ঘাস কাটি
তিনি সবজি বিক্রি করে সংসার চালান। একসময় সংসারে অভাব লেগেই থাকত। তাঁর স্ত্রী গার্মেন্টসে কাজ করতেন, এখন করেন না। কারণ, ছেলে বলেছে, মা এখন আমি টিউশনি করছি, তোমার গার্মেন্টসে কাজ করার দরকার নেই। বাবা-ছেলে সংসার চালান।
বাবা সবজি বিক্রি করে ছেলেকে ভর্তি করিয়েছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এই ছেলে মেধার কারণে ভার্সিটির অনেক শিক্ষকের প্রিয়পাত্র। আমাদের গাজীপুরের একটি বন্ধুসভার সক্রিয় কর্মী।
কথায় কথায় আমি একদিন জিজ্ঞেস করলাম, ‘তোমার বাবা কী করেন?’
কোনো সংকোচ না করেই উত্তর দিল, ‘সবজিবিক্রেতা।’
আমিই সময় নিয়ে অন্য প্রশ্নে যাই, ‘মা?’
ঝটপট উত্তর, ‘পোশাককর্মী।’
আমাদের এই বন্ধুটির সঙ্গে পরিচয়ের অনেক দিন পর এ তথ্য জানি আমি।
বাবা দিবস নিয়ে কথা হচ্ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, ‘তোমার বাবা কী করেন?’
‘বাবা কৃষক।’
মনে মনে ভাবি, আমি দেখি কিছুই জানি না। ফরিদপুরের এই বন্ধুর বাবা কৃষিকাজ করে ছেলেকে পাঠিয়েছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে।
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ঢাকা মহানগরের এক বন্ধুকে বলি, ‘তুমি যে মাঝে মাঝেই বাড়িতে যাও, বাড়িতে গিয়ে কী করো?’
‘ঘাস কাটি।’
উত্তর শুনে মেজাজ খারাপ হয়ে যায়।
‘ঠাট্টা করছ কেন?’
বন্ধু বলে, ‘ঠাট্টা করব কেন। সত্যি ঘাস কাটি। আমাদের গরু আছে। বাবা কৃষক। ভোরবেলা ঘুম থেকে উঠেই গরুর জন্য ঘাস কাটতে যাই। বাড়িতে এসে নাশতা খাই।’ অবাক হই। কত কিছু অজানা আমার। আরও অবাক হই, কত অকপটে স্বীকার করে এরা। কত স্মার্ট হয়েছে আমাদের ছেলেমেয়েরা। কত ভালোবাসা-শ্রদ্ধা তাদের বাবার প্রতি। আজ বাবা দিবসে সেই বাবাদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা।