ঘরের ভেতর বাগান
বাড়তি বসতির চাপে আজকাল গ্রাম ও শহরে সবুজের সমারোহ কমে আসছে দিন দিন। গ্রামে যদিও যৎসামান্য সবুজের আঁকিবুকি চোখে পড়ে, শহরে তার ছিটেফোঁটাও নেই। এখানে তাই ভরসা একচিলতে বারান্দা কিংবা এক টুকরো ছাদ। হয়তো সেখানেই গাছ লাগিয়ে তাঁরা খোঁজেন তাঁর ফেলে আসা গ্রামের সুখস্মৃতি। মাত্র কয়েক বছর আগেও মানুষ বাসার আশপাশে শুধু আলংকারিক বৃক্ষেরই চাষ করতেন। সম্প্রতি তার সঙ্গে যোগ হয়েছে আরও নানা প্রাকৃতিক উপাদান। টবেই এখন ফলছে পুঁইশাক বা ডাঁটাশাকের মতো অনেক ধরনের মাঠের ফসল। প্রকৃতিতে এখন শেষ বসন্তের বিদায়ী সুর। তাই গ্রীষ্মের উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে সর্বত্র। এখনই প্রস্তুতি নিতে হবে গ্রীষ্মকালীন শাকসবজির। আপনার ছাদে যদি এসব ফলানোর জন্য বেড তৈরি করার কোনো সুযোগ থাকে তাহলে প্রথমেই ১০ ফুট দীর্ঘ এবং ১ ফুট প্রস্থের একটি বেড তৈরি করে নিন। আর বারান্দায় তো টবেই লাগাতে পারেন এসব। তবে ছাদ থেকে একটু উঁচুতেই বেড বানানো ভালো। তাহলে জমানো মাটি ছাদে কোনা জলাবদ্ধতা তৈরি করবে না। এ ক্ষেত্রে পানি নিষ্কাশনের ব্যবস্থা যথাযথ হওয়া চাই। তারপর প্রস্তুত করে নিতে হবে মাটি। এ জন্য ঝুরঝুরে দোআঁশ মাটিই ভালো হবে। মাটির এক-তৃতীয়াংশ শুকনো গোবর সার, ২৫০ গ্রাম সরিষার খৈল এবং ১০ গ্রাম পটাশ ও টিএসপি পানি মিশিয়ে সাত দিন ভিজিয়ে রাখতে হবে। মাটি শুকিয়ে গেলে বেড বা টবে রাখার পর চারা লাগানোর কাজ শুরু করতে হবে। এই মৌসুমে আপনি চাষ করতে পারেন বরবটি, করলা, শসা, ক্যাপসিকাম, ডাঁটাশাক, কলমিশাক, ঢ্যাঁড়শ, পুঁইশাক, পাটশাক, পুঁদিনা ও থানকুনির। আশপাশের বিভিন্ন নার্সারিতে এসব গাছের চারা এখন মোটামুটি সহজলভ্য। এ ধরনের শাকসবজির জন্য খুব বেশি গভীরতার মাটি বা বেডের প্রয়োজন হয় না। যদি বেড করার কোনো সুযোগ না থাকে, তাহলে বড় মাপের টবে যেসব গাছ রয়েছে, তার গোড়ায়ই বুনে দিতে পারেন এসব শাকসবজি। এ মৌসুমে ভালো ফলন পেতে হলে দুই বেলা সেচ দেওয়া প্রয়োজন। ভালোভাবে পরিচর্যা করতে পারলে অল্প সময়ের মধ্যেই ফলন পাওয়া সম্ভব। নিজের হাতে বোনা বাগানের এসব টাটকা শাকসবজি খাওয়ার চেয়ে দেখেই অনেক আনন্দ। গ্রীষ্মকালীন শাকসবজিতে পোকামাকড়ের আক্রমণ একটু বেশিই থাকে। সুতরাং এ ক্ষেত্রে কীটনাশক ব্যবহার জরুরি। রাসায়নিক কীটনাশকের চেয়ে প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত কীটনাশক ব্যবহার করাই উত্তম। নিজেই বানিয়ে নিতে পারেন কীটনাশক। ১০০ গ্রাম শুকনো মরিচের গুঁড়া ১০ লিটার পানিতে মিশিয়ে এক রাত ভিজিয়ে রেখে সকালে কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। তারপর অল্প পরিমাণ গুঁড়া সাবান মিশিয়ে ঝাঁকিয়ে একটু ফেনা করে নিলেই স্প্রে করা যাবে। রোদ থাকা অবস্থায় স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়।