ঘাটে ঘাটে টাকা বিলি স্তরে স্তরে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মাদক ব্যবসায় তিন স্তরের পাহারার ব্যবস্থা রয়েছে। প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতায় মাদক ব্যবসায় বিনিয়োগ হচ্ছে। এরপর পাইকারি বাজারে বিক্রির সময় নিরাপত্তা দেয় পুলিশ। শেষে খুচরা পর্যায়ে সরবরাহের সময় পাহারার দায়িত্বে থাকেন ছিনতাইকারী দলের নেতারা। এসব পৃষ্ঠপোষকদের সাপ্তাহিক ভিত্তিতে মাসোহারা দিতে হয়। ঘাটে ঘাটে টাকা দিতে হয়। কদমতলীর শুভপুর বাসস্ট্যান্ডকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে এভাবে বছরের পর বছর নগরে চলছে ফেনসিডিলের বাণিজ্য। পুলিশের হাতে গ্রেপ্তার মাদক ব্যবসার অন্যতম প্রধান বিনিয়োগকারী মোহাম্মদ ইউসুফ (৩৫) এবং পাচারকাজের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নয়ন (২৮) এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। গত সোমবার রাতে নয়ন এবং তিন সপ্তাহ আগে ইউসুফ ধরা পড়েন। ইউসুফের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। নয়নের বাড়ি রংপুর। তবে তাঁর বাবা পটিয়ার কুসুমপুরে বিয়ে করে এখানেই থাকেন। ইউসুফ ও নয়ন নগরের কদমতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকলেও তাঁদের এই বাসার ঠিকানা কেউ জানতেন না। পুলিশ সূত্র জানায়, এই দুই পালের গোদা ধরা পড়ার পর মাদক ব্যবসার সঙ্গে জড়িত অনেকেই আত্মগোপনে চলে গেছেন। আবদুল কাদের ওরফে ডাইল কাদের নামে তাঁদের অপর ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তারের জন্য তাঁর বাসায় গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়েছে। কিন্তু নয়নকে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে কাদের ওই বাসা ছেড়ে দেন বলে পুলিশ জানতে পেরেছে।পুলিশের কাছে নয়ন বলেন, রাজনীতিকদের পাশাপাশি চট্টগ্রামের স্থানীয় তিনটি সংবাদপত্রের তিন সাংবাদিক এবং ঢাকা থেকে সদ্য প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্রের এক আলোকচিত্রীকেও নিয়মিত টাকা দিতে হয়। এর মধ্যে দুইজন সাংবাদিক ও আলোকচিত্রীকে নগদ টাকা এবং ফেনসিডিল দিতে হয়। অন্য সাংবাদিক নেন নগদ টাকা। নয়ন নিজেই সাংবাদিক ও রাজনীতিকদের টাকা সরবরাহ করেন।কারা পৃষ্ঠপোষক: গ্রেপ্তারের পর ডবলমুরিং থানায় বসে আলাপকালে নয়ন প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, পুলিশ এবং কিছু সাংবাদিক মাদক ব্যবসা চালিয়ে যেতে সহায়তা দিয়ে থাকেন। এ কাজে বিএনপির প্রয়াত এক নেতার প্রত্যক্ষ সহযোগিতা ছিল। এ জন্য ওই নেতাকে প্রতি সপ্তাহে মোটা অঙ্কের টাকা দিতে হতো। এর বাইরেও তাঁর এক ভাইকে ৫০০ টাকা দিতে হয়। আইস ফ্যাক্টরি রোডের বিএনপির নেতা মোশাররফকে দিতে হয় ৩০০ টাকা। কামাল গেটের আওয়ামী লীগের নেতা মুজিব পান এক হাজার টাকা। বিএনপির ওই সাবেক নেতার ব্যক্তিগত সহকারীকে দিনে এক হাজার টাকা দিতে হয়। নয়ন বলেন, কোনো ফেনসিডিল ব্যবসায়ী পুলিশের হাতে ধরা পড়লে শাহাজাহান গিয়ে তাঁকে ছাড়িয়ে আনেন।যেভাবে আসে: পুলিশের অনুসন্ধান ও নয়নের দেওয়া তথ্যমতে, চট্টগ্রামে ফেনসিডিলের প্রধান চালানটি আসে কুমিল্লার মতুরাপুর থেকে। ট্রেনের নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় বড় চালান আনা হয়। এ ছাড়া ফেনী থেকে কিছু মহিলা নিয়মিত ফেনসিডিল সরবরাহ করেন। তাঁরা বিশেষভাবে তৈরি ছাঁচে ফেনসিডিলের বোতল বেঁধে তা শরীরে স্থাপন করেন। এরপর যাত্রীবাহী গাড়িতে করে ভোরে চট্টগ্রাম এসে পৌঁছেন। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ইউসুফ হচ্ছেন কদমতলী এলাকায় ফেনসিডিল ব্যবসার প্রধান বিনিয়োগকারী। ফেনসিডিল বিতরণের দায়িত্বে আছেন ওয়াসিম, নয়ন, লোকমান ও শাহজাহান। তাঁদের নিরাপত্তা দেওয়ার কাজটি করেন মুনির ও ফারুক নামে দুই ছিনতাইকারী দলের নেতা। ইউসুফ ধরা পড়ার পর তাঁরা চট্টগ্রামের ভাড়া বাসা ছেড়ে দিয়েছেন। ফারুক কদমতলী এলাকায় বস ফারুক নামে পরিচিত বলে জানান তিনি। বিপণনে ৭০ কর্মী: গ্রেপ্তার দুইজনের দেওয়া তথ্যমতে, কমদতলীর পাইকারি বাজার থেকে অন্তত ৭০ জন কর্মী প্রতিদিন নগরের বিভিন্ন স্থানে ফেনসিডিল সরবরাহ করেন। এ দলে রয়েছে যুবক থেকে অল্পবয়সী শিশু-কিশোরও। নগরকে বিভিন্ন ভাগ করে তাদের ফেনসিডিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। কদমতলী থেকে বিভিন্ন স্থানে সরবরাহের দায়িত্ব পালন করেন ওয়াসিম ও ল্যাঙ্গা আবু। নয়নের তথ্যমতে, পাইকারি ও খুচরা বাজারে দামের যে ব্যবধান, তার একটি বড় অংশ এই দুজনের পকেটে যায়। ফলে গত এক বছরেই তাঁরা চট্টগ্রামে জমি কিনেছেন। ল্যাঙ্গা আবুর হালিশহরে দুইটি বাড়ি আছে বলে দাবি করেন গ্রেপ্তার হওয়া নয়ন। সেবনকারী যারা: পুলিশের দেওয়া তথ্যমতে, বিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে উঠতি যুবকদের একটি অংশ ফেনসিডিলের নিয়মিত গ্রাহক। এ ছাড়া অনেক বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এবং কিছু আবাসিক হোটেলের শীর্ষস্থানীয় ব্যক্তিদের জন্য নিয়মিত ফেনসিডিল সরবরাহ করতে হয়। সরবরাহকারীরা ওইসব হোটেলের প্রধান ফটকে গিয়ে অপেক্ষা করেন। আর কর্তাব্যক্তিরা এসে সেগুলো নিয়ে যান। ডবলমুরিং থানার ওসি বলেন, ‘এমন কিছু ব্যক্তির নাম তদন্তে উঠে এসেছে, যা বলা সম্ভব নয়। এতে তাঁদের সম্মানহানি হতে পারে।’