ঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন/ তোমারে বানাব আধা...’
গানের সুরে মাথা তুলতেই হলো। কণ্ঠটা অপূর্ব সুরেলা! ফেরিঘাটে এসে বাস দাঁড়িয়েছে প্রায় ঘণ্টা খানেক হলো। কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল অনেকটা সময়। গাড়ির লাইন পড়ে গেছে তাই। বিভিন্ন ধরনের ফেরিওয়ালা আর ভিক্ষুক একের পর এক আসছে-যাচ্ছে। প্রত্যেকেরই বিপণন কৌশল ভিন্ন। মাফ চাইতে চাইতে ক্লান্ত হয়ে অ্যাটাক দেওয়ার পরিকল্পনায় ডুবে ছিলাম। কিন্তু এই লোকটা মাথা তুলতে বাধ্য করল। মনে মনে বললাম, এ এখানে কেন? একেই তো খুঁজছে বাংলাদেশ!
মধ্যবয়স্ক লোকটার মুখভর্তি দাড়ি-গোঁফ, চুল উষ্কখুষ্ক আর চোখ দুটি শান্ত, স্থির; হাতের কবজিতে পরানো সাদা ছড়িটিই এই স্থিরতার কারণ। দুই হাতে একটাও আঙুল নেই তার। সে গান গাইতে গাইতে বাসের পেছনে গেল আবার ফিরে এসে নেমেও গেল বাস থেকে। ভিক্ষা সে কারও কাছে চাইল না এবং পেলও না কিছু শুধু আমারটা ছাড়া। সুরে বন্দী হয়ে চলতে লাগলাম লোকটার পিছু পিছু—এ গাড়ি থেকে ও গাড়িতে।
গান গেয়ে লোকটার আয়-রোজগার কিছু হচ্ছে না দেখলাম। সে গাড়িতে ওঠে, গান শুনিয়ে আবার নেমে আসে। আমি চলি তার পেছন পেছন। লক্ষ করলাম, একটা মেয়েও এই লোকটাকে অনুসরণ করছে। মেয়েটাও ভিক্ষুক, তার পায়ে সমস্যা আছে। প্রথমে ভেবেছিলাম সে এই গায়ক লোকটার কিছু হয় বোধ হয়। ঘটনা জানার জন্য মেয়েটার সঙ্গে কথা বললাম। জানলাম গায়ক তার কিছু হয় না। সেও সুরে মজেছে। তাই নিজের কাজে ফাঁকি দিয়ে চলেছে তার পিছু পিছু। এ কারণে অবশ্য বাবার কাছে বকা কম শুনতে হয়নি আজ তাকে। গায়ক নাকি এই ঘাট এলাকায় নতুন। এখানকার হালচাল এখনো বুঝে উঠতে না পারায় থলি ঠনঠন। মেয়েটা আমার দেওয়া পাঁচ টাকার নোটটা নিতে নিতে বলল, হে একটা বেবইদ্যা।
বেবইদ্যা গায়ক ঘুরে ঘুরে গান গেয়ে চলল। আমরা চললাম তার পেছনে—হ্যামিলনের বাঁশিওয়ালা অবস্থা একদম। মেয়েটা আমাকে বলল, স্যার, মানুষটার মইদ্যে একটা মায়া আছে, না?
গায়কের কণ্ঠে আসলেই দরদ আছে। কিন্তু তার থেকেও বেশি দরদ মেয়েটার চোখে দেখতে পেলাম তার জন্য। ঘাটে ফেরি এসে লাগায় গাড়ি এগোতে শুরু করেছে। একটা ১০০ টাকার নোট মেয়েটার হাতে দিয়ে গায়ককে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়ির দিকে ছুটলাম। গাড়ির সিটে বসে জানালা দিয়ে দেখি, মেয়েটা টাকা নিজের ঝুলিতে ভরে উল্টো দিকে হাঁটছে। নিজের বোকামিতে ভীষণ রাগ হলো।

হঠাৎ দেখলাম, মেয়েটা ঘুরে গায়কের দিকে যাচ্ছে। সে একবার তাকাল আমার গাড়িটার দিকে। বুঝলাম, লোভের বিপরীতে থাকা মায়া মানুষটার দিকে টানতে শুরু করেছে তাকে।