ঘরোয়া বিনোদনে স্মার্ট টিভি

চলছে ইউরো কাপ আর কোপা আমেরিকা কাপ ফুটবল। সামনে ঈদ। তাই ঘরোয়া বিনোদনে এখন টিভির চাহিদা তুঙ্গে। টিভিতে প্রযুক্তিগত উন্নয়ন বেশ দ্রুতই হয়। সেই পেট মোটা টিভির যুগ শেষ হয়েছে অনেক আগেই। এলসিডি, এলইডি হয়ে এখন স্মার্ট টিভির যুগ। টিভিও এখন যুক্ত হয় ইন্টারনেটে। ফলে বিনোদন ও শিক্ষার নতুন এক দুনিয়া। স্মার্টফোনের অ্যাপগুলোও কাজ করে স্মার্ট টিভিতে। আর বিশেষায়িত অনেক অ্যাপ তৈরি করা হচ্ছে স্মার্ট টিভির জন্য। স্মার্ট টিভির পূর্ণ সুবিধা পেতে হলে লাগবে ভালো গতির ইন্টারনেট সংযোগ। তবে এখন অনেক টিভিতে ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ আছে।
স্মার্ট টিভি দেখতে ইন্টারনেট সংযোগ যদিও পূর্বশর্ত নয়, তবে ইন্টারনেটে যুক্ত করলে চমৎকার কিছু সুবিধা পাওয়া যায়। যেমন সরাসরি টিভিতে ওয়েবসাইট দেখতে পারবেন। বেশির ভাগ স্মার্ট টিভিতে আগে থেকেই ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজার ইনস্টল করা থাকে। অ্যাপের কথা তো বলেছিই। স্মার্টফোনের মতোই দরকারি নতুন অ্যাপ নামিয়ে নিয়ে ইনস্টল করে নেওয়া যাবে। চাইলে ফেসবুক, টুইটারও ব্যবহার করা যায় টিভি থেকেই।
বিক্রেতারা জানান, স্যামসাংয়ের স্মার্ট টিভির চাহিদা রয়েছে ভালো। এর মধ্যে ৩২ ও ৪০ ইঞ্চি টিভির বিক্রি বেশি। ঈদ উপলক্ষে স্যামসাংয়ের সব টিভিতে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড়।

স্মার্ট টিভির নিরাপত্তা
টিভি হোক আর যা-ই হোক, ইন্টারনেটে যুক্ত যেকোনো স্মার্ট যন্ত্রের সাইবার নিরাপত্তা জরুরি। হ্যাকার এবং ক্ষতিকর ম্যালওয়্যার থেকে নিরাপদ থাকতে স্মার্ট টিভি কেনার পরই কিছু পদক্ষেপ নেওয়া জরুরি।
কুকি পরিষ্কার রাখতে হবে
ওয়েব ব্রাউজারে কুকি সংরক্ষণ করা বন্ধ করুন। আগে সংরক্ষণ করা থাকলে প্রায়ই পরিষ্কার করে ফেলুন। আর চাইলে প্রাইভেট ব্রাউজিং মোডে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এতে অবশ্য ওয়েব ব্রাউজিংয়ের পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত থাকতে হতে পারে।
নেটওয়ার্কের নিরাপত্তা
ওয়াই-ফাই সংযোগের ক্ষেত্রে ওয়াই-ফাই সেটিংস থেকে সংযোগের নিরাপত্তা নিশ্চিত করে নিন। কমপক্ষে ডব্লিউপিএ২ মানের হতে হবে। রাউটারের ফায়ারওয়াল চালু আছে কি না, তা-ও দেখুন।
শক্ত পাসওয়ার্ড ব্যবহার করুন
ওয়াই-ফাই নেটওয়ার্কের নিরাপত্তায় অক্ষর, সংখ্যা এবং চিহ্নের সমন্বয়ে শক্ত পাসওয়ার্ড নির্বাচন করতে হবে।