ঘাটে সিঁড়ি নেই, ভোগান্তি

চকরিয়ায় কন্যারকুম ঘাট প্রতি বাংলা সনে ইজারা দেয় উপজেলা প্রশাসন। এতেই কাজ শেষ উপজেলা প্রশাসনের। ঘাট উন্নয়নে কোনো ব্যবস্থা নেয়নি তারা। এভাবে চলছে ২০ থেকে ২৫ বছর। আর পারাপারে দুর্ভোগ পোহায় হাজারো মানুষ।
স্থানীয় লোকজনের সঙ্গে আলাপে জানা যায়, মাতমুহুরী নদীর কন্যারকুম ঘাটের এক পাড়ে কোনাখালী ইউনিয়নের কন্যারকুম ও অন্য পাড়ে বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর এলাকা। এসব এলাকার মানুষ যাতায়াতের ক্ষেত্রে কন্যারকুম ঘাটটি ব্যবহার করে। এ ছাড়া দুই পাড়েই সবজির চাষ হয়। এসব সবজি উপজেলা সদরের বিভিন্ন বাজারে নিতে হলে পারাপারে এই ঘাটই একমাত্র মাধ্যম। আবার বরইতলী ইউনিয়নের পশ্চিমপাড়ার ছেলেমেয়েদেরও বিদ্যালয়ে পাঠ নিতে নদী পার হয়ে কন্যারকুম এলাকায় আসতে হয়।
সরেজমিনে দেখা গেছে, ঘাটে ওঠার সিঁড়ির নেই। ঝুঁকি নিয়ে পাড়ে উঠছে লোকজন। এভাবে পাড়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ছে অনেকে। ছেলেমেয়ে নিয়ে একটি নৌকায় করে গোবিন্দপুর থেকে কন্যারকুম এসেছেন এক নারী। নৌকা থেকে নামতে গিয়েই তাঁর মেয়ে সাদিয়া জাহান (৯) পানিতে পড়ে যায়। কাপড়চোপড় ভিজে একাকার তার।
পশ্চিমপাড়ার বাসিন্দা পুরুইত্যাখালী শিখনকেন্দ্রের তৃতীয় শ্রেণির ছাত্র নাইম উদ্দিন বলে, ‘নৌকা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে অনেকবার বই-খাতা, কাপড়চোপড় ভিজে গেছে। এখন আমরা ব্যাগ না নিয়ে স্কুলে পলিথিনে করে বই নিয়ে যাই।’
পুরইত্যাখালীর বাসিন্দা সবজিচাষি মো. সেলিম উদ্দিন (৩২) বলেন, ‘গোবিন্দপুর এলাকায় আমাদের অনেক জমি রয়েছে। সেখানে সবজি চাষ করি। পরে বাজারে বিক্রি করতে যেতে হয় কন্যারকুম ঘাট পার হয়ে। ওঠানামার সিঁড়ি না থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।’
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০ থেকে ২৫ বছর ধরে কন্যারকুম ঘাটটি ইজারা দেওয়া হচ্ছে। গত বৈশাখ মাসেও কোনাখালী ইউনিয়নের পুরইত্যাখালী গ্রামের বাসিন্দা শওকত ওসমানকে আট হাজার টাকায় ঘাটটি ইজারা দেওয়া হয়। প্রতিজন পার হতে নেওয়া হয় পাঁচ টাকা করে।
ইজারাদার শওকত ওসমান বলেন, ‘ঘাট ইজারা নিই ঠিক, তবে এখানে ঘাটের কোনো চিহ্ন নেই। মানুষ নৌকা থেকে নামতে গিয়ে পানিতে পড়ে যায়। কূলে ওঠার সুব্যবস্থা নেই। দুই পাড়েই একই অবস্থা।’
কোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, কন্যারকুম ঘাট দিয়ে লোকজন ঝুঁকি নিয়ে নদী পার হয়। সেখানে একটি পাকা সিঁড়ি নির্মাণ করা জরুরি। তিনি বলেন, বরইতলী ইউপির চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলাপ করে দুই পাড়ে দুটি পাকা সিঁড়ির ব্যবস্থা করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারটি আমার জানা ছিল না। এখন খেঁাজ নিয়ে ঘাটের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।’