ঘাগড়া বাজারে দুর্ঘটনার ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের ঘাগড়া বাজারে প্রতি বুধবার ও শনিবার পাইকারি হাট বসছে চরম ঝুঁকির মধ্যে। বাজার এলাকায় স্থানসংকুলান না হওয়ায় এবং ক্রেতাদের সুবিধার দিক বিবেচনায় মহাসড়কের ওপর এ হাট বসে। জানা যায়, ওই স্থানে গত এক মাসে দুটি দুর্ঘটনা ঘটেছে। বাজার চৌধুরী ও ইজারাদারেরা জানান, দুর্ঘটনা সত্ত্বেও বিকল্পব্যবস্থা না থাকায় হাটের স্থান পরিবর্তন করা সম্ভব হচ্ছে না।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজার এলাকার চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের চৌমুহনি থেকে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে প্রতি বুধ ও শনিবার পাইকারি হাট বসে। হাটের দিনে ঘাগড়া বাজারে কাউখালী, কাপ্তাই, রাঙামাটি সদর, নানিয়ারচর উপজেলা এবং ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে চাষিরা উৎপাদিত পণ্য নিয়ে আসেন। ওই দুই দিনে বাজারে ২০ থেকে ২৫ হাজার মানুষের সমাগম হয়। গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বাজারের ভেতরের মূল অংশে বসে আদা-হলুদের হাট। সেখান থেকে মহাসড়ক পর্যন্ত প্রায় ৬০০ ফুট গলিতে বসেন খুচরা বিক্রেতারা। পাইকারি বিক্রেতারা বসেন মহাসড়কের ওপর। সেখানে কলা, আলু, মুলাসহ নানা মৌসুমি ফলমূল ও শাকসবজি পাইকারি দরে বেচাকেনা চলে। কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি থেকে আসা পাইকারি বিক্রেতা মতিলাল তঞ্চঙ্গ্যা (৪০) জানান, বাজারের ভেতরে জায়গা হয় না। কয়েকজন সেখানে বসলেও বাকিরা বসেন সড়কের ওপর। ফলে ভেতরে যাঁরা বসেন, তাঁদের পণ্য বিক্রি হয় না। সে কারণে সবাই সড়কের ওপর বসতে চান।ঘাগড়া ইউনিয়নের বাদলছড়ি গ্রাম থেকে আসা কৃষ্ণ কুমার চাকমা (৪৫) বলেন, ‘বাইরে থেকে আসা ব্যবসায়ীরা সড়কের ওপর থেকে পণ্য কিনতে বেশি পছন্দ করেন। আর সড়কে বসলে পণ্য তাড়াতাড়ি বিক্রি করা যায়।’সড়কের ওপর পণ্য বিক্রি করার ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকির বিষয়ে ওয়াগ্গা এলাকার যুদ্ধ বিকাশ তঞ্চঙ্গ্যা, ঘাগড়ার চেলছড়া গ্রামের শান্তি বিকাশ চাকমাসহ অনেকে জানান, ভেতরে জায়গার অভাব, ক্রেতাদের আগ্রহ এবং তাড়াতাড়ি পণ্য বিক্রি করার মানসিকতার কারণে সবাই সড়কের ওপর বসতে চান। ব্যবসায়ী রফিকুল আলম, সদরুল উদ্দিনসহ একাধিক ব্যবসায়ী জানান, বাজারের মূল অংশে কোনো পণ্য কিনলে মহাসড়ক পর্যন্ত আনতে হয়। এতে পরিবহনে অতিরিক্ত অর্থ খরচ হয়। সড়কের ওপর থেকে কিনলে খরচ কিছু বাঁচানো যায়। পাশাপাশি সময়ও বাঁচে। পার্বত্য চট্টগ্রামের হাট-বাজারগুলোর ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও ক্রেতা-বিক্রেতাদের সুবিধা দেখার দায়িত্ব বাজার ফান্ড প্রশাসনের অধীন বাজারচৌধুরীর। ঘাগড়া বাজারের বাজারচৌধুরী অটুট দেওয়ান জানান, বাজারটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নানা সমস্যায় জর্জরিত। মূল বাজারে একটি বাজার শেড থাকলেও চারদিকে স্যাঁতসেঁতে কাদামাটি থাকায় সেখানে পণ্য বেচাকেনার পরিবেশ নেই। দু-তিন বছর ধরে বাজার ফান্ড প্রশাসনের কাছে ধরনা দিয়েও বাজার সংস্কার করা যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। তিনি নিয়মিত বাজার থেকে কর আদায় করে তা প্রশাসনকে জমা দেন। বাজারের ইজারাদার সুভাষ চাকমা মহাসড়কে পণ্য বেচাকেনার কারণে হাটের দিনে যানজট লাগা এবং দুর্ঘটনার ঝুঁকির কথা স্বীকার করেন। তিনি জানান, অনেক চেষ্টা করেও ক্রেতা-বিক্রেতাদের মহাসড়ক থেকে বাজারের মূল স্থানে সরিয়ে আনা যায়নি। সবাই বাজারের মূল অংশে বসতে চাইলেও স্থান সংকুলান হয় না। সংশ্লিষ্ট সবার দাবি, পাশের জায়গা অধিগ্রহণ করে বাজার এলাকা সম্প্রসারণ, সংস্কার এবং পণ্য পরিবহনের সুবিধার্থে বাজার পর্যন্ত যানবাহন চলাচলের ব্যবস্থা করা হোক—এতে সমস্যা অনেকটা লাঘব হবে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাজার ফান্ড প্রশাসক মারুফুর রশীদ খান জানান, বাজার সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ করতে হবে। কিন্তু এ ব্যাপারে বাজার ফান্ড প্রশাসনের এখতিয়ার নেই। জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণ করে জেলা পরিষদের কাছে হস্তান্তর করলে বাজার সম্প্রসারণ করা সম্ভব হবে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ‘ঘাগড়া বাজারের উন্নয়নে বাজার শেড সংস্কারসহ বেশ কিছু কাজ হয়েছে। আরও কোনো সমস্যা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বাজারচৌধুরী এবং বাজার কমিটির সদস্যরা কোনো দিন আমার কাছে এসে সমস্যার কথা বলেননি।’