আগের মতো বেশি বেশি চিঠি এখন বিলি করতে হয় না। তাই ডাকপিয়নদের ব্যস্ততা নেই বললেই চলে। তাই তাঁদের নতুন কাজে লাগানোর পরিকল্পনা করছে ফিনল্যান্ডের ডাক বিভাগ। সরকারের আয় বাড়াতে ডাকপিয়নেরা এখন বাড়ি বাড়ি গিয়ে উঠানের ঘাস পরিষ্কার করবেন।
ফিনল্যান্ডের ডাক বিভাগ গত বৃহস্পতিবার জানায়, চলতি গ্রীষ্মেই দেশজুড়ে পিয়নদের মাধ্যমে নতুন সেবা কার্যক্রম চালু করা হবে। সপ্তাহে এক ঘণ্টা ঘাস কাটার বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে মাসে ১৩০ মার্কিন ডলার করে নেবে ডাক বিভাগ। এভাবেই পিয়ন থেকে মালির ভূমিকায় অবতীর্ণ হবেন ফিনল্যান্ডের ডাক বিভাগের কর্মীরা।
ডিজিটাল এই যুগে কাগুজে চিঠির প্রচলন কমে যাওয়ায় ফিনল্যান্ডের ডাক বিভাগ নিজেদের আয়ের সংস্থানের জন্য আরও কিছু নতুন সেবা চালু করতে যাচ্ছে। উঠানের ঘাস সাফ করার পাশাপাশি বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার চিন্তাভাবনাও করছে তারা।
স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশটিতে গ্রীষ্মকাল খুব ছোট। তাই ঘাস কাটার কাজটি আগামী মাসে চালু হয়ে আগস্টেই শেষ হবে। আর এই কার্যক্রমের মধ্য দিয়েই বাড়ি বাড়ি জিনিসপত্র ও অন্যান্য সেবা পৌঁছানোর প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে ডাক বিভাগ। মাত্র এক মাস আগে প্রতিষ্ঠানটি প্রায় ৭০০ কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছিল। সেখানে এখন মোট ২২ হাজার কর্মী রয়েছে।
ফিনল্যান্ডের অধিকাংশ এলাকাই জনবিরল। দেশটিতে ডাক বিভাগের মাধ্যমে গত বছর চিঠি এবং অন্যান্য জিনিস পাঠানোর সংখ্যা ৮ শতাংশ কমে যায়। এতে রাজস্ব আয় আগের বছরের তুলনায় অন্তত ১১ শতাংশ কমেছে।