
গরমে ঘেমে যান অনেকেই। এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই ঘাম থেকে যদি গন্ধ ছড়ায় তাহলেই বিপত্তি। নিজে তো বটেই আশপাশের লোকজনও বিব্রত হয়। তবে একটু যত্ন নিলেই এই ঘামের গন্ধ এড়িয়ে চলা সম্ভব।
গরম এলেই কেন শরীর ঘামে, এ প্রসঙ্গে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের চর্মরোগ বিভাগের অধ্যাপক আফজালুল করিম বলেন, ‘এটা আমাদের আবহাওয়ার কারণে ঘটে। মরুর দেশগুলোতে গরম থাকলেও সেখানের মানুষ সাধারণত কম ঘামে। কারণ, সেখানে আর্দ্রতা কম। আমাদের আবহাওয়ায় গরম তো আছেই, সেই সঙ্গে আর্দ্রতা বেশি। ফলে এই সময়ে ঘরে-বাইরে যেখানেই থাকেন, অধিকাংশ লোকই ঘেমে যান। ঘাম কোনোভাবেই রোগ নয়, এটা শরীরের একটা সাধারণ প্রক্রিয়ামাত্র। তাই চাইলেই ঘাম কমিয়ে চলতে পারেন।’
গরমের দিনে শরীরে সব সময় পোশাক থাকা ভালো। এতে করে ঘামটা কাপড় শুষে নেয়। তাই বাসায় থাকলেও ঘরে পরার উপযোগী কোনো পোশাক গায়ে রাখতে পারেন। ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে কিছু পরামর্শ দিয়েছেন আফজালুল করিম।
ঘাম কমাতে
বাইরে বের হলে শার্ট, টি-শার্টের নিচে স্যান্ডো গেঞ্জি বা মেয়েরা কামিজের নিচে সেমিজ পরে নিতে পারেন। আর বেশি গরমে বাইরে না থেকে ঠান্ডা পরিবেশে থাকতে চেষ্টা করুন। শীতে আর্দ্রতা কম থাকে বলে মানুষ ঘামে কম। সরাসরি কোনো ধরনের ওষুধ খেয়ে ঘাম রোধ করতে যাওয়াটা হবে বোকামি। কারণ, এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বেশি। প্রতিদিন একই পোশাক না পরে নিয়মিত পোশাক বদলে নিতে চেষ্টা করুন।
মোটা ও উজ্জ্বল পোশাক পরলে ঘাম শুকানোর বদলে আরও গন্ধ ছড়াতে পারে। তাই তেমন পোশাক বেছে না নেওয়াই ভালো হবে। গরমে নিয়মিত গোসল করা দরকার। তবে গোসলের সময় বেশি সাবান ব্যবহার ঠিক নয়। সাবানে থাকে ক্ষার। এই ক্ষার ঘামে অস্বস্তি বাড়াবে।
যারা বেশি ঘামে, তাদের ঘাম থেকে একধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। শরীরের ভাঁজে ঘাম জমে থাকলে তখন সেখান থেকে গন্ধ ছড়ায়। তাই শার্টের নিচে যদি গেঞ্জি থাকে, তাহলে সে ঘামটা টেনে নিয়ে শরীর শুকনা রাখতে সাহায্য করবে। কিছু কিছু বডি স্প্রে ঘাম প্রতিরোধে সাহায্য করে। তাই ভালো মানের বডি স্প্রে শরীরে ব্যবহার করে পোশাক পরলে ঘামের গন্ধ প্রতিরোধ হবে। এ ছাড়া শরীরের যেসব স্থানে ভাঁজ পড়ে, সেখানে অল্প করে ট্যালকম পাউডার লাগিয়ে নিলে ঘাম কম হবে। বাইরে থেকে বাসায় ফিরে শরীর শুকিয়ে তারপর গোসল করুন। গোসলের পর কোনো অবস্থাতেই গা না মুছে পোশাক পরা ঠিক নয়। ভালো করে গা মুছে তারপর কাপড় পরা ভালো। ঘামে ভেজা কাপড় শুকিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে কাপড় থেকে দুর্গন্ধ বের হবে না।