ঘরের চালায় ঢেউটিন দুর্দিন শণচাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শণ বিক্রি করে সংসার চলে চাষি দম্পতি শোভা রানি ও কার্তিকজয় ত্রিপুরার। কিন্তু এখন চাহিদা কমে যাওয়ায় শণ জমিতেই রয়ে যাচ্ছে। লোকসান হওয়ায় এরপর থেকে আর শণ চাষের ইচ্ছে নেই তাঁদের। সংসার চালাতে জুম খেতে শস্য ও সবজির চাষ করার কথা ভাবছেন তাঁরা।
ঘরের চালায় শণের ছাউনির বদলে এখন জায়গা করে নিয়েছে ঢেউটিন। এ কারণে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার বর্নাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়ার বাসিন্দা শোভা রানি ও কার্তিকজয় ত্রিপুরার চোখে অন্ধকার দেখছেন। দুই একর পাহাড়ি জমিতে শণ চাষ করেছেন তাঁরা। বেশির ভাগ শণ জমিতেই নষ্ট হচ্ছে বলে জানালেন।
সম্প্রতি গোয়ালপাড়ায় গেলে এই চাষি দম্পতি বলেন, শণ প্রাকৃতিকভাবে জন্মায়। চাষের জন্য তেমন শ্রম দিতে হয় না। দিনে একজন শ্রমিক ছয় বোঝা শণ কাটতে পারেন। পারিশ্রমিক হিসেবে শ্রমিককে ২০০ টাকা দিতে হয়। কিন্তু কাঁচা অবস্থায় তা দূর পাহাড় থেকে বহন করে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তা–ও আবার শুকাতেও সময় লাগে ১৫ থেকে ২৫ দিন। অথচ এই শণ বাজারে বিক্রি হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বিক্রি হলেও শ্রমিকের পারিশ্রমিক আর সংসার খরচের টাকা উঠে আসে না।
আশঙ্কা প্রকাশ করে তাঁরা বলেন, চাহিদা না থাকায় শণের দাম পাচ্ছেন না তাঁরা। ফলে এ কাজে শ্রম না দিয়ে সামনের বছরগুলোয় পাহাড়ে জুমের ফসল লাগাবেন।
বর্নাল ইউনিয়ন ঘুরে হাতে গোনা কয়েকটি শণের চালার ঘর দেখা গেছে। বেশির ভাগ বাড়ির ওপরে চিকচিক করছে রুপালি ঢেউটিন। ফলে শোভা রানি ও কার্তিকজয় ত্রিপুরার মতো যাঁরা দীর্ঘদিন ধরে শণ বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন, তাঁরা এখন এই পেশা ছেড়ে দিচ্ছেন।
বর্নাল ইউনিয়নের বড়পাড়ার গিয়ে দেখা যায়, পাহাড়ি জমি থেকে শণ বিক্রির জন্য গ্রামে আনছেন কয়েকজন কৃষক। তাঁদের একজন সন্তোষ ত্রিপুরা বলেন, আশ্বিন থেকে চৈত্র মাস পর্যন্ত শণ কাটা করা হয়। শণ চাষে তেমন পরিশ্রম নেই। শুধু পাহাড়ের যে অংশে শণ চাষ করা হবে তা পরিষ্কার করে দিলে কিছুদিন পর প্রাকৃতিকভাবেই শণের কুঁড়ি জন্ম নেয়। তবে দেড় দুই হাত দৈর্ঘ্য হলে আগাছা পরিষ্কার করে একবার ইউরিয়া সার প্রয়োগ করলে শণ লম্বা ও ঘন হয়। আর ছয়-সাত ফুট লম্বা হলেই কাটার উপযুক্ত হয়। কাটার পর পর্যাপ্ত রোদে ১৫ থেকে ২৫ দিন শুকিয়ে নিতে হয়। এরপরই তা ব্যবহার উপযোগী হয়।
শণ ক্রেতা আবদুুল জলিল বলেন, ৩০০ টাকা দিয়ে তিন ভার শণ কিনেছেন তিনি। বাড়ির চালে একবার শণ দিলে মাত্র দুই বছর ব্যবহার করা যায়। টাকার অভাবে রান্নাঘরের চালায় টিন লাগাতে পারেননি বলে শণ কিনেছেন তিনি।
কেবল বর্নাল ইউনিয়ন নয়, খাগড়াছড়ি জেলা সদর এবং আশপাশের গ্রাম ও উপজেলাগুলোতেও এখন শণের ব্যবহার কমছে। কদর বাড়ছে ঢেউটিনের। এমনকি আগে পানের বরজে শণ ব্যবহার হলেও এখন অনেক চাষি কেবল বাঁশ ব্যবহার করছেন। পানছড়ি উপজেলার পানচাষি বরেন্দ্র ত্রিপুরা বলেন, পানের বরজের বেড়া দিতে শণ ব্যবহার করা হয়। তবে আগের মতো শণ আর পাওয়া যায় না। তাই অনেকে শণ ব্যবহার না করে বাঁশ ব্যবহার করছেন।
মাটিরাঙ্গা উপজেলার বর্নাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যা অনি রজ্ঞন ত্রিপুরা বলেন, ‘আগে আমাদের এলাকা শণের জন্য বিখ্যাত ছিল। বর্তমানে পাহাড়ে শণের উৎপাদন ও ব্যবহার কমে গেছে। প্রকৃতিবান্ধব এই উপাদানের ব্যবহার ধরে রাখতে হবে। এ জন্য শণের বিকল্প ব্যবহারও খুঁজে বের করা প্রয়োজন।’