ঘরের কোনে লুকিয়েও বাঁচতে পারল না রুনা
আগুন লাগার পর বাড়ির সবাই খুঁজছিল মানসিক প্রতিবন্ধী মেয়েটিকে। মেয়েটি তখন আগুনের ভয়ে লুকিয়ে ছিল বাড়ির এক কোনে। সে হয়তো ভেবেছিল, এভাবে লুকিয়ে থাকলেই বাঁচা যাবে। কিন্তু বাঁচা তার হলো না। আগুন নেভানোর পর ঘরের কোনেই পাওয়া গেল মেয়েটির ভস্মীভূত, ক্ষতবিক্ষত দেহটি। দেখে বোঝার উপায় ছিল না যে এটি ১৫ বছরের কিশোরীর মরদেহ। কিশোরীর নাম রুনা আক্তার। ঘটনাটি ঘটেছে ২২ নভেম্বর সকালে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ি গ্রামের মৃত আবু ছিদ্দিকের বাড়িতে । এ সময় বাড়িতে থাকা প্রায় পাঁচ লাখ টাকা, একটি মোটরসাইকেল, টেলিভিশন, রেফ্রিজারেটর, আসবাবসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। খোয়া যায় ১৬ ভরি স্বর্ণের অলংকার। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাটির দেয়াল (গুদামঘর) দিয়ে তৈরি দোতলা বাড়িটির মাটির অংশ ছাড়া সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরের এক কোনে পড়ে আছে রুনা আক্তারের বিকৃত মরদেহ। এ সময় রুনার মা হোসনেমা বেগম কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে আবারও বিলাপ করে কান্নাকাটি শুরু করেন তিনি। হোসনেমা বেগম জানান, সকাল সোয়া সাতটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তাদের দোতলা বসতঘরের নিচতলায় আগুন ধরে। আগুন দেখার পর মালামাল বের না করে বাড়ির সবাই রুনাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে দেখা যায় ঘরের এক কোনে সে গুঁজে আছে। কিন্তু ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় মেয়েটিকে বের করে আনতে কেউ এগিয়ে যেতে পারেনি। পুড়ে ছাই হয়ে যায় মেয়েটি। তিনি জানান, আগুন দেখার পর সবাই মেয়েটিকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ায় বাড়ি থেকে কোনো মালামাল বের করা যায়নি। নগদ পাঁচ লাখ টাকা, টিভি, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, ঘরের বিভিন্ন আসবাবসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। পারিবারিক সূত্র জানায়, হোসনেমা বেগমের সাত ছেলে, চার মেয়ে। এদের মধ্যে রুনা সবার ছোট। চার ছেলে দেশের বাইরে থাকেন। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে নজিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। শহীদ মোহাম্মদ ছাইদুল হক বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা দেওয়া হবে।’