কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষের যাতায়াতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে চলেছে। এলাকাবাসীর দাবি অনুযায়ী, ওয়াগ্গাছড়ার ওপর নির্মিত হচ্ছে আট ফুট প্রস্থ ও প্রায় ১০০ ফুট দীর্ঘ পায়ে চলার সেতু। এতে আনন্দিত এলাকার সর্বস্তরের মানুষ। এলাকার লোকজনের আকাঙ্ক্ষিত সেতুটির নির্মাণকাজ গত ২৬ মে উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটি আগামী ছয় মাসের মধ্যে চালু করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করছেন। ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার জানান, ‘ছড়ার ওপর সেতু না থাকায় সাধারণ লোকজন ছাড়াও স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। অনেক শিক্ষার্থী বর্ষার সময় স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দেয়। সেতুটির নির্মাণকাজ শুরু হওয়ায় অচিরেই এলাকাবাসী দুর্ভোগ থেকে রক্ষা পাবে। এ জন্য আমরা খুশি।’দোলইন্যাপাড়ার কারবারি মংসুুই প্রু মারমা জানান, দোলইন্যাপাড়া, নুনছড়ি, মইন, ছোট মইন, পাগলিপাড়াসহ আশপাশের গ্রামে যাতায়াতে বড় বাধা ওয়াগ্গাছড়া। পাহাড়ি এই ছড়ায় সারা বছর হাঁটুপানি থাকায় জুতা-প্যান্ট পরে যাতায়াত করা সম্ভব হয় না। আর বর্ষার সময় ছড়ায় থাকে বুকসমান পানি আর প্রবল স্রোত। এই অবস্থায় বছরের পর বছর ওই সব এলাকার কয়েক হাজার মানুষকে সীমাহীন কষ্টে যাতায়াত করতে হতো। তিনি আশা করেন, সেই কষ্টের দিন শিগগিরই শেষ হবে। কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী বলেন, ‘দোলাইন্যাপাড়ায় ওয়াগ্গাছড়ার ওপর পায়ে হেঁটে চলাচলের জন্য একটি সেতু নির্মাণ করার জন্য আমরা পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছিলাম। অবস্থা যাচাই করে উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি সেতু নির্মাণ করার সিদ্ধান্ত হয়।’ সেতুটি জনগণের দুর্ভোগ কমানোর পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারজাত করার ক্ষেত্রে কাজে আসবে বলে তিনি মন্তব্য করেন।