ঘামাচি থেকে বাঁচতে
গ্রীষ্মকালে মাত্রাতিরিক্ত গরমে শিশুরা নাজেহাল হয় ঘামাচির যন্ত্রণায়। মা-বাবার একটু বেশি যত্নশীল হতে হয় এ সময়।শিশুর ঘামাচি রোধে করণীয় সম্পর্কে জানাচ্ছেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব মোতানাব্বি। তিনি জানান, সরাসরি রোদ সবার জন্যই ক্ষতিকর। আর রোদ ঘামাচির মূল কারণ।গরমে ঘামাচি থেকে বাঁচতে নিয়মিত শিশুর ঘাম মুছে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে সে না ঘামে। ঘাম ও ধুলাবালি থেকে ঘামাচির জন্ম হয়। শিশুর ত্বক খুব কোমল, আর ঘামাচি এই সুযোগে সহজে আক্রান্ত করতে পারে তাকে। সকাল-বিকেল দুবার গোসল করাতে হবে। খেয়াল রাখতে হবে স্কুল বা বাইরে থেকে ফিরেই গোসল যেন না করে। ঘাম শরীরে সঙ্গে সঙ্গে পানি দিলে ঠান্ডা লেগে যেতে পারে। ঘাম মুছে একটু জিরিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করাতে হবে। যতটা সম্ভব রোদে খেলাধুলা থেকে বিরত রাখতে হবে। শিশুর ত্বক কোমল তাই সহজে সানবার্ন হতে পারে। সে ক্ষেত্রে শিশুদের উপযোগি সানস্ক্রিন লাগাতে পারেন। ঘামাচির জন্য ঘামচিরোধক পাউডার বা ট্যালকম পাউডার ব্যবহার করতে পারে। এ সময় এক মাস থেকে ছয় মাসের শিশুদের ডায়াপার না পরানোই ভালো। গরমে শিশুর বিরক্তি ও অস্বস্তির কারণ হতে পারে ভেজা ডায়াপার। ত্বকে র্যাশ ও হতে পারে এ থেকে। ডায়াপার পরালে খেয়াল করে বার বার বদলে দিতে হবে।গরমে শিশুকে এমন খাবার দিতে হবে যাতে শরীর ঠান্ডা থাকে। বাইরে গেলে বা স্কুলপড়ুয়া বাচ্চাদের সঙ্গে সব সময় অতিরিক্ত পানি দিতে হবে। শীতের দিন যে পরিমাণ পানি দেন তার দ্বিগুণ পানি দিতে হবে। গ্রীষ্মের ফলের প্রতি বাচ্চাকে আগ্রহী করে তুলতে হবে। বিশেষ করে টক ও রঙিন ফল খাওয়াতে হবে। এই দুই ধরনের ফলে ভিটামিন সি, এ এবং ই আছে। যা শিশুকে সুস্থ রাখতে সহায়তা করে। অনেক শিশু তরমুজের কালো বিচি দেখে অরুচি প্রকাশ করে। সে ক্ষেত্রে বিচি সরিয়ে দিয়ে ব্লেন্ডারে একটু চিনি ও বিট লবণ দিয়ে সরবত করে দিতে হবে। এ সময় প্রচুর পরিমাণে তরলজাতীয় খাবার দেওয়া উচিত। লেবুর শরবত, ইসপগুল, সামান্য চিনি দিয়ে শরবত করে দিলে শিশু তা পছন্দ করেই খাবে।