ঘাট নেই, তার পরও টোল আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাটের কোনো অবকাঠামো নেই। পাড়ে নৌকা ভিড়িয়ে যাত্রী ওঠানো-নামানো করানো হয়। কিন্তু তার পরও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে টোল। কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ধারাখালের সেতুর পাশে ঘাট বসিয়ে স্থানীয় ভূমি কার্যালয় ‘খাস কালেকশনের’ নামে এ টোল আদায় করছে।স্থানীয় লোকজন জানান, ভারী বর্ষণের কারণে উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলি সড়কে ২৬ জুন থেকে যানবাহন চলাচল বন্ধ। ফলে স্থানীয় লোকজন বিকল্প নৌপথে যাতায়াত করছেন। নৌপথে প্রতিদিন প্রায় এক হাজার মানুষ যাতায়াত করেন। এ সুযোগে জুলাই মাসের শুরু থেকে ভূমি কার্যালয় লোক নিয়োগ করে যাত্রীদের পাশাপাশি বিভিন্ন মালামাল বাবদ টোল আদায় করছে। গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধারাখাল সেতুর পাশে নৌকা ভিড়ে পারে যাত্রী ওঠার সময় টোল আদায় করছেন আহমদ উল্লাহ নামের এক ব্যক্তি। তিনি যাত্রীদের কাছ থেকে জনপ্রতি তিন টাকা এবং বিভিন্ন মালামাল থেকে ৫০ থেকে ১০০ টাকা আদায় করছেন। আহমদ উল্লাহ জানান, তাঁকে সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন টোল আদায়ের জন্য নিয়োগ করেছেন। দিন শেষে তাঁর হাতেই বুঝিয়ে দেন টাকা।মাতারবাড়ি মগডেইল বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, সড়ক পথে গাড়ি চলাচল বন্ধ থাকায় নৌপথে মালামাল আনতে হচ্ছে। এতে ধারাখাল দিয়ে নৌকায় মালামাল ওঠানোর সময় ভূমি কার্যালয়ের নিয়োজিত লোকজনকে টাকা দিতে হচ্ছে। মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, কালারমারছড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কয়েকজন লোক নিয়োগ করে ধারাখালের সেতুর পাশে ঘাট বসিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে খাস কালেকশনের নামে টোল আদায় করছেন। অথচ সেখানে কোনো ঘাট নেই। এমনিতে পারাপারের ভোগান্তি, তার ওপর টোল দিতে হচ্ছে।জানতে চাইলে কালারমারছড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘ধারাখালের সেতুর পাশে প্রথম দিকে স্থানীয় কয়েকজন লোক মিলে যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টোল আদায় শুরু করেছিল। আমরা সেটা বন্ধ করে দিয়েছি। পরে স্থানীয় ভূমি কার্যালয় খাস কালেকশনের মাধ্যমে টোল আদায়ের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে টোল আদায় করা হচ্ছে।’ কোনো অবকাঠামো না থাকলেও কেন টোল আদায় করা হচ্ছে? এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ওই ঘাট বন্ধ করে দেওয়ার জন্য স্থানীয় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।