর্বসহ ‘ঘরের কাজ মেয়েদের’ শিরোনামে সংসদীয় (ছায়া সংসদ) বিতর্ক। বিতর্ক দলের নেতৃত্বে ছিলেন হৃত্তিকা বড়ুয়া। ছিল বেগম রোকেয়ার রচনা থেকে পাঠ। আবৃত্তি করেন সাইদুল হাসান, হাসান সালেহ ও মোহতারিমা রহমান।

রোকেয়া কবির, শাহীন আনাম ও সানাউল আরেফিন
রোকেয়া কবির, শাহীন আনাম ও সানাউল আরেফিন

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘নারী-পুরুষের সমতা বিধান করা একটা কঠিন বিষয়। কারণ, আমাদের বিদ্যমান সমাজব্যবস্থায় কাজের যে বণ্টন, তাতেই বৈষম্যটা রয়ে গেছে।’
শাহীন আনাম আরও বলেন, ‘প্রতিটি কাজেরই একটা মূল্য আছে। আমরা মনে করি, নারীর অবদান যদি ঠিকমতো প্রচার হতো, তাহলে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর সম্মান ও মর্যাদা দুটোই বাড়ত।’
মুক্তিযোদ্ধা রোকেয়া কবির তাঁর স্মৃতিচারণায় মুক্তিযুদ্ধে নারীর অবদানের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে অধিকাংশ পুরুষই ছিলেন ঘরছাড়া। ঘরে থাকা বয়স্ক মানুষ ও শিশুদের দেখাশোনার বাইরে ওই সময়ে নারীরা কৃষিকাজটা ধরে রেখেছিলেন। এ জন্য দেশে তখন দুর্ভিক্ষ হয়নি। আর এই নারীদের সহযোগিতা ছাড়া গেরিলা যুদ্ধে সফল হওয়া মুক্তিযোদ্ধাদের জন্য খুব কঠিন হয়ে যেত।’
মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী বনশ্রী মিত্র নিয়োগী বলেন, ‘অনেক নারী এখন বাইরে কাজ করছেন। এটা একটা উল্লেখযোগ্য পরিবর্তন হলেও ঘরের চিত্র কিন্তু বদলায়নি। ঘরের কাজের মূল্যায়ন না হলে নারীর অধস্তন অবস্থার কোনো পরিবর্তন হবে না।’
মাত্রার পরিচালক সানাউল আরেফিন নারী-পুরুষের কাজে সমতা বিধানের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করার জন্য সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই সমতার জন্য আগে পুরুষতান্ত্রিক মনোভাবের পরিবর্তন আনতে হবে। আর শুরুটা হতে হবে নিজের ঘর থেকেই। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব নূরুন আখতার।
মেলার সংসদীয় বিতর্কে ঘরের কাজে পুরুষের সমান অংশীদারত্বের বিষয়টি জোরালোভাবে উঠে আসে। বিরোধী দলের বিতার্কিকেরা বলেন, ‘শুধু অর্থমূল্য না থাকায় একজন নারীর সব কাজ অর্থহীন হয়ে পড়ে। সমাজের বৃহত্তর স্বার্থেই নারীর সম্মান, মর্যাদা ও মানবাধিকার রক্ষা করা প্রয়োজন। কারণ, এটা বাদ দিয়ে সমাজ-সভ্যতার পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব হবে না।’
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেবলীনা সুর, সিলেট বন্ধুসভার সাবেক সভাপতি অনামিকা রায় ও রাবেয়া খানম। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাসিনা মোস্তাফিজ।
সহযোগিতায়: মানুষের জন্য ফাউেন্ডশন ও মাত্রা