
টি-অফ করলেন ঢাকার কুর্মিটোলা গলফ কোর্স থেকে। শটটি গিয়ে পড়ল ব্রাজিলের ‘ক্রাইস্ট দ্য রিডিমারের’ গোড়ায়। সুদূর এ কল্পনা সিদ্দিকুর রহমানের বেলায় সত্য। নতুন ইতিহাস গড়ে রিও অলিম্পিকে গেছেন গলফার সিদ্দিকুর রহমান। বাংলাদেশের অলিম্পিক ইতিহাসে প্রথম সরাসরি সুযোগ করে নেওয়া খেলোয়াড় যে এই গলফার! এর আগের আটটি আসরে দেশের হয়ে যাঁরা অলিম্পিকে অংশ নিয়েছেন, সবাই খেলেছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। শুধু তাই নয়; ব্রাজিলে শুরু হওয়া গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩১তম আসরে গলফ ফিরেছে প্রায় ১১২ বছর পর। আর সেই ফেরার লগ্নে নিজেকে রাঙিয়ে তোলার অপেক্ষায় সিদ্দিকুর।
দেশ থেকে ব্রাজিলের উদ্দেশে পাড়ি দেওয়ার আগ মুহূর্ত কেমন ছিল সিদ্দিকুর রহমানের? মা ফিরোজা বেগম বললেন, ‘ও (সিদ্দিকুর) নিজেই নিজের সব জিনিস গুছিয়ে রেখেছিল আগে থেকে। বিদায় জানাতে বাসায় এসেছিলেন আত্মীয়স্বজন।’ ওকে বলেছি, বাবা দোয়া করি। ভালো থেকো। জবাবে সিদ্দিকুর বলেছিলেন, ‘মা, এমন দোয়া করো যাতে দেশের জন্য কিছু করতে পারি।’

তবে সিদ্দিকুরকে অনেক আগেই বিদায় জানিয়েছিলেন স্ত্রী সামাউন আনজুম। দিনক্ষণ ঠিকমতো বলতে পারেননি তিনি। বলেন, ‘কিছুদিন আগে ওর থাইল্যান্ড সফরের সময় একেবারে বিদায় জানিয়েছিলাম।’ গলফের প্রশিক্ষণ নিতে সামাউন নিজেই চলে যান ভারতে, দেশে ফিরেছেন ৭ আগস্ট রাতে। এ সময়ের মধ্যে দুজনের যোগাযোগ হয়েছে মুঠোফোন ও ই-মেইলে। সামাউন নিজেও গলফ খেলেন। অলিম্পিকে সিদ্দিকুরের প্রত্যাশা কী জানতে চাইলে বলেন, ‘ওর কাছে পদকটা মুখ্য নয়। ও ওর সেরাটা দিতে চায়।’ সামাউনেরও একই প্রত্যাশা। সিদ্দিকুরের মা ও স্ত্রীর সঙ্গে ৮ আগস্ট মুঠোফোনে কথা হয়।
বলবয় থেকে ক্যাডি। এরপর গলফার বনে যাওয়া। তারপর থেকে শুধু এগোচ্ছেন। সফল হওয়ার রহস্য কী? প্রথমআলোকে দেওয়া একটি সাক্ষাৎকারে সিদ্দিকুর রহমান বলেছিলেন, ‘স্বপ্ন দেখতে হবে। সঙ্গে থাকতে হবে চেষ্টা।’ স্বপ্ন ও চেষ্টা—দুটোই থাকল, কিন্তু এই গলফারের রুটিনটা কেমন হওয়া চাই? এ সম্পর্কে জানা গেল সামাউনের কাছ থেকে। ভোরেই ঘুম থেকে ওঠেন তিনি। এরপর ধ্যান করেন। তারপর বিভিন্ন ব্যায়াম সেরে নাশতা করে বেরিয়ে পড়েন অনুশীলন করতে। কখনো একা অনুশীলন করেন। কখনো আবার বন্ধুদের সঙ্গে। দুপুরে বাসায় ফেরেন লাঞ্চ করতে। খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বিকেলে আবার বেরিয়ে পড়েন। উদ্দেশ্য, আবার অনুশীলন। বিকেলে সাধারণত ‘শর্ট গেম’ অনুশীলন করেন।
শৃঙ্খলার মধ্যে একজন খেলোয়াড়ের জীবনটা যেমন থাকে ঠিক তেমনটাই। স্ত্রীর মতে, দেশে ও দেশের বাইরে দুই ধরনের রুটিন মেনে চলেন তিনি। তবে দেশে থাকলে এ নিয়ম মেনে চলেন। পরিপাটি পোশাক পরতে পছন্দ করেন। কিন্তু কোনো বাহুল্য থাকে না তাতে। খেলার সময় সবুজ, লাল, হলুদ, সাদা—বিভিন্ন রঙের প্যান্ট পরে থাকেন।
