ঘাটের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরিতে ভ্রমণ আর ইলিশ খাওয়া হবে না, তা কি হয়! তিনতলার রেস্তোরাঁয় ঢুঁ মারতেই বেয়ারারা মন ভজানোর জন্য তৈরি। ‘স্যার, খাইয়া যান।’পদ্মার ইলিশ মানেই চর্বিদার সুস্বাদু মাছ। ঢাকায় মাছ কিনলেই ঠকতে হয়। পাওয়া যায় না আসল ইলিশের স্বাদ। এবার সত্যি সত্যি সুস্বাদু ইলিশ খাওয়া যাবে।কাঠের টেবিল-চেয়ারগুলো কিছুটা ময়লা। কাপড় দিয়ে মোছা হলেও ময়লা সরে না। তার পরও ইলিশের লোভ সামলানো যায় না। একটু পরেই মেলামাইনের প্লেটে এল গরম ভাত। তারপর আরেকটি মেলামাইনের ছোট্ট প্লেটে দুটুকরো ইলিশ মাছ! কিন্তু মাছের চেহারা দেখেই দমে গেল মন। কোথায় সুঘ্রাণ! বিস্বাদ ঝোল আর ততোধিক বিস্বাদ মাছ মুখে দিয়েই বোঝা গেল, ঠকানো হয়েছে আমাকে। জেরা করতেই বেরিয়ে এল সত্য ঘটনা। ‘স্যার, পদ্মার দুই টুকরা ইলিশ কি ষাইট টাকায় পাওন যায়?’ বহুদিন আগের ইলিশ ডিপ ফ্রিজে থাকতে থাকতে গন্ধহীন হয়ে গেছে। সেটাই খেতে হলো। অকারণে টাকা খরচের জন্য নিজের ওপর রাগ হলো খুব। তিনতলা থেকে চারতলায় উঠে উদাস হয়ে নদীর দিকে তাকিয়ে থাকি। এ সময় বসে থাকা একজন ঝালমুড়িওয়ালার দিকে চোখ যায়। তাঁর সঙ্গেই শুরু হয় কথা। ‘নাম কী?’‘হুকুম আলী।’‘দেশের বাড়ি কোথায়?’‘দেশের বাড়ি মানিকগঞ্জ।’‘মানিকগঞ্জ থেকে এদিকে আসলেন কবে?’‘আজকে আসছি। ঘাটে বাড়ি। আমার বাড়ি ঘাটে।’‘আপনার পেশা কী?’‘মুড়ি বিক্রি করি। প্রতিদিন আসি। বাড়ি ঘাটে তো।’‘কোন ঘাটে?’‘ওই ঘাটে। মানে পাটুরিয়া।’‘প্রতিদিন পাটুরিয়া থেকে আসেন আর যান? মুড়ি বিক্রি হয় কত টাকার?’‘ইয়ার কোনো নির্দিষ্ট ঠিক নাই।’‘তাও বলা যায় না?’‘ইয়ার বলা ঠিক নাই। তিনশো-চাইরশো-দুইশো-একশো।’‘কবে থেকে ব্যবসা করেন?’‘ম্যালা দিন আগে থিকা। পাটুরিয়া ঘাটের আগে থিকা। আরিচা ঘাটের থিকা।’‘প্রতিদিন কয়বার ফেরিতে যাওয়া-আসা করেন?’‘ইয়ার কোনো ঠিক নাই।’‘আন্দাজ?’‘আপ-ডাউন মনে করেন চাইর ট্রিপ, আট সিঙ্গেল হয়।’‘এই চারতলার উপরেই বিক্রি-বাট্টা?’‘না, নিচেও যাই।’‘বউ-বাচ্চা আছে না?’‘আছে।’‘কী করে? ’‘বাড়ি থাকে। কাজ করে।’‘পড়াশোনা করে না?’‘পড়াশোনা করে। বিয়া-শাদি দিছি।’‘বাচ্চারে বিয়া দিয়া দিসেন? আপনারে তো এত বয়সী মনে হয় না। আপনার বয়স কত?’‘আমার বয়স মনে করেন চল্লিশ।’‘এই বয়সে বাচ্চা বিয়া দিলেন ক্যামনে? তাইলে তো আমার মনে হয় আপনার বয়স পঞ্চাশ।’‘নাহ! আমার বয়স এখনো চল্লিশই হয়নি পুরা।’‘বাচ্চার বয়স কত, যারে বিয়া দিছেন?’‘তার বয়স, মনে করেন, বিশ বছর হইছে।’‘বাচ্চা কয়টা আপনার?’‘তিনডা।’‘সবাইরে বিয়া দিছেন?’‘না। দুইটা মেয়ে বিয়া দিছি, একটা ছেলে আছে। ’‘তাইলে তো আপনি সুখী মানুষ।’বেরিয়ে আসা দাঁতগুলো জানান দেয়, কথাটায় সত্যতা আছে।‘ছেলেকে লেখাপড়া করিয়েছেন?’‘ছেলেরে ল্যাহাপড়ি করাবার দিছিলাম, পড়ে না।’‘ছেলের নাম কী?’‘শিপন।’‘মেয়েদের?’‘একজনের নাম জোছনা, আর একজনের নাম সালমা।’‘এমনি ভালো আছেন? এই ব্যবসা করতে ভালো লাগে?’‘চলতেছি আর কি কোনো রকম।’‘আপনার কী করতে ইচ্ছা হয়?’‘কী আর করুম। গরিব মানুষ।’‘ক্ষেতি জমি নাই?’‘না, যেইটুকু ক্ষেতি জমি আছে, ওইয়াতে চলে না।’‘আরেকটু বেশি ক্ষেতি জমি হইলে গ্রামেই কাজ করতেন?’‘হ।’হুকুম আলীর সঙ্গে কথা বলার সময়ই পাটুরিয়া ঘাটের কাছে চলে আসে ফেরি। নিচে নেমে আসতেই দুই জোড়া ইলিশ হাতে ঘুরে বেড়ানো এক ছেলে পীড়াপীড়ি শুরু করে। ‘স্যার, নদীর টাটকা ইলিশ লইয়া যান।’তাকিয়ে দেখি, বরফে শক্ত হওয়া ইলিশের লাশ। একটু আগে নদীতে ধরা বাঁকানো ইলিশ নয়। বলি, ‘এই ইলিশ পদ্মার না। পদ্মার বইলা বিক্রি করতে লজ্জা করে না?’ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল লোকটা, ‘ধইর্যা ফেলাইলেন স্যার?’ও জানে না, কিছুক্ষণ আগে ফেরির রেস্তোরাঁয় আমার যে শিক্ষা হয়েছে, সেটাই কাজে লাগালাম মাত্র।