ঘুঘুতে ভরে গেছে বুয়েট
ইট, কাঠ, পাথরের এই নগরে পাখির খুব একটা দেখা পাওয়া যায় না। তবে এর ব্যতিক্রম ঘটনা দেখা যাচ্ছে দেশের অন্যতম বিদ্যাপীঠ বুয়েটে। সেখানে কিছুদিন যাবৎ প্রচুর ঘুঘু চরে বেড়াতে দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল-দুপুর-সন্ধ্যায় ঘুঘুর ডাকে বুয়েটের ক্যাম্পাস মুখরিত হয়ে থাকছে। এমন উন্মুক্ত প্ল্যাটফর্ম পেয়ে ঘুঘুরা এতই ডাকাডাকি করছে যে ওই এলাকার আশপাশে টিকে থাকা দায় হয়ে পড়েছে। পাখিবিশারদেরা বলেন, ‘ঘুঘু মূলত নিরিবিলি পরিবেশ পছন্দ করে। বুয়েটে এমন নিরিবিলি পরিবেশ পেয়ে ঘুঘুরা পরিবার-পরিজন নিয়ে বসবাস শুরু করেছে। এতে তাদের দোষ দেওয়া যায় না। আমরাই তাদের সে সুযোগ করে দিয়েছি।’নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঘুঘু সমিতির সভাপতি (বুয়েট শাখা) বলেন, ‘দীর্ঘদিনের ইচ্ছা ছিল, সর্বোচ্চ এই বিদ্যাপীঠে আমরা একদিন ভয়হীনভাবে চরে বেড়াব। আমাদের স্বপ্ন পূরণ করার জন্য সরকার, ভিসি, প্রো-ভিসি, শিক্ষকসহ সবাইকে আমাদের কৃতজ্ঞতা।’আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী, এমন প্রশ্নের জবাবে সভাপতি বলেন, ‘সারা বছরের জন্য বুয়েটকে আমরা ঘুঘুদের অভয়াশ্রম বানাতে চাই। এর জন্য আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করছি। তারপর একে একে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠেও আমরা চরে বেড়াতে চাই। আমাদের জন্য দোয়া করবেন।